পকেটমানি নেয় না, বাবাকেই দেয় ২ লক্ষ টাকা বেতন! পুতিনের সঙ্গে সেলফি তুলে চর্চায় কেরালার ‘AI Kid’
ক্লাভ টুয়েলভে পড়ে। মাত্র ১৭ বছর বয়স। কিন্তু নিজেই গড়ে তুলেছে কোটি কোটি টাকার সাম্রাজ্য। কেরালার কিশোরের পোশাকি নাম রাউল জন আজু। তবে গোটা দুনিয়া তাঁকে ‘AI Kid of India’ নামেই চেনে। এ বার তার সঙ্গে সেলফি তুললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খোদ। সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
২৬ নভেম্বর থেকে মস্কোয় শুরু হয়েছে তিন দিনের ‘AI Journey 2026’ সম্মেলন। যোগ দিয়েছেন বিভিন্ন দেশের AI বিশেষজ্ঞ, প্রযুক্তিবিদ ও তরুণ প্রতিভারা। উপস্থিত ছিলেন চিন, রাশিয়া, সার্বিয়া, ব্রাজ়িল, কেনিয়া, কাজাখস্তান, সংযুক্ত আরব আমিরশাহির প্রতিনিধিরা। ভারত থেকে গিয়েছিলেন আজু।
সম্মেলনে রাউলকে ‘থিঙ্কক্রাফট’ (ThinkCraft) প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা এক স্কুলপড়ুয়া হিসেবে পরিচয় করিয়ে দেয় রুশ দূতাবাস। পুতিন এবং কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভের সঙ্গে বৈঠক করে তরুণ AI প্রতিভাদের একটি দল। সেখানে ছিল রাউলও। বৈঠক শেষে পুতিনের সঙ্গে আলাদা করে সাক্ষাৎ করে কিশোর। তখনই সেলফি তোলে সে।
নিজের ইনস্টাগ্রাম পোস্টে রাউল লিখেছে, ‘এখনও বিশ্বাস হচ্ছে না। ছোটবেলায় মজা করে ভিডিয়ো বানানো থেকে শুরু করে ১৭ বছর বয়সে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা—জীবন এমন সব সুযোগ দিয়েছে, যা কোনও দিন স্বপ্নেও ভাবিনি।’
মাত্র নয় বছর বয়সে প্রযুক্তি দুনিয়ায় পথচলা শুরু হয় রাউলের। সংবাদমাধ্যম UN News-কে দেওয়া সাক্ষাৎকারে রাউল জানিয়েছিলেন, তাঁর বাবা Adobe-এ চাকরি করতেন। সেই সূত্রেই সংস্থার বিভিন্ন প্রিমিয়াম টুল বিনামূল্যে ব্যবহার করত সে। তখনই থেকেই AI নিয়ে ঘাঁটাঘাঁটির শুরু। পরে স্কুলের বিজ্ঞান প্রদর্শনীর জন্য ‘মিবট’ (MeBot) নামে একটি রোবটও তৈরি করে সে।
এর পর নিজের উদ্যোগে গড়ে তোলে AI Realm Technologies নামে একটি স্টার্টআপ। বর্তমানে সেখানে কাজ করেন ১৫ জন কর্মী। রাউলের দাবি, বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রায় পাঁচ লক্ষ পড়ুয়াকে AI প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ দিয়েছে তার সংস্থা। সেখানে কাজ করে তাঁর বাবাও। ১৭ বছর বয়সে যখন অনেক ছেলেমেয়ে মা-বাবার কাছ থেকে হাতখরচ নেয়, তখন বাবাকে ২ লক্ষ টাকা বেতন দেয় রাউল।