Milan Pradhan: হাইকোর্টের নির্দেশে আত্মসমর্পণ মিলন প্রধানের, ‘কেন বাকিদের ছাড় দেওয়া হচ্ছে?’ প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা | Nandigram Congress Candidate Milan Pradhan Surrenders at Haldia Court After High Court Denies Bail Extension
মিলন প্রধানImage Credit: Tv9 Bangla
হলদিয়া: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ করলেন কংগ্রেস নেতা মিলন প্রধান (Milan Pradhan)। বুধবারই তাঁর জামিনের মেয়াদ শেষ হয়। জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন জানান নন্দীগ্রামের উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী। কিন্তু, জামিনের আবেদন মঞ্জুর করেনি কলকাতা হাইকোর্ট। এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। সেই নির্দেশে মেনেই এদিন হলদিয়া আদালতে পৌঁছে যান মিলন। কিন্তু, তাঁর প্রশ্ন, একই মামলায় কেন বাকিদের ছাড় দেওয়া হচ্ছে?
কী বলছেন মিলন প্রধান?
শুক্রবার দুপুর ২টো নাগাদ আদালতে আত্মসমর্পণ করার কথা রয়েছে মিলনের। তার আগেই তিনি আদালতে পৌঁছে যান। মিলনের অভিযোগ, ২০০৭ সালের মামলায় অনেকেই আজ ঘুরে বেড়াচ্ছে। তাহলে কেন তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে না? এমনই প্রশ্ন তোলেন তিনি। আইনের প্রতি সম্মান জানিয়ে বলেন, “কিন্তু যেহেতু কলকাতা হাইকোর্ট আমাকে নির্দেশ দিয়েছে নিম্ন আদালতে মানে হলদিয়া আদালতে আত্মসমর্পণ করতে, তাই আজ আমি আইনকে সম্মান ও শ্রদ্ধা করে এখানে এসেছি। আদালত যা সিদ্ধান্ত নেবেন সেই নির্দেশ মেনে চলব।”
হাইকোর্টে মিলন প্রধান মামলা
প্রসঙ্গত নন্দীগ্রামে উপনির্বাচনে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দিতা করেন মিলন প্রধান। নির্বাচনের ঠিক আগে তাঁর গ্রেফতারিকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়। তখন কংগ্রেসের পাশে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। মিলন প্রধান ২০০৭ সালের নন্দীগ্রাম জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, দাঙ্গা ও বেআইনি জমায়েতের অভিযোগ ছিল। ২০২১ সালে কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলাগুলি পুনরায় চালু হয়। গ্রেফতারির পর সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় বিষয়টি। গত ৭ অক্টোবর রাজ্যের করা মামলাটি কলকাতা হাইকোর্টেই ফেরত পাঠায় এবং হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করেনি। গত ২০ অক্টোবর কলকাতা হাইকোর্ট মিলন প্রধানের জামিনের মেয়াদ ২৫ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছিল।