‘বাংলাদেশ দখলের হুমকি’, অর্জুনকে মন্ত্রিসভা থেকে সরানোর দাবি নাহিদের

ঢাকা: বাংলাদেশকে দখল করে নেওয়ার হুঁশিয়ারি ঘিরে পশ্চিমবঙ্গের পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের বিরুদ্ধে সরব হলেন বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির (NCP) আহ্বায়ক নাহিদ ইসলাম। তাঁর দাবি, এই মন্তব্য বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। অবিলম্বে অর্জুন সিংকে পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা থেকে সরানোর পাশাপাশি তাঁর মন্তব্য প্রত্যাহার এবং বাংলাদেশের মানুষের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছেন নাহিদ।
বৃহস্পতিবার সমাজমাধ্যম X-এ একটি দীর্ঘ পোস্টে নিজের অবস্থান স্পষ্ট করেন বাংলাদেশের এই নেতা। তাঁর বক্তব্য, বাংলাদেশ দখলের হুমকি দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের এক মন্ত্রী সে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন। প্রায় ১৮ কোটি বাংলাদেশির আত্মমর্যাদায় এই মন্তব্য আঘাত করেছে বলেও দাবি করেন তিনি। নাহিদের সতর্কবার্তা, বাংলাদেশের স্বাধীনতা বা স্থিতিশীলতা নষ্ট করার যে কোনও চেষ্টা ভারতের ভৌগোলিক অখণ্ডতার উপরেও প্রভাব ফেলতে পারে। কারণ, দুই প্রতিবেশী দেশের সার্বভৌমত্ব পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত।
অর্জুন সিংয়ের মন্তব্যের পরেও ভারত সরকারের তরফে কোনও দৃশ্যমান পদক্ষেপ না হওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন নাহিদ। তাঁর দাবি, ৪৮ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও দিল্লির নীরবতা কাটেনি। এই অবস্থান বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি ভারতের মনোভাব নিয়ে সন্দেহ আরও বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।
একই সঙ্গে বাংলাদেশের সরকারের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন NCP-র আহ্বায়ক। তাঁর মতে, এমন মন্তব্যের পর ঢাকার তরফে কূটনৈতিক স্তরে স্পষ্ট প্রতিবাদ জানানো প্রয়োজন ছিল। একটি স্বাধীন ও মর্যাদাপূর্ণ রাষ্ট্রের বিদেশনীতি এমন ঘটনায় নীরব থাকতে পারে না বলেও মত তাঁর।
প্রসঙ্গত, বুধবার ভাটপাড়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেওয়ার মন্তব্য করেন অর্জুন সিং। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার ও হত্যার অভিযোগ তুলে প্রতিশোধ নেওয়ার কথাও বলেন তিনি। তাঁর এই মন্তব্য ঘিরেই বিতর্কের সূত্রপাত।
বাংলাদেশের কাছে ১৬ ডিসেম্বরের তাৎপর্য বিশেষ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শেষে ওই দিন পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছিল। সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করেই বাংলাদেশে দিনটি বিজয় দিবস হিসেবে পালিত হয়।
নিজের পোস্টে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের কথাও তুলে ধরেছেন নাহিদ। তাঁর বক্তব্য, বহু মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষায় বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। শেখ হাসিনার শাসনকালে বাংলাদেশকে ভারতের ‘পুতুল রাষ্ট্রে’ পরিণত করা হয়েছিল বলে অভিযোগ করে তিনি জানান, সেই পরিস্থিতি আর ফিরে আসতে দেওয়া হবে না।
দেশে বোমা হামলা-আদানির বিদ্যুৎ বন্ধে ভারতের ষড়যন্ত্র! বিস্ফোরক BNP মহাসচিব রিজভী
‘হাসিনার কোনও ক্ষতি হলে দায় তারেক সরকারের’, বাংলাদেশকে হুঁশিয়ারি প্রাক্তন পেন্টাগন কর্তার