চলন্ত সুপারফাস্ট ট্রেনে পাথর হামলা, অল্পের জন্য রক্ষা তরুণী - 24 Ghanta Bangla News
Home

চলন্ত সুপারফাস্ট ট্রেনে পাথর হামলা, অল্পের জন্য রক্ষা তরুণী

Spread the love


খড়গপুর, পশ্চিম মেদিনীপুর: খড়গপুরে (Kharagpur) ঢোকার আগেই চলন্ত ট্রেনকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ উঠল।  মঙ্গলবার রাতে ১২৮২৭ হাওড়া-পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেসে এই ঘটনা ঘটে। জকপুর…

খড়গপুর, পশ্চিম মেদিনীপুর: খড়গপুরে (Kharagpur) ঢোকার আগেই চলন্ত ট্রেনকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ উঠল।  মঙ্গলবার রাতে ১২৮২৭ হাওড়া-পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেসে এই ঘটনা ঘটে। জকপুর স্টেশন পেরিয়ে হাতিগোলা ব্রিজের কাছে ট্রেনটিকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। হামলায় ট্রেনের ডি-৮ কামরার একটি জানলার কাচ ভেঙে চুরমার হয়ে যায়। এমনকী জানলার লোহার শিকও বেঁকে যায়। ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কামরার ভিতরে এসে পড়ে ইটের টুকরো

যাত্রীদের দাবি, ট্রেনটি যখন হাতিগোলা ব্রিজের কাছে পৌঁছয়, তখনই বাইরে থেকে পাথর বা ইটের বড় বড় টুকরো ছোড়া হয়। সেই আঘাতে ডি-৮ কামরার একটি জানলার কাচ ভেঙে যায়। ইটের টুকরো কামরার ভিতরেও এসে পড়ে। জানা গিয়েছে, ঘটনার সময় ট্রেনটি খড়গপুর থেকে প্রায় ২ কিলোমিটার দূরে ছিল।

সবচেয়ে উদ্বেগের বিষয়, যে জানলার কাচ ভেঙে যায়, তার ঠিক পাশেই বসেছিলেন এক তরুণী। তবে অল্পের জন্য রক্ষা পান তিনি। এই ঘটনায় কোনও যাত্রী আহত হননি বলে জানা গিয়েছে। কিন্তু চলন্ত ট্রেনের কামরার ভিতরে ইটের টুকরো ঢুকে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

তদন্তে খড়গপুর জিআরপি

ঘটনার কিছুক্ষণ পর খড়গপুর জিআরপিকে খবর দেওয়া হয়। খবর পেয়ে জিআরপির কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখেন। কারা, কী কারণে এবং কীভাবে চলন্ত ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ল, তা জানার চেষ্টা চলছে।

রেলযাত্রীদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে এই ঘটনায়। বিশেষ করে ট্রেন যখন জনবসতিপূর্ণ এলাকার পাশ দিয়ে চলাচল করে, তখন এ ধরনের হামলা যাত্রীদের জন্য বড়সড় বিপদের কারণ হয়ে উঠতে পারে। তবে এই ঘটনায় কারা জড়িত, তা তদন্তের পরই স্পষ্ট হবে।

The latest news from Kolkata, including traffic updates, civic issues, weather, accidents, administrative decisions, and other important information for daily life, is published in this section. Stay tuned regularly to keep up with all the latest updates from the city.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *