কলকাতায় ১৪ হাজার কোটির রিং রোড! যানজট কমাতে মেগা পরিকল্পনা

কলকাতা: পশ্চিমবঙ্গের সড়ক ও যোগাযোগ ব্যবস্থার খোলনলচে (Ring Road)বদলে দিতে প্রায় ১ লক্ষ কোটি টাকার এক মেগা পরিকাঠামো প্রকল্পের ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি জানিয়েছেন, আগামী পাঁচ বছরের মধ্যে বাংলার জাতীয় সড়কগুলোকে আমেরিকার সড়ক ব্যবস্থার সমতুল্য করে তোলা হবে এবং এই উন্নয়নে অর্থের কোনো অভাব হতে দেবে না মোদী সরকার।
দীর্ঘদিনের প্রতীক্ষা ও পরিকাঠামোগত জট কাটিয়ে বাংলার যোগাযোগ ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা হতে চলেছে। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে এক সরকারি অনুষ্ঠান থেকে রাজ্যের সড়ক উন্নয়নের এই বিশাল নীলনকশা তুলে ধরেন নিতিন গড়করি। মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
কেন্দ্রীয় মন্ত্রী স্পষ্ট জানান, বাংলার শিল্প, বাণিজ্য ও পর্যটনকে চাঙ্গা করতে হলে সবার আগে বিশ্বমানের সড়ক যোগাযোগ গড়ে তোলা জরুরি, আর সেই লক্ষ্যেই কেন্দ্র রাজ্যে সাতটি নতুন গ্রিনফিল্ড করিডোর তৈরি করতে চলেছে। এই মেগা পরিকল্পনার অন্যতম প্রধান আকর্ষণ হলো কলকাতাকে যানজটমুক্ত করতে ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে ২৫০ কিলোমিটার দীর্ঘ একটি বিশাল রিং রোড তৈরি।
আরও দেখুনঃ ব্রহ্মসে সজ্জিত যুদ্ধজাহাজ ‘বিন্ধ্যগিরি’ নৌবাহিনীকে হস্তান্তর! কলকাতার GRSE-র বড় সাফল্য
এই রিং রোডটি শহরের চারপাশ দিয়ে হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাকে যুক্ত করবে, যার ফলে ভিনরাজ্য থেকে আসা ভারী পণ্যবাহী যানবাহনগুলোকে আর কলকাতার মূল রাস্তায় ঢুকতে হবে না। এর পাশাপাশি, ডানকুনি থেকে কোলাঘাট পর্যন্ত ৫৮ কিলোমিটার দীর্ঘ একটি আট লেনের আধুনিক মহাসড়ক তৈরির কথা ঘোষণা করা হয়েছে, যার জন্য বরাদ্দ করা হয়েছে ২০ হাজার কোটি টাকা। ভিনরাজ্য এবং উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগের সময় কমিয়ে আনতেও নেওয়া হয়েছে যুগান্তকারী পদক্ষেপ।
গড়করি জানান, নতুন এক্সপ্রেসওয়ে ও করিডোরগুলো তৈরি হয়ে গেলে কলকাতা থেকে বারাণসী পৌঁছাতে সময় লাগবে মাত্র ৫ ঘণ্টা। (Ring Road)একইভাবে, উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়ি থেকে অসমের গুয়াহাটি যাওয়ার সময় কমে দাঁড়াবে মাত্র ৪ ঘণ্টায়। পর্যটকদের জন্য সবচেয়ে বড় সুখবর হল, শিলিগুড়ি থেকে শৈলশহর দার্জিলিং যাওয়ার রাস্তা এমনভাবে উন্নত করা হচ্ছে যাতে মাত্র ১ ঘণ্টার মধ্যেই পাহাড়ে পৌঁছে যাওয়া সম্ভব হয়।
এছাড়াও বারাসত থেকে পেট্রাপোল সীমান্ত পর্যন্ত ৭৫ কিলোমিটার সড়ক উন্নয়নে ৮ হাজার কোটি টাকা এবং রাজ্যের বিভিন্ন শহরের ভেতর দিয়ে যাওয়া জাতীয় সড়কগুলোকে কংক্রিট ও আধুনিক করতে আরও ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কেন্দ্রের এই ঐতিহাসিক উদ্যোগকে স্বাগত জানান।
তিনি বলেন, ডাবল ইঞ্জিন সরকারের সমন্বয়ের ফলেই বাংলায় এত বড় মাপের উন্নয়নমূলক কাজ সম্ভব হচ্ছে। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, এই প্রকল্পগুলো রূপায়ণের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণ, পরিবেশগত ছাড়পত্র এবং অন্যান্য প্রশাসনিক সহযোগিতা রাজ্য সরকারের তরফে যুদ্ধকালীন তৎপরতায় সম্পন্ন করা হবে।