‘আমায় ফাঁসিয়েছে মুসাফির…’, দাবি আসানসোলে এনকাউন্টারে জখম প্রতাপের
উল্লেখ্য, সাইবার প্রতারণায় যুক্ত থাকার অভিযোগে প্রতাপকে ধরতে বুধবার ইসমাইলে তাঁর বাড়িতে গিয়েছিল পুলিশ। সঙ্গে ছিলেন কয়েক জন সিভিক ভলান্টিয়ার। প্রতাপ বাড়ির পিছনের দরজা দিয়ে বেরিয়ে ছুট লাগান। তাঁকে ধাওয়া করেন এক সিভিক ভলান্টিয়ার। পুলিশের দাবি, পিছন ফিরে ওই সিভিক ভলান্টিয়ারকে লক্ষ্য করে গুলি চালিয়ে প্রতাপ পালান। সেই গুলি অবশ্য কারও গায়ে লাগেনি। শুক্রবার সন্ধ্যায় প্রতাপের স্ত্রী সাংবাদিকদের বলেন, ‘কাল (বৃহস্পতিবার) ও আমাকে ফোনে বলেছিল, আজ আদালতে আত্মসমর্পণ করবে। সে কথা জানাতে পুলিশের সঙ্গেও যোগাযোগ করেছিল। এনকাউন্টার করে সরকারের কাছে ভালো সাজতে চেয়েছে পুলিশ।’ হাসপাতালে পৌঁছে হঠাৎই চিৎকার করে প্রতাপ বলেন, ‘আমায় ফাঁসিয়েছে মুসাফির। আমাকে সুপারি দিয়েছিল লোককে মারতে।’ কাকে মারতে এই সুপারি, তা পরিষ্কার হয়নি। কে এই মুসাফির, খোঁজ করছে পুলিশ।