২ দশক ধরে পলাতক! অবশেষে কাশ্মীর থেকে গ্রেফতার ভয়ঙ্কর জঙ্গি মহম্মদ মনশা

শ্রীনগর : অপরাধ করে দীর্ঘদিন আত্মগোপনে থাকলেই যে আইনের হাত থেকে রেহাই পাওয়া যায় না, (Mohammad Mansha)আরও একবার তার প্রমাণ মিলল জম্মু-কাশ্মীরে। প্রায় দুই দশক ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল এক পলাতক অভিযুক্ত। কখনও এক জায়গায়, কখনও অন্যত্র ঠিকানা বদলে পুলিশের নজর এড়িয়ে যাওয়াই ছিল তার কৌশল।
কিন্তু শেষ পর্যন্ত পুলিশের দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযানের সামনে হার মানতে হল তাকে। বুধবার দক্ষিণ কাশ্মীরের ত্রাল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে মহম্মদ মনশা নামে ওই পলাতক ব্যক্তিকে। রিয়াসি জেলা পুলিশের এই অভিযানকে গত কয়েক দশকের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রেফতারি হিসেবে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মহম্মদ মনশা জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলার থুরো লাসোলি এলাকার বাসিন্দা। ২০০১ সাল থেকেই পুলিশের খাতায় পলাতক হিসেবে তার নাম ছিল। একসময় সে সক্রিয় জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল বলেও জানিয়েছে পুলিশ। ২০০৭ সালে নিরাপত্তাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল মনশা।
আরও দেখুনঃ কম পদে উন্নত খাবার! তিনটি বন্দে ভারত স্লিপারে চালু হল নতুন ‘কম্প্যাক্ট মেনু’, রান্নায় ক্লাউড কিচেন
তবে আত্মসমর্পণের পরেও তার বিরুদ্ধে থাকা একাধিক ফৌজদারি মামলার নিষ্পত্তি হয়নি। বরং আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার পরিবর্তে সে আত্মগোপন করে থাকতে শুরু করে। এরপর দীর্ঘদিন ধরে তার কোনও সন্ধান পাচ্ছিল না পুলিশ। অবশেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে অভিযান চালায় রিয়াসি জেলা পুলিশ।
তদন্তকারী আধিকারিকদের দাবি, মনশার বিরুদ্ধে মহোরে থানায় মোট ১৩টি ফৌজদারি মামলা নথিভুক্ত রয়েছে। তার বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্র, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং অস্ত্র আইনের একাধিক ধারায় অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলির মধ্যে সবচেয়ে গুরুতর একটি ঘটনার সূত্রপাত ২০০০ সালে। ওই ঘটনায় জম্মু-কাশ্মীর পুলিশের এক স্পেশাল পুলিশ অফিসার (এসপিও) কর্তব্যরত অবস্থায় প্রাণ হারিয়েছিলেন।
এই মামলায় ভারতীয় দণ্ডবিধির তৎকালীন রণবীর পেনাল কোডের (RPC) ৩০২, ৩০৭ এবং ১২১-এ ধারা-সহ অস্ত্র আইনের ৭/২৫ ধারায় মামলা দায়ের করা হয়েছিল। তদন্তের পর আদালতে চার্জশিটও জমা পড়ে। কিন্তু অভিযুক্তের নাগাল না পাওয়ায় ফৌজদারি কার্যবিধির ৫১২ ধারায় তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয় এবং তাকে পলাতক ঘোষণা করা হয়েছিল।
২০০১ সালের ৬ ডিসেম্বর রিয়াসির প্রিন্সিপাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস জজ আদালত মহম্মদ মনশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। কিন্তু পরবর্তী প্রায় দুই দশক ধরে সেই পরোয়ানা কার্যকর করা সম্ভব হয়নি। একাধিক মামলা এবং গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও পুলিশের নাগালের বাইরে থেকে গিয়েছিল সে। তবে এত বছর পরেও তাকে খুঁজে বের করার প্রচেষ্টা বন্ধ করেনি রিয়াসি জেলা পুলিশ।
পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে পাওয়া গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে শেষ পর্যন্ত মনশার (Mohammad Mansha)অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ সূত্র হাতে আসে। এরপর তাকে গ্রেফতার করতে বিশেষ অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। মহোরে থানার পুলিশকর্মীদের নিয়ে একটি বিশেষ দল গঠন করা হয়। পাশাপাশি জেলা পুলিশের অ্যাবসকন্ডার ট্র্যাকিং ইউনিটের সদস্যদেরও অভিযানে যুক্ত করা হয়।
ওই বিশেষ দল রিয়াসি থেকে দক্ষিণ কাশ্মীরের আওয়ান্তিপোরা এলাকার ত্রালে পৌঁছয়। সেখানে স্থানীয় আওয়ান্তিপোরা পুলিশের সঙ্গে সমন্বয় রেখে শুরু হয় অভিযানের প্রস্তুতি। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি, নির্ভুল পরিকল্পনা এবং দুই জেলার পুলিশের পারস্পরিক সহযোগিতার ফলেই শেষ পর্যন্ত মনশাকে চিহ্নিত করে আটক করা সম্ভব হয়।