মেয়েকেই সিএম চান শরদ, জটে বিজেপি!
অরিন্দম বন্দ্যোপাধ্যায়, নয়াদিল্লি
বিজেপি তথা এনডিএ-র সঙ্গে গাঁটছড়া বাঁধতে রাজি শরদ পাওয়ার৷ তবে তাঁর প্রধান এবং একমাত্র শর্ত হলো, মেয়ে সুপ্রিয়া সুলেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে বসাতে হবে৷ সূত্রের দাবি, এই শর্তের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানিয়ে দিয়েছেন মারাঠা স্ট্রংম্যান৷
এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে এই দর কষাকষি চলছে, যখন সংসদের উভয় কক্ষে আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর জন্য মরিয়া হয়ে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার অঙ্ক জোগাড়ে ব্যস্ত কেন্দ্রের মোদী সরকার৷ সূত্রের খবর, সংবিধান সংশোধনী দু’টি বিল পাশের জটিল অঙ্ক মাথায় রেখেই শরদের প্রস্তাব খারিজ করেননি বিজেপি নেতৃত্ব৷ আপাতত পদ্ম–নেতৃত্ব চান, সুপ্রিয়া সুলে মোদী মন্ত্রিসভার একটি গুরুত্বপূর্ণ পদে যোগ দিন৷
এই প্রস্তাবে রাজি হননি শরদ, এমনটাও খবর। শরদ পাল্টা প্রস্তাব দেন, পদ্ম শিবির যদি সুপ্রিয়াকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে বসাতে রাজি হয়, তা হলে নিজের দলের সাংসদদের পাশাপাশি কয়েকটি ছোট দল, এমনকী বিক্ষুব্ধ কংগ্রেস সাংসদেরও সমর্থন জোগাড়ে তিনি সাহায্য করবেন৷ তার জন্য প্রয়োজন ‘মোদী কি গ্যারান্টি’৷ ৮৫ বছরের পোড়খাওয়া রাজনীতিবিদ শরদ পাশা পাল্টাতে পারেন, সেটা বুঝে সাবধানী বিজেপির শীর্ষ নেতৃত্বও৷
লোকসভায় এনসিপি–র (শরদ) সাংসদ সংখ্যা ৮ এবং রাজ্যসভায় ১৷ এই ৯ জন সংবিধান সংশোধনী বিল পাশে সমর্থন করলে বা সংসদে অনুপস্থিত থাকলে সুবিধে সরকার পক্ষের৷ কিছুদিন আগেই এনসিপির দুই বিবদমান গোষ্ঠীর সংযুক্তিকরণ নিয়ে আলোচনা হচ্ছিল৷
শেষ মুহূর্তে আলোচনা বাতিল হয় প্রয়াত অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রার আপত্তিতে৷ এখন সুপ্রিয়াকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী করতে হলে সুনেত্রাকে হয় পাওয়ার পরিবারের সংযুক্তিতে সায় দিতে হবে, না হলে সরকার ছেড়ে বেরিয়ে যেতে হবে৷ প্রসঙ্গত, কয়েকদিন আগে অসুস্থ শরদ যখন পুনের হাসপাতালে চিকিত্সাধীন, ফোনে তাঁর সঙ্গে কথা বলার সময়ে নমো বলেন, ‘আপনি এখন বিশ্রাম নিন৷ সুপ্রিয়া তৈরি হয়ে গিয়েছেন৷ আমি আর সুপ্রিয়া মিলে দেশ সামলে নেব৷’