‘বামাক্ষ্যাপা’কে প্রাইম টাইমে জায়গা দিতেই হবে, হল মালিকদের স্পষ্ট নির্দেশ শুভেন্দুর - 24 Ghanta Bangla News
Home

‘বামাক্ষ্যাপা’কে প্রাইম টাইমে জায়গা দিতেই হবে, হল মালিকদের স্পষ্ট নির্দেশ শুভেন্দুর

Spread the love


কলকাতা: হিন্দি ছবির সঙ্গে প্রতিযোগিতায় প্রেক্ষাগৃহে জায়গা হারানোর আশঙ্কা তৈরি হয়েছিল বাংলা ছবি ‘সাধক বামাক্ষ্যাপা’-র। দর্শকদের কাছ থেকে ভালো সাড়া মিললেও আগামী ২৭ নভেম্বর নতুন…

কলকাতা: হিন্দি ছবির সঙ্গে প্রতিযোগিতায় প্রেক্ষাগৃহে জায়গা হারানোর আশঙ্কা তৈরি হয়েছিল বাংলা ছবি ‘সাধক বামাক্ষ্যাপা’-র। দর্শকদের কাছ থেকে ভালো সাড়া মিললেও আগামী ২৭ নভেম্বর নতুন হিন্দি ছবি ‘ইয়ে প্রেম মোল লিয়া’ মুক্তি পাওয়ায় ছবিটির শো কমিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন কয়েকটি হলের মালিক। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, প্রদর্শন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের কথাও জানায় প্রযোজনা সংস্থা এসভিএফ। শেষ পর্যন্ত এই বিতর্কে হস্তক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নবান্নে চলচ্চিত্র জগতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর ‘সাধক বামাক্ষ্যাপা’ চালিয়ে যাওয়ার বিষয়ে কড়া নির্দেশ দিয়েছেন তিনি।

২০ নভেম্বর মুক্তি পেয়েছে পরিচালক সায়ন্তন ঘোষালের এই ছবি। অভিনয়ে রয়েছেন সব্যসাচী চৌধুরী, পায়েল দে-সহ একাধিক পরিচিত মুখ। মুক্তির পর দর্শকদের সাড়া এবং কয়েকটি প্রেক্ষাগৃহে ভালো বুকিং সত্ত্বেও হিন্দি ছবির জন্য শো সরানোর আশঙ্কা তৈরি হয়। বিষয়টি প্রকাশ্যে আসতেই বাংলা চলচ্চিত্র জগতের একাংশ প্রতিবাদে সরব হয়। এরপরই হল ও মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবারের বৈঠকে উপস্থিত ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, সিনেপরিবেশক শতদীপ সাহা এবং হলমালিক অরিজিৎ দত্ত-সহ একাধিক ব্যক্তিত্ব। ভার্চুয়ালি যোগ দেন মিঠুন চক্রবর্তী ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বৈঠক শেষে পরিচালক সায়ন্তন ঘোষাল জানান, মুখ্যমন্ত্রী সকলের বক্তব্য শুনেছেন। তাঁর দাবি, কোনও হল ‘সাধক বামাক্ষ্যাপা’ চালাতে অস্বীকার করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শোকজ করা এবং লাইসেন্স বাতিলের মতো পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। ছবিটি প্রাইম টাইমে দেখানোর নির্দেশও দেওয়া হয়েছে।

শুধু একটি ছবির প্রদর্শন নিয়েই নয়, বাংলা সিনেমার জন্য শো বরাদ্দের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ, বিকেল ৩টে থেকে রাত ৯টার মধ্যে বাংলা ছবির শো রাখতে হবে। এই নিয়ম কার্যকর করার ক্ষেত্রে কোনও অজুহাত গ্রহণ করা হবে না বলে বৈঠকে জানানো হয়েছে। আপাতত ‘সাধক বামাক্ষ্যাপা’র জন্য ৫১টি শো রয়েছে বলে বৈঠক শেষে জানান রুদ্রনীল ঘোষ।

এ ছাড়াও রাজ্যে সিনেমা হলের সংখ্যা বাড়ানোর বিষয়টি আলোচনায় আসে। নতুন করে ৫১টি হল তৈরির পরিকল্পনার কথা জানানো হয়েছে। প্রযোজক, পরিবেশক ও হলমালিকদের সমস্যাগুলি খতিয়ে দেখতে চলতি মাসের মধ্যেই একটি কমিটি গঠন করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফলে ‘সাধক বামাক্ষ্যাপা’কে ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা আপাতত কাটল বলেই মনে করছে টলিউডের একাংশ।

সকলকে প্র্যাঙ্ক করেন উদয়, এবার নিজেই পড়লেন ফাঁদে! কী কাণ্ড ঘটালেন সহকর্মীরা?

প্রয়াত হেমন্ত-পুত্র জয়ন্ত মুখোপাধ্যায়, স্বামীকে হারিয়ে শোকস্তব্ধ মৌসুমী চট্টোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *