১৯৭১-এ বাঙালিকে সাহায্য নয়, পাকিস্তানকে দুর্বল করেছিল ভারত! বিস্ফোরক বাংলাদেশের স্পিকারের

ইসলামাবাদ: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিলেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। পাকিস্তান সফরে গিয়ে ইসলামাবাদে দাঁড়িয়ে তাঁর দাবি, একাত্তরে বাঙালিদের পাশে দাঁড়ানোর বদলে পাকিস্তানকে দুর্বল করার চেষ্টা করেছিল নয়াদিল্লি। শুধু তাই নয়, শেখ হাসিনার ১৫ বছরের শাসনকালে বাংলাদেশ কার্যত ভারতের উপনিবেশে পরিণত হয়েছিল বলেও অভিযোগ করেছেন তিনি। ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের আবহে তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।
বুধবার ইসলামাবাদের পার্লামেন্ট ভবন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বাংলাদেশের স্পিকার। সেখানেই ১৯৭১ সালের যুদ্ধ এবং ঢাকার পতনের প্রসঙ্গ তোলেন তিনি। বিবিসি উর্দুর প্রতিবেদন অনুযায়ী, হাফিজ উদ্দিনের বক্তব্য, একাত্তরে ভারত বাঙালিদের সাহায্য করেনি, বরং পাকিস্তানকে দুর্বল করেছিল। তাঁর আরও দাবি, সেই সময় পূর্ব পাকিস্তানের মানুষ গণতন্ত্রের অধিকার চাইলেও তা থেকে তাঁদের বঞ্চিত করা হয়েছিল।
উল্লেখ্য, হাফিজ উদ্দিন আহমেদ একসময় পাকিস্তান সেনাবাহিনীতে ক্যাপ্টেন পদে ছিলেন। ১৯৭১ সালের যুদ্ধেও অংশ নিয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে বাংলাদেশের তরফে সাহসিকতার জন্য সম্মানিতও হন। সেই তিনিই এবার পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা নিয়েও মন্তব্য করেছেন তিনি। তাঁর বক্তব্য, ১৯৭৫ সালে বাংলাদেশে একদলীয় শাসনব্যবস্থা চালু হয়েছিল। দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়ায় আক্ষেপও প্রকাশ করেন তিনি। তবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বাংলাদেশের সাধারণ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলে দাবি করেছেন স্পিকার।
হাসিনার ফেরা নিয়ে হুঁশিয়ারি, ভারতের বিরুদ্ধে ICJ-তে যাওয়ার বার্তা
পাকিস্তান সফরে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও নিশানা করেছেন হাফিজ উদ্দিন। ২০২৪ সালের অগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে রয়েছেন হাসিনা। তাঁকে দেশে ফেরানোর দাবিতে বারবার নয়াদিল্লির কাছে আবেদন জানিয়েছে ঢাকা।
বাংলাদেশের স্পিকারের হুঁশিয়ারি, হাসিনা দেশে ফিরলে তাঁকে সরাসরি জেলে পাঠানো হবে। তাঁর দেশে ফেরার সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন তিনি। অন্তত আগামী ১০ বছর হাসিনা বাংলাদেশে ফিরবেন না বলে দাবি করেছেন হাফিজ উদ্দিন। তাঁর আরও অভিযোগ, এমন একটি দেশে আশ্রয় নিয়েছেন হাসিনা, যে দেশ মুসলিমদের প্রতি শত্রুভাবাপন্ন।
ভারতের কাছে হাসিনাকে প্রত্যর্পণের দাবি মানা না হলে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ার কথাও বলেছেন বাংলাদেশের স্পিকার। তাঁর বক্তব্য, প্রয়োজনে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত বা ICJ-তে যেতে পারে ঢাকা। যদিও এই পদক্ষেপের আইনি ভিত্তি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। অন্যদিকে, প্রত্যর্পণের আবেদন প্রযোজ্য আইন ও নিয়ম মেনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে বলে জানিয়েছে ভারত।
কাশ্মীর নিয়ে পাকিস্তানের সুর, আওয়ামি লিগকে সন্ত্রাসবাদী দল তকমা
পাকিস্তান সফরে গিয়ে কাশ্মীর নিয়েও ইসলামাবাদের অবস্থানকে সমর্থন করেছেন বাংলাদেশের স্পিকার। রাষ্ট্রসংঘের প্রস্তাব মেনে এই সমস্যার সমাধান হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি আওয়ামি লিগকে ‘সন্ত্রাসবাদী দল’ বলেও আক্রমণ করেছেন হাফিজ উদ্দিন।
২০২৪ সালের অগস্টে হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা চলছে। অন্তর্বর্তী সরকার আওয়ামি লিগের রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ করেছিল। ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে লড়ার সুযোগও পায়নি দলটি। হাফিজ উদ্দিনের দাবি, বাংলাদেশের মানুষ স্বৈরাচারী শাসন প্রত্যাখ্যান করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছেন।
অন্যদিকে, বাংলাদেশের প্রার্থীর ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন বা IPU-র এক্সিকিউটিভ কমিটিতে নির্বাচনের ক্ষেত্রে পাকিস্তানের সমর্থনের প্রশংসা করেছেন তিনি। ঢাকা ও ইসলামাবাদের সম্পর্ক আগামী দিনে আরও মজবুত হবে বলেও আশাপ্রকাশ করেছেন বাংলাদেশের স্পিকার।
ঢাকার গ্যালারিতে পাকিস্তানের জয়ধ্বনি, দাবি স্পিকারের
পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বোঝাতে ফুটবলের প্রসঙ্গও তুলেছেন হাফিজ উদ্দিন। তাঁর দাবি, ২০২৬ সালের সাফ চ্যাম্পিয়নশিপে ভারত-পাকিস্তান ফাইনালের সময় ঢাকার স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৯৯.৯ শতাংশ দর্শক পাকিস্তানকে সমর্থন করেছিলেন।
গত ১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে আয়োজিত ফাইনালে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই প্রসঙ্গ টেনে বাংলাদেশের স্পিকার বলেন, পাকিস্তান শেষ পর্যন্ত হেরে গেলেও বাংলাদেশের মানুষের মন জয় করেছে।
প্রসঙ্গত, পাকিস্তান মিলিটারি অ্যাকাডেমির প্রাক্তন ছাত্র হাফিজ উদ্দিন ১৯৬৮ সালে পাকিস্তানের জাতীয় ফুটবল দলের অধিনায়ক হিসেবেও খেলেছিলেন। ২৩ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের সরকারি সফরে রয়েছেন তিনি। পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে এই সফর। বাংলাদেশের কোনও কর্মরত সংসদীয় স্পিকারের এটাই প্রথম সরকারি পাকিস্তান সফর। ইতিমধ্যেই পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন তিনি।
হিন্দু রাষ্ট্র নেপালে মন্দির প্রাঙ্গনে সাধুকে ধর্মান্তকরণ করতে গিয়ে নাকাল মিশনারি
মৃত্যুর মুখ থেকে ফিরলেন ৮ ভারতীয় নাবিক! স্পেনের কাছে ডুবল ট্যাঙ্কার