সৌরভ দাসের বিরুদ্ধে লুক আউট নোটিস, পাসপোর্টে অসঙ্গতির অভিযোগ কেন্দ্রের

নয়াদিল্লি: দিল্লি বিমানবন্দরে লন্ডনগামী বিমানে উঠতে বাধা দেওয়ার ঘটনায় এবার বড়সড় তথ্য সামনে আনল কেন্দ্র। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, ককরোচ জনতা পার্টি (CJP)-র সহ-আহ্বায়ক সৌরভ দাসের বিরুদ্ধে মুম্বই পুলিশের অনুরোধে গত ২৩ নভেম্বর একটি ‘লুক আউট সার্কুলার’ (LOC) জারি করা হয়েছিল। শুধু তাই নয়, সৌরভের পাসপোর্টে তাঁর জন্মস্থান সংক্রান্ত তথ্যে গুরুতর অসঙ্গতি ধরা পড়েছে, যা তাঁর ভারতীয় নাগরিকত্বের প্রশ্নেও প্রভাব ফেলতে পারে বলে আদালতে দাবি করেছে কেন্দ্র।
গত ২৪ নভেম্বর দিল্লি বিমানবন্দরে লন্ডনগামী ফ্লাইট ধরার সময় অভিবাসন দপ্তরের আধিকারিকরা সৌরভ দাসকে আটকে দেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়-সহ ব্রিটেনের একাধিক নামী শিক্ষা প্রতিষ্ঠানে ‘ককরোচ মুভমেন্ট’ নিয়ে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ ছিল তাঁর। বিমানবন্দরে বাধা পাওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন সৌরভ। তাঁর আইনজীবীর দাবি, বিমানবন্দরে আটকানোর সময় কোনো লুক আউট সার্কুলার বা ভ্রমণ নিষেধাজ্ঞার নির্দেশিকা তাঁকে দেখানো বা জানানো হয়নি। তবে এদিন অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা আদালতে মহারাষ্ট্র পুলিশের অনুরোধে ২৩ নভেম্বর জারি হওয়া এলওসি এবং পাসপোর্ট সংক্রান্ত গরমিলের বিষয়টি তুলে ধরেন। দিল্লি হাইকোর্ট এই মামলায় কেন্দ্রকে নোটিস জারি করে জবাব তলব করেছে এবং আগামী ৯ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।
এর আগে বিমানবন্দরে বাধা পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন সৌরভ দাস। অক্সফোর্ড, কেমব্রিজ, এলএসই (LSE) এবং এডিনবরার মতো বিশ্ববিদ্যালয়ে ভারতীয় পড়ুয়াদের আমন্ত্রণে তাঁর বক্তৃতা দেওয়ার কথা ছিল উল্লেখ করে তিনি সরকারকে ‘ভীরু’ ও ‘বুদ্ধিজীবী-বিরোধী’ বলে আক্রমণ করেন।
অন্যদিকে, পাসপোর্টে তথ্যের গরমিল নিয়ে ইতিমধ্যেই সৌরভ দাসকে শোকজ নোটিস পাঠিয়েছে বিদেশ মন্ত্রক (MEA)। বুধবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গত ২৩ নভেম্বর চেন্নাইয়ের রিজিওনাল পাসপোর্ট অফিস (RPO) সৌরভ দাসকে এই নোটিস পাঠিয়েছে। পাসপোর্টের আবেদনে জন্মস্থান সংক্রান্ত তথ্য গোপন বা অসঙ্গতির বিষয়ে আগামী সাত দিনের মধ্যে তাঁকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে এবং জবাব জমা না দেওয়া পর্যন্ত পাসপোর্টটি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে।
২৬/১১ চার্জশিটের ‘২০ নম্বর অভিযুক্ত’! কাসভদের প্রশিক্ষণ দেওয়া সেই ‘মেজর জেনারেল সাহেব’ কে?
‘লজ্জায় মাথা হেঁট হওয়া উচিত’, মহিলা সংরক্ষণ ইস্যুতে বিরোধীদের আক্রমণ মোদীর