Sandpapergate Scandal: পুদিনার ট্যাবলেট দিয়ে বল বিকৃতির দাবি, কেপটাউন কান্ডে এবার জালে লায়ন? | Nathan Lyon Ball Tampering Allegation, Did Lyon Allegedly Proposed Mint Tablets To Change Ball Against Pakistan
নাথান লায়নImage Credit: PTI
সিডনি: ২০১৮ সালের কেপটাউন টেস্টের সেই কুখ্যাত স্যান্ডপেপার কাণ্ডের ক্ষত এখনও পুরোপুরি শুকোয়নি। তার মধ্যেই অস্ট্রেলিয়ার ক্রিকেটকে ঘিরে নতুন বিস্ফোরক তথ্য সামনে এল। এবার বল বিকৃতির অভিযোগের কেন্দ্রে উঠে এলেন অস্ট্রেলিয়ার তারকা স্পিনার নাথান লায়ন।
অভিযোগ, দক্ষিণ আফ্রিকায় স্যান্ডপেপার কেলেঙ্কারির মাত্র ৬ মাসের মধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে ইউএই-র মাঠে টেস্ট সিরিজ চলাকালীন বলের অবস্থা পরিবর্তনের প্রস্তাব দিয়েছিলেন লায়ন। বল চকচকে করার জন্য মাঠে পুদিনার ট্যাবলেট বা মিন্ট ট্যাবলেট নিয়ে আসার কথা নাকি তিনিই বলেছিলেন। যদিও এই অভিযোগ এখনও প্রমাণ হয়নি। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদন অনুযায়ী, নিউজ কর্পের একটি রিপোর্টে এই দাবি করা হয়েছে। সেন ক্রিকেট-এর তথ্য অনুযায়ী, ২০১৮ সালের অক্টোবর মাসে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে এক অজি ক্রিকেটার বলের অবস্থা পরিবর্তনের জন্য নাকি মিন্টস ট্যাবলেট চেয়েছিলেন। প্রাক্তন অজি ক্রিকেটার উসমান খোয়াজাও একটি পডকাস্ট চ্যানেলে এসে এই উল্লেখ করেছিলেন, যদিও তিনি কোনও নাম বলেননি তবু অনেকেই আন্দাজ করেছিলেন, সেই ক্রিকেটারটি লায়ন।
তবে তৎকালীন অজি অধিনায়ক টিম পেইন ও কোচ জাস্টিন ল্যাঙ্গার এই প্রস্তাবে আপত্তি জানান বলে রিপোর্টে দাবি করা হয়েছে। এমনকি অস্ট্রেলিয়ার ওপেনার ট্র্যাভিস হেডও এই প্রস্তাবের বিরোধিতা করেন। উল্লেখ্য, সেই পাকিস্তান সফরেই টেস্টে অভিষেক হয়েছিল হেড, লাবুশেন ও ফিঞ্চের। যদিও সেই ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছিল ক্রিকেট বিশ্বে। টেলিভিশন ক্যামেরায় ব্যানক্রফটকে স্যান্ডপেপার ব্যবহার করে বলের অবস্থা পরিবর্তনের চেষ্টা করতে দেখা গিয়েছিল।
এরপর ব্যানক্রফটকে ৯ মাসের জন্য নির্বাসিত করা হয়। তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে ১ বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়। ওয়ার্নারের উপর নেতৃত্বের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর অস্ট্রেলিয়ার প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান ড্যারেন লেম্যান। দলের নেতৃত্বের দায়িত্ব নেন টিম পেইন ও নয়া কোচ হন জাস্টিন ল্যাঙ্গার। তবে এবার লায়নের নাম যোগ হওয়ার ফলে আবার বিতর্ক বাড়ছে।