Malda: মাঝরাত পর্যন্ত ৫ ঘণ্টার জেরা! ডিআরএম অফিসে সিবিআই হানায় গ্রেফতার রেলকর্মী, সিল আবাসন | CBI Raids Eastern Railway Malda Division Over Recruitment Scam; Senior Clerk Arrested
দুর্নীতির অভিযোগImage Credit: TV9 Bangla
মালদহ: পূর্ব রেলের মালদহ ডিভিশন অফিসে নিয়োগ দুর্নীতির অভিযোগে বড়সড় অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। এই ঘটনায় উমাশঙ্কর পাণ্ডে নামে এক রেলকর্মীকে জিজ্ঞাসাবাদের পর আটক এবং পরবর্তীতে গ্রেফতার করা হয়েছে বলে খবর। অভিযুক্তের কোয়ার্টারে তল্লাশি চালিয়ে তা সিল করে দিয়ে বাইরে নোটিশ ঝুলিয়ে দিয়েছেন তদন্তকারীরা।
সূত্রের খবর, ইংরেজবাজারের ঝলঝলিয়ায় অবস্থিত পূর্ব রেলের মালদহ ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (DRM) অফিসে হানা দেয় সিবিআই-এর একটি বিশেষ দল। সেখানে পার্সোনেল বিভাগের কর্মী তথা ক্লার্কদের অফিস সুপারিন্টেন্ডেন্ট পদে কর্মরত উমাশঙ্কর পাণ্ডেকে দীর্ঘক্ষণ জেরা করা হয়। তদন্তকারীদের দাবি, রাতে টানা পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ চলে।
জেরার পর বিহারের পাটনার বাসিন্দা ওই কর্মীকে ডিআরএম অফিস থেকে আটক করে নিয়ে যান সিবিআই আধিকারিকরা। এরপরই তাঁকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে। পাশাপাশি তাঁর আবাসনেও তল্লাশি অভিযান চালানো হয়। তল্লাশি শেষে উমাশঙ্কর পাণ্ডের কোয়ার্টার সিল করে দেওয়া হয়েছে এবং বাইরে নোটিশ সাঁটিয়ে দেওয়া হয়েছে।
রেলের নিয়োগ প্রক্রিয়ায় ঠিক কী ধরনের অনিয়ম বা দুর্নীতি হয়েছিল এবং এই চক্রে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তথ্য সংগ্রহ করছেন সিবিআই গোয়েন্দারা।