Hooghly News: রাজস্বিনী যেন বাংলার বিস্ময়! ২ বছরেই গড়গড় করে বলে যেতে পারে ৩০টি পাখি, ৪২ অঙ্গের নাম, মাস-বছরের হিসাব কোনও ব্যাপারই না | Two years old child who is from hooghly her name records in India Book of Records
রাজস্বিনী চক্রবর্তীImage Credit: Tv9 Bangla
হুগলি: এখনও স্কুলের গণ্ডিতে পা রাখেনি। অথচ মাত্র তিন বছর বয়সেই একাধিক বিষয় মনে রেখে তাক লাগিয়ে দিয়েছে হুগলির পান্ডুয়ার খুদে রাজস্বিনী চক্রবর্তী। তার অসাধারণ স্মৃতিশক্তি ও বিভিন্ন বিষয় শনাক্ত করার ক্ষমতার স্বীকৃতি মিলেছে ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে’। আইবিআর অ্যাচিভার খেতাবে ভূষিত হয়েছে পান্ডুয়ার উত্তরায়ণের বাসিন্দা এই খুদে।
রাজস্বিনী চক্রবর্তীর জন্ম ১ নভেম্বর ২০২৩। মাত্র ২ বছর ১০ মাস বয়সে ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে’ নাম তোলার জন্য আবেদন করে তার পরিবার। গত ৩০ সেপ্টেম্বর আবেদন জানানোর পর সংস্থার তরফে ভিডিয়ো-সহ প্রয়োজনীয় তথ্য ও নথি জমা দিতে বলা হয়। এরপর অক্টোবর মাসে রাজস্বিনীর কৃতিত্ব যাচাই করে নির্বাচিত হওয়ার কথা জানানো হয়। গত ২রা নভেম্বর মেডেল ও সার্টিফিকেট হাতে পায় সে।
২ বছরের রাজস্বিনী কী কী করতে পারে?
‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের’ স্বীকৃতি অনুযায়ী, মাত্র তিন বছর বয়সে রাজস্বিনী শরীরের ৪২টি অঙ্গপ্রত্যঙ্গ, ৩০টি পাখি, ৩২টি প্রাণী, ৮টি মাছ, ১৬টি পোকামাকড়, ১০টি ফল, ৫টি ফুল, ১২টি সবজি এবং ৭টি আকৃতি শনাক্ত করতে পারে। পাশাপাশি ৩৪টি অঙ্গভঙ্গি প্রদর্শন, বাংলায় ১৮টি ইংরেজি বিপরীতার্থক শব্দ, ছয়টি জাতীয় প্রতীক, বছরের মাস, সপ্তাহের দিন, ছয়টি ঋতু এবং পাঁচটি আঙুলের নাম মনে রাখতে পারে। ইংরেজি ও বাংলায় ১ থেকে ২৪ পর্যন্ত সংখ্যা বলতে পারে। এমনকি এলোমেলোভাবে দেওয়া ১ থেকে ১০ পর্যন্ত সংখ্যাও মিলিয়ে দিতে পারে।
শুধু মুখস্থ বলাই নয়, নিজের হাতে ইংরেজি অক্ষর লেখার চেষ্টাও করে রাজস্বিনী। বই, খাতা, পেন,পেন্সিলের প্রতিও তার ছোটবেলা থেকেই আগ্রহ। নতুন কিছু শেখার প্রতি এই আগ্রহই তাকে এত অল্প বয়সে এই সাফল্য এনে দিয়েছে বলে মনে করছেন পরিবারের সদস্যরা।
রাজস্বিনীর মা সায়নী চক্রবর্তী বলেন, “ও যখন এক বছরের, তখন ওকে একটা বই কিনে দিয়েছিলাম। কোলে নিয়ে বই খুলে ABCD দেখাতাম। তখন ও কথা বলতে শেখেনি, কিন্তু আমি যা বলতাম, খুব মন দিয়ে শুনত। পরে বই, খাতা, পেন-পেন্সিলের প্রতি ওর আগ্রহ তৈরি হয়। পশুপাখির নাম জিজ্ঞাসা করলে খুব তাড়াতাড়ি চিনতে পারত এবং মনে রাখতে পারত। প্রতিদিন নিয়ম করে ওকে পড়াতে বসি না। সময় পেলেই পড়াই। ওর মধ্যে নতুন কিছু শেখার আগ্রহটা খুব বেশি। সেই কারণেই মনে হয় এত কিছু মনে রাখতে পারে। খুব শান্ত স্বভাবের, দুষ্টুমি করে না বললেই চলে।”
রাজস্বিনীর বাবা রাহুল চক্রবর্তী পেশায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং মা সায়নী চক্রবর্তী পঞ্চায়েতের কর্মী। মেয়ের এই সাফল্যে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত গোটা পরিবার।