Papiya Adhikari Shyama Prasad Mookerjee Mother: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মায়ের চরিত্রে পাপিয়া অধিকারী | Papiya adhikari as syama prasad mookerjee mother the great mukherjee patriot - 24 Ghanta Bangla News
Home

Papiya Adhikari Shyama Prasad Mookerjee Mother: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মায়ের চরিত্রে পাপিয়া অধিকারী | Papiya adhikari as syama prasad mookerjee mother the great mukherjee patriot

Spread the love

পৌরাণিক আবহে দেবী দুর্গার বিবিধ রূপে অভিনয়ের পর এবার একদম ভিন্ন ধারার ঐতিহাসিক ছবিতে নতুন রূপে ধরা দিতে চলেছেন অভিনেত্রী তথা টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী। ‘দ্য গ্রেট মুখার্জি প্যাট্রিয়ট’ নামের এই ছবিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মায়ের চরিত্রে দেখা যাবে তাঁকে।

এর আগে ‘নবদুর্গা: মাতৃরূপেণ সংস্থিতা’ ছবিতে মহামায়া ও নবদুর্গার বিভিন্ন রূপে অভিনয় করেছিলেন পাপিয়া। পৌরাণিক সেই চরিত্রগুলোর পর ইতিহাস নির্ভর এমন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করার সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।

১৯০১ সালের ৬ জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। মেধা ও শিক্ষাক্ষেত্রে অসামান্য কৃতিত্বের স্বাক্ষর রেখে ১৯৩৪ সালে, মাত্র ৩৩ বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন তিনি। পরবর্তী সময়ে স্বাধীন ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রীর দায়িত্বও সামলেছেন। জাতীয় ঐক্য ও রাজনৈতিক মতাদর্শের প্রশ্নে দৃঢ় অবস্থানের কারণে ভারতীয় রাজনীতিতে এক বিশেষ পরিচিতি তৈরি করেন তিনি; ১৯৫১ সালে গঠন করেন ভারতীয় জনসংঘ।

কাশ্মীরের বিশেষ মর্যাদার বিরুদ্ধে তাঁর অবস্থান ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ‘এক দেশে দুই বিধান, দুই প্রধান, দুই নিশান চলবে না’— এই স্লোগানের সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁর রাজনৈতিক জীবন। সেই আন্দোলনের প্রেক্ষিতেই কাশ্মীরে গিয়ে আটক হন এবং ১৯৫৩ সালের ২৩ জুন শ্রীনগরে বন্দিদশায় তাঁর মৃত্যু হয়। তাঁর আদর্শ, রাজনৈতিক লড়াই ও জাতীয় ঐক্যের ভাবনাকেই কেন্দ্র করেই তৈরি হচ্ছে ‘দ্য গ্রেট মুখার্জি প্যাট্রিয়ট’।

ছবিটির পরিচালনা, চিত্রনাট্য ও প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছেন রঞ্জিত শর্মা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করছেন মহম্মদ রশিদ ইকবাল। পাশাপাশি কাহিনিতে উঠে আসবে একাধিক ঐতিহাসিক ও রাজনৈতিক ব্যক্তিত্বের চরিত্র— যার মধ্যে রয়েছেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, অটলবিহারী বাজপেয়ী, পণ্ডিত জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, সুন্দর সিং ভান্ডারি, জোগেশ্বরজি, টেকচাঁদ, বৈদ্যজি ও ডংরা।

প্রকাশিত কাস্ট তালিকা অনুযায়ী, বিভিন্ন চরিত্রে দেখা যাবে অনু কাপুর ত্রিবেদী, বিচারপতি জিয়ালাল কিলাম, ড. গৌরব গোয়েল, ড. যোগেশ লাখানি, সংকেত ভোঁসলে, হিতেন তেজওয়ানি, আরবাজ খান, অজিতা শিবপ্রসাদ, কপিল সিং, সুরেন্দ্র পাল ও সুরেন্দ্র কুমার ভগতকে। শ্যামাপ্রসাদের ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন রামাপ্রসাদ সতীনাথ। অভিনয় ও বিধায়ক হিসেবে পরিচিত পাপিয়া অধিকারী এই ঐতিহাসিক চরিত্রে কতটা নজর কাড়েন, সেদিকেই তাকিয়ে দর্শকমহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *