৯ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ানোর লক্ষ্যে গুরিন্দর
ভারতের কোনও স্প্রিন্টার যা করতে পারেননি কোনওদিন, সেই কাজটা করে পাঞ্জাবের জলন্ধরের স্প্রিন্টার গুরিন্দরবীর সিংয়ের লক্ষ্য ৯ সেকেন্ডের ঘরে তাঁর দৌড়ের সময়টা কমিয়ে আনা। চলতি বছরের মে মাসে রাঁচিতে ফেডারেশন কাপ অ্যাথলেটিক্সে ২৫ বছরের গুরন্দিরবীর ১০০ মিটার দৌড়েছিলেন ১০.০৯ সেকেন্ডে। এত কম সময়ে ভারতের আর কেউ দ্রুততম মানব হননি।
সেই গুরবন্দির সিং শুক্রবার এসেছেন শহরে। জেবিজি ম্যারাথনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। ‘চলো দৌড়াই।’ এই ট্যাগলাইনে কাল রবিবার কলকাতায় প্রথমবার ৪২.১৯২ কিলোমিটার ম্যারাথন। সব বিভাগ মিলিয়ে অংশ নিচ্ছেন প্রায় ১৫ হাজারের বেশি রানার। এই শহরে আগে প্রচুর ম্যারাথন হয়েছে। কিন্তু সেগুলি সবই হাফ ম্যারাথন ও ১০ কিলোমিটার দৌড়। এ বার ‘জয় বালাজি গ্রুপ’ এর উদ্যোগ হচ্ছে ফুল ম্যারাথন। যাতে অংশ নিতে শহরে পৌঁছে গিয়েছেন কেনিয়ার রাতিচ জন, এলিজ়া কিরওয়া, কিপেইগোদের সঙ্গে ভারতের কুলবীর সিং, শ্যামলী সিং, ভাগীরথী, সোনমদের মতো একঝাঁক সফল রানার।