ডিলিমিটেশন বিলে সমর্থন মিলতেই বড় বার্তা মোদীর!

নয়াদিল্লি: সংসদ এবং রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ কার্যকর করার পথে থাকা সমস্ত প্রতিবন্ধকতা দূর করার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সমাজমাধ্যম এক্স-এ (X) এক বার্তায় প্রধানমন্ত্রী জানান, দেশের নারীশক্তির রাজনৈতিক ক্ষমতায়নের পথে বিরোধীরা কোনোভাবেই বাধা হয়ে দাঁড়াতে পারবে না এবং এই সংরক্ষণ বাস্তবায়ন এখন কেবল সময়ের অপেক্ষা। আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলা সংসদের বিশেষ অধিবেশনে কেন্দ্রের সংশোধিত ডিলিমিটেশন এবং মহিলা সংরক্ষণ বিল পেশ হওয়ার ঠিক আগেই প্রধানমন্ত্রীর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী?
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ করেন, আইনসভায় মহিলাদের প্রতিনিধিত্বের লড়াই কয়েক দশক ধরে চলছে এবং বহু মহিলা ব্যক্তিগত সাক্ষাৎ ও চিঠির মাধ্যমে তাঁর কাছে এই বিষয়টি তুলে ধরেছেন। দেশের মহিলাদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী লেখেন, ‘‘যাঁরা মহিলা সংরক্ষণের বিরোধিতা করছেন, তাঁরা সংসদ ও বিধানসভায় দেশের নারীশক্তির অংশগ্রহণ বৃদ্ধি কখনোই আটকাতে পারবেন না। এটি কেবল সময়ের অপেক্ষা।’’ সরকারের সংকল্প যে অত্যন্ত দৃঢ় এবং দেশের মহিলাদের পূর্ণ সমর্থন যে সরকারের সঙ্গে রয়েছে, সে কথাও স্পষ্ট করেছেন তিনি।
নতুন প্যাকেজে কী কী প্রস্তাব রেখেছে কেন্দ্র?
শুক্রবারই কেন্দ্রীয় মন্ত্রিসভায় লোকসভা ও বিধানসভায় ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ চালুর লক্ষ্যে একগুচ্ছ নতুন আইনি প্রস্তাব অনুমোদিত হয়েছে, যার মধ্যে রয়েছে ‘সংবিধান (১৩২তম সংশোধনী) বিল, ২০২৬’ এবং ‘ডিলিমিটেশন (দ্বিতীয়) বিল, ২০২৬’।
উল্লেখ্য, ২০২৩ সালের সংবিধান (১০৬তম সংশোধনী) আইন অনুযায়ী মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের কথা বলা হলেও, তা জনগণনা ও পরবর্তী আসন পুনর্বিন্যাসের শর্তের সঙ্গে যুক্ত ছিল। এবারের সংশোধিত প্রস্তাবে জনগণনার অপেক্ষা না করেই আসন বৃদ্ধির মাধ্যমে সংরক্ষণ চালুর রূপরেখা তৈরি করা হয়েছে৷ লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলির আসন সংখ্যা ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। লোকসভার সর্বোচ্চ আসন-সীমা বাড়িয়ে ৮৫০ করার কথা বলা হয়েছে, যার মধ্যে ৮১৫টি আসন রাজ্যগুলির জন্য এবং ৩৫টি কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য বরাদ্দ থাকবে। পাশাপাশি রাজ্য বিধানসভাগুলির সর্বোচ্চ আসন-সীমাও বাড়িয়ে ৬৫০ করার প্রস্তাব রয়েছে।
দক্ষিণ ভারতের রাজ্যগুলির উদ্বেগ কাটাতে ২০৫১ সাল পর্যন্ত রাজ্যভিত্তিক লোকসভা আসনের বর্তমান আনুপাতিক হার অপরিবর্তিত রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।
এপ্রিলের ব্যর্থতা ও আসন্ন বিশেষ অধিবেশনের সমীকরণ
গত এপ্রিল মাসে লোকসভায় এই সংক্রান্ত একটি সংবিধান সংশোধনী বিল পেশ করা হলেও তা পাস করাতে পারেনি সরকার। সে সময় বিলটির পক্ষে ২৯৮টি এবং বিপক্ষে ২৩০টি ভোট পড়েছিল, যা প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার চেয়ে কম ছিল। বিরোধী দলগুলির মূল আপত্তি ছিল মহিলা সংরক্ষণকে ডিলিমিটেশনের সঙ্গে জুড়ে দেওয়া এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল রাজ্যগুলির আসন কমে যাওয়ার আশঙ্কা নিয়ে।
এবার সেই সমস্ত আপত্তি নিরসনের দাবি করে আগামী ৩০ নভেম্বর থেকে বসতে চলা সংসদের বিশেষ অধিবেশনে সংশোধিত বিলগুলি পেশ করতে চলেছে কেন্দ্র। চার দিনের এই বিশেষ পর্বে লোকসভার পাশাপাশি আগামী ২ ডিসেম্বর রাজ্যসভার অধিবেশনও বসবে।
ডিলিমিটেশন বিল নিয়ে ইউ-টার্ন স্ট্যালিনের! কেন্দ্রের সংশোধিত প্রস্তাবে সমর্থন DMK-র
খ্রিস্টান মিশনারিদের প্রবেশ নিষেধ! আদিবাসী অধ্যুষিত গ্রামে লাগল নো এন্ট্রি বোর্ড