KKR : কেকেআরে ‘ক্যাপ্টেন কুল’, দায়িত্ব বাড়ল রিঙ্কুর! - 24 Ghanta Bangla News
Home

KKR : কেকেআরে ‘ক্যাপ্টেন কুল’, দায়িত্ব বাড়ল রিঙ্কুর!

Spread the love

KKR : কেকেআরে ‘ক্যাপ্টেন কুল’, দায়িত্ব বাড়ল রিঙ্কুর!

কলকাতা: অবশেষে ঢাকে কাঠি পড়ে গেল আইপিএলের। নতুন জার্সি উন্মোচন অনুষ্ঠান KKR Unplugged 3.0- এ দল নিয়ে ভবিষ্যৎ বার্তা দিয়ে রাখল কেকেআর। গতবারের মতোই এবার নাইটদের অধিনায়ক অজিঙ্ক রাহানে। সহ-অধিনায়ক রিঙ্কু সিং। আশা করা যায়, হয়ত অদূর ভবিষ্যতে নাইট অধিনায়ক তিনিই থাকবেন। গতকাল অনুষ্ঠানে রিঙ্কুকে নয়া দায়িত্ব দিলেন কেকেআর সিইও বেঙ্কি মাইসোর। এরপরই জল্পনা, আগামীর নেতা রিঙ্কুই কিনা।

কেন রিঙ্কু সহ-অধিনায়ক? এই নিয়ে ব্যাখ্যা দিলেন নাইট কোচ অভিষেক নায়ার। তাঁর কথায়,”কেকেআরে কোচ হয়ে আসার পর আমার প্রথম স্মৃতি ওর সঙ্গেই। শুধু ক্রিকেটার হিসেবে নয়, নেতা হিসেবেও উন্নতি ঘটিয়েছে রিঙ্কু। গত কয়েক বছরে দলকে দুর্দান্ত কিছু পারফরম্যান্স উপহার দিয়েছে ও। ও অতুলনীয়।”এমনিতে কোনওদিন ক্যাপ্টেন্সি করেননি তিনি। এই বার তাঁকে এত বড় দায়িত্বের কারণ কী ? নায়ারের কথায়,”আমরা চেয়েছিলাম, শুধু ব্যাটারের পাশাপাশি ওকে একটু বাড়তি দায়িত্ব দিতে। ওকে ভাইস ক্যাপ্টেন করার এটাই সঠিক সময়। এখন শুধু চালিয়ে খেললেই হবে না, দায়িত্ব নিতে হবে। সদ্য বিশ্বকাপ জিতেছে ও। আশা করি, রিঙ্কু এই দায়িত্ব পেয়ে ক্যাপ্টেন রাহানেকে সাহায্য করবে।” ৫ ছক্কার নায়কের মুখে তখন লাজুক হাসি।

ক্যাপ্টেন রাহানেকে নিয়ে আশাবাদী সহকারী কোচ শেন ওয়াটসন। তিনি রাহানেকে দিলেন ‘ক্যাপ্টেন কুল’ তকমা। বললেন,”আমাদের দলের ক্যাপ্টেন হল ক্যাপ্টেন কুল। অজিঙ্ক রাহানে। ওকে দেখে অবাক হতে হয়। ও খুবই শান্ত, সংযত।” কিন্তু নতুন সহ-অধিনায়ক রিঙ্কু, তিনি নতুন দায়িত্ব পালন করতে বেশ উদগ্রীব। তাঁর কথায়,”একসময় দেশের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। তারপর বিশ্বকাপ পেলাম। এবার অন্য দায়িত্ব। কেকেআরের ভাইস ক্যাপ্টেন। সম্পূর্ণ মনোযোগ দিয়ে সেই দায়িত্ব পালনের চেষ্টা করব। সমর্থকদের কাছে একটাই আবদার, যেভাবে আমাদের ভাল সময়ে সমর্থন করেন, ঠিক সেভাবেই খারাপ সময়েও দলের পাশে থাকুন।”

গতকাল পাঁচতারা হোটেলের লবিতে হয়ে যাওয়া অনুষ্ঠান রিঙ্কুময়। হল মজা, আড্ডা, নাচগান, খাওয়া-দাওয়া। গান গেয়ে মঞ্চ মাতালেন শেন ওয়াটসন। এসবের মধ্যেও যেন বিষাদের সুর নাইট শিবিরে। দলের তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল এবার পাওয়ার কোচ। তাঁকে মঞ্চে ডেকেই তাঁর ১২ নম্বর জার্সি অবসরে পাঠাল কেকেআর। তবে একদা বেঞ্চ গরম করা থেকে দলের সহ-অধিনায়ক, রিঙ্কুর দায়িত্ব যে এতটা বাড়বে, সেটা কী রিঙ্কু নিজেও ভেবেছিলেন? স্বপ্ন যে এভাবেই সত্যি হয়!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *