অনুব্রতর ঢঙে পুলিশকে তাসা বাজানোর হুমকি পদ্ম–নেতার
এই সময়, কাটোয়া: ফিরে অনুব্রত মণ্ডলের ছায়া! বীরভূমের একদা দাপুটে তৃণমূল নেতার ঢঙেই পুলিশকে হুমকি দিতে দেখা গেল কাটোয়ার বিজেপি নেতাকে!
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় (যার সত্যতা যাচাই করেনি ‘এই সময়’) দেখা যায়, সুমন দেবনাথ ওই বিজেপি নেতা পুলিশকে উদ্দেশ করে ‘চড়বড় চড়বড়’ শব্দে তাসা বাজানোর হুঁশিয়ারি দিচ্ছেন। কাটোয়ার বিজেপির নগর সভাপতির সামাজিক মাধ্যমে পোস্ট করা এমন ভিডিয়োয় তৈরি হয়েছে বিতর্ক। যদিও পরে সেই ভিডিয়ো তিনি সরিয়ে নেন। কিন্তু কেন এমন কথাবার্তা বললেন, তার কারণ জানতে সুমনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও প্রতিক্রিয়া দিতে চাননি৷
সোমবার রাতে সুমনের ফেসবুক প্রোফাইলে পোস্ট করা একটি ভিডিয়ো সামনে আসে৷ সেখানে তিনি পুলিশকে নিজেদের মণ্ডল সভাপতি না–ভাবার পরামর্শ দেন৷ কিছু পুলিশ অফিসার বাড়াবাড়ি করলে কার্তিক লড়াইয়ের তাসা বাজানোর মতো ‘চড়বড় চড়বড়’ শব্দে তাসা বাজবে বলেও হুঁশিয়ারি দেন। সুমনকে বলতে শোনা যায়, ‘আপনি থেকে তুই হতে বেশি সময় লাগবে না৷’
ওই ভিডিয়োয় সুমন অতীত প্রসঙ্গও টেনে আনেন। পুলিশকে হুমকি দিয়ে তিনি বলেন, ‘ভুল করেও পুলিশ যেন কাউকে তিন বছরের নেতা বা পাঁচ বছরের নেতার কাছে যাওয়ার কথা না–বলেন৷ যদি এমন পরিস্থিতি তৈরি হয়, তা হলে আমি কী করতে পারি, তা বুঝিয়ে দেবো।’ তাঁকে এও বলতে শোনা যায়, পদে না–থাকাকালীনও তিনি ভয়ঙ্কর ছিলেন। বর্তমানে দলের তরফে তাঁর উপরে লাগাম পরিয়ে রাখা হয়েছে।
সুমন বলেন, ‘এখন আর তৃণমূলের আমল নয়, বিজেপির আমল। কে কোথায় যাবেন, তা ঠিক করবে দল।’ মন্তব্যের বিরোধিতায় সরব হন বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলা সহ-সভানেত্রী সীমা ভট্টাচার্য। ফেসবুক পোস্টে তাঁর কটাক্ষ, ‘অনুব্রতরা ছিল তৃণমূলের সম্পদ। অনুব্রতর অনুকরণকারীরা বিজেপির সম্পদ হতে পারে না।’