‘প্রায় ২৪টি চড় খেয়ে মুখ ফুলে যায়…’, কেন ‘পদ্মাবত’-এর শুটিংয়ে মারধর করা হয়েছিল রণবীরকে?
দর্শকের হৃদয় ছুঁয়েছিলেন ‘পদ্মাবত’ ছবিতে আলাউদ্দিন খিলজির চরিত্রে রণবীর সিংয়ের অভিনয়। তবে এই সিনেমার শুটিংয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল অভিনেতার। যে ঘটনার কথা শেয়ার করলেন অভিনেতা রাজা মুরাদ।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে রাজা জানান, যে ছবিতে এতটা অন্যরকম দেখিয়েছে রণবীরকে, সেই সিনেমার একটি দৃশ্যের শুটিং করতে গিয়ে রণবীরকে বার বার চড় মারতে হয়েছিল তাঁকে। পরিচালকের ইচ্ছেমতো দৃশ্যটি যাতে একেবারেই নিখুঁত হয়, তাই এমন ভাবে শট দিতে হয়েছিল।
রাজা মুরাদ বলেন, ‘প্রায় ২৪ বার ওই দৃশ্যের শট নেওয়া হয়েছিল। আমি কিন্তু ওকে সত্যিকারের চড় মেরেছিলাম। তবে মনের মতো হচ্ছিল না কিছুতেই একটাও শট। তবে রণবীরকে একের পর এক চড় খেতে দেখেও, একেবারেই ভাবিত ছিলেন না পরিচালক সঞ্জয় লীলা বনশালি। তিনি উল্টে বার বার মারতে বলছিলেন। একটা সময়ে গাল ফুলে গিয়েছিল রণবীরের। বুঝতে পারছিলাম খুব কষ্ট হচ্ছিল অভিনেতার। শুধু মনের জোরে দাঁড়িয়েছিল ও।’
তবে এরকম একটা সময়েও নিজের কাজের প্রতি ডেডিকেটেড ছিলেন রণবীর। এতটুকুও বিরক্ত হননি। উল্টে সহযোগিতা করেছিলেন। যে ভাবে সিংহ খাঁচার ভিতরে পায়চারি করে, তেমন রূপে দেখা গিয়েছিল রণবীরকে বলেও মত রাজার। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘পদ্মাবত’। যেখানে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, শাহিদ কাপুরের মতো অভিনেতারাও।