Love story: ‘কমবয়সি প্রেম আসলে হরমোনের গল্প’, সম্পর্ক নিয়ে বিস্ফোরক দাবি পঙ্কজ ত্রিপাঠীর | Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories Hormone Stories Says Real Love Starts After 35
কী বলেছেন তিনি?
পর্দায় নায়ক-নায়িকার প্রথম দেখাতেই প্রেম দেখে কে না মুগ্ধ হন! কিন্তু পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi) সেই চেনা ছকে জল ঢেলে দিলেন। অভিনেতার সাফ কথা, হিন্দি ছবির বেশিরভাগ কমবয়সি প্রেমের গল্প আসলে ভালোবাসার গল্পই নয়। ওগুলো নিছকই ‘হরমোন স্টোরি’! পঙ্কজের এমন সোজাসাপ্টা মন্তব্যে এখন সরগরম বলিউড।
কী বলেছেন অভিনেতা?
কম বয়সের সম্পর্কে মনের চেয়ে শরীরের আকর্ষণটাই বেশি কাজ করে বলে মনে করেন পঙ্কজ। তাঁর মতে, বলিউড এই ধরনের গল্পের ওপরই বেশি ভরসা করে। ঠিক কী বলেছেন অভিনেতা? এক সাক্ষাৎকারে পঙ্কজ বলেছেন, “আমার মনে হয় হিন্দি সিনেমা যে কমবয়সি প্রেমের গল্পের ওপর এত ভরসা করে, সেগুলো প্রেমের চেয়ে বেশি হরমোনের গল্প।”
কম বয়সের আবেগকে তাই প্রেম বলে মানতে নারাজ তিনি। তাঁর বিশ্বাস, সত্যিকারের ভালোবাসা বুঝতে গেলে বয়স আর জীবনের অভিজ্ঞতা দুটোই লাগে। অভিনেতা স্পষ্ট জানান, “আসল প্রেমের গল্প শুরুই হয় ৩০-৩৫ বছর বয়সের পর। তার আগে যত গল্প আছে, সেগুলো আসলে হরমোন স্টোরি।”
কেমন ছবিতে মন মজেছে পঙ্কজের?
‘মির্জাপুর’ খ্যাত এই অভিনেতা বরাবরই ছকভাঙা চরিত্রে নজর কাড়েন। নিজের কাজের পছন্দ নিয়েও পঙ্কজ বেশ স্পষ্ট। তিনি জানান, হাততালির চেয়ে ভালো গল্পের দিকেই তাঁর নজর বেশি। অভিনেতার ভাষায়, “আমি দর্শকদের তেমন গল্পই দেখাতে চাই, যা আমার নিজের পছন্দ। যে ছবি আমি নিজে দেখতেও পারব, আবার অভিনয়ও করতে পারব।”
সম্প্রতি ‘পারিবারিক মনোরঞ্জন’ নামে একটি রোমান্টিক কমেডি ছবিতে দেখা গিয়েছে পঙ্কজকে। বরুণ ভি শর্মার পরিচালনায় গত ১৩ নভেম্বর সোনি লিভ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ছবিটি। এখানে প্রথমবার অদিতি রাও হায়দারির সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।
ছবিতে লখনউয়ের এক মধ্যবয়সি অবিবাহিত পুরুষ রঞ্জন দুবের চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ। নিঃসঙ্গ জীবনে তাঁর বাড়িতে সারাক্ষণের পরিচারিকা হয়ে আসেন হেলেন, যে চরিত্রে রয়েছেন অদিতি। এক ছাদের তলায় থাকতে গিয়ে রোজকার খুনসুটি, অস্বস্তি আর অদ্ভুত সব পরিস্থিতির মধ্যে দিয়ে তাঁদের সম্পর্ক দানা বাঁধে।
নতুন ছবি নিয়ে পঙ্কজ বলেন, “এটি এক পরিণত মানুষের গল্প। এখানে শুধুই হরমোনের দাপট নেই। প্রতিটা গল্পই দর্শকের মনে সামান্য হলেও হরমোনের উদ্দীপনা তৈরি করে। তবে এই প্রেমের গল্পে হরমোনের ভূমিকা কম, আসল ভালোবাসার জায়গাটাই বড়।” বয়স বাড়লে সম্পর্ক যে আরও সুন্দর হয়ে ওঠে, পর্দায় সেটাই ফুটিয়ে তুলেছেন পঙ্কজ।