CJP Sourav Das: প্রশ্নের মুখে ভারতের নাগরিকত্ব! CJP-র সৌরভ দাসের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি, জানাল কেন্দ্র | Question Over Nationality, Centre Tells Delhi High Court Look Out Notice Issued Against CJP’s Sourav Das
সৌরভ দাস।Image Credit: ANI
নয়া দিল্লি: লুক আউট নোটিস (Nook Out Notice) জারি হয়েছে সিজেপি নেতা সৌরভ দাসের (Sourav Das) বিরুদ্ধে। আজ দিল্লি হাইকোর্টে এ কথা জানাল কেন্দ্র। সম্প্রতিই ব্রিটেন যাওয়ার চেষ্টা করেছিলেন সৌরভ দাস, তাঁকে আটকে দেওয়া হয়। এরপরই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন সৌরভ দাস। সেই মামলার শুনানি চলছিল আজ, সেখানেই এই কথা জানায় কেন্দ্র।
কেন্দ্র জানিয়েছে, চেন্নাইয়ের ব্য়ুরো অব ইমিগ্রেশনের তরফে লুকআউট নোটিস জারি করা হয়েছে। দেশের যে কোনও ঢোকা বা বেরোনোর পথে সৌরভ দাসকে আটকানোর নির্দেশ দেওয়া হয়েছে। মূলত অপরাধমূলক কাজে যুক্ত বা আইনি মামলায় জড়িত ব্যক্তিদের নামে লুকআউট নোটিস জারি করা হয়।
এ দিন আদালতে কেন্দ্র উল্লেখ করে যে সৌরভ দাসের পাসপোর্টে কিছু গরমিল আছে, যার প্রভাব তাঁর ভারতীয় নাগরিকত্বে পড়বে। যদিও সৌরভ দাসের আইনজীবী দাবি করেন যে তারা লুকআউট নোটিস সম্পর্কে কোনও কিছু জানতেন না।
গত সোমবার চেন্নাইয়ের আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে সৌরভ দাসের নামে নোটিস জারি করা হয়। এক সপ্তাহের মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়েছে। জানা গিয়েছে, পাসপোর্টে নিজের জন্মস্থানের তথ্য নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ার কারণেই এই নোটিস পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, ককরোচ জনতা পার্টির অন্যতম মুখ সৌরভ দাস। তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য লন্ডনে যাচ্ছিলেন। সিজেপির আন্দোলন নিয়েই আগামী ২৭ নভেম্বর অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বক্তব্য রাখার কথা ছিল সৌরভ দাসের। বিমানবন্দরে আটকানোর পরই সোমবার রাতে সৌরভ দাস পোস্ট করে লেখেন যে বিদেশের ইউনিভার্সিটিতে পড়ুয়াদের সামনে বক্তব্য রাখতে বাধা দিচ্ছে কেন্দ্রীয় সরকার।