Lok Sabha seats: আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিল নিয়ে বড় পদক্ষেপ কেন্দ্রের, এবার কি পাশ হবে? | Union Cabinet approved changes to the proposed Constitutional Amendment Bill linked to delimitation and women’s reservation
নতুন বিলের খসড়া শুক্রবার অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভাImage Credit: NEWS9
নয়াদিল্লি: লোকসভার আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ বিল পাশে আরও এক ধাপ এগোল কেন্দ্র। নতুন বিলের খসড়া শুক্রবার অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। সংশোধিত প্রস্তাবে প্রত্যেক রাজ্যেই ৫০ শতাংশ লোকসভা আসন বাড়বে। এবং ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতেই তা হবে। ২০৫১ সাল পর্যন্ত বিভিন্ন রাজ্যের মধ্যে আসন বণ্টনের অনুপাত অপরিবর্তিত রাখা হবে।
৫০ শতাংশ আসন বাড়ানোর অর্থ কী?
সংশোধিত প্রস্তাব অনুযায়ী, লোকসভার মোট আসন সংখ্যা বৃদ্ধি সব রাজ্যের ক্ষেত্রেই একই অনুপাতে কার্যকর হবে। অর্থাৎ, প্রতিটি রাজ্যই অতিরিক্ত আসন পাবে। লোকসভায় বর্তমানে যে অনুপাতে বিভিন্ন রাজ্যের প্রতিনিধিত্ব রয়েছে, তা মোটামুটি একই থাকবে।
এই প্রস্তাবের মাধ্যমে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যের উদ্বেগ দূর করার চেষ্টা করছে কেন্দ্র। ওই রাজ্যগুলির বক্তব্য, শুধুমাত্র জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস করা হলে লোকসভায় তাদের আপেক্ষিক প্রতিনিধিত্ব কমে যেতে পারে। কারণ, উত্তর ভারতের কয়েকটি রাজ্যের তুলনায় দক্ষিণের রাজ্যগুলিতে জনসংখ্যা বৃদ্ধির হার তুলনামূলকভাবে কম।
তাই রাজ্যগুলির মধ্যে আসন বণ্টনের বর্তমান অনুপাত বজায় রেখে লোকসভার আসন সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। এর ফলে লোকসভার সম্প্রসারণ হলেও কোনও রাজ্যকে তার বর্তমান রাজনৈতিক প্রতিনিধিত্ব হারাতে হবে না।
আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ-
ডিলিমিটেশন বলতে নির্বাচনী কেন্দ্রগুলির সীমানা পুনর্নির্ধারণ এবং বিভিন্ন এলাকার জন্য আসন সংখ্যা নির্ধারণের প্রক্রিয়াকে বোঝায়। জনসংখ্যা এবং অন্যান্য আইনি বিবেচনার ভিত্তিতে নির্বাচনে মানুষের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার ক্ষেত্রে এই প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রস্তাবিত পরিবর্তনের সঙ্গে সংসদে মহিলাদের জন্য সংরক্ষণ কার্যকর করার বিষয়টিও যুক্ত রয়েছে। লোকসভার আসন সংখ্যা বাড়ানো হলে সংসদে প্রতিনিধিত্বের পরিসর আরও বড় হবে। এর ফলে মহিলাদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থাও কার্যকর করার সুযোগ তৈরি হতে পারে। তবে তা নির্ভর করবে চূড়ান্ত আইনি কাঠামোর উপর।
সংবিধান সংশোধন প্রক্রিয়ার অংশ হিসেবে সংশোধিত প্রস্তাবটি নিয়ে আরও আলোচনা হওয়ার কথা। লোকসভার সঠিক আসন সংখ্যা কত হবে এবং কবে থেকে এই ব্যবস্থা কার্যকর হবে, তা নির্ভর করবে সংসদে অনুমোদিত চূড়ান্ত আইনের উপর। রাজনীতির কারবারিরা বলছেন, কেন্দ্রের এই পদক্ষেপের পর দক্ষিণের রাজনৈতিক দলগুলিও এই বিলকে সমর্থন করতে পারে।