South Dinajpur: মেয়ের বাড়ি যাচ্ছিলেন, পথ আটকে দাঁড়াল ASI, বাঁচতে দিতে হল ২০ হাজার টাকা! | South Dinajpur Man forced to give 20 thousand to Police ASI as he Threaten of Fake Police Case
অভিযোগকারী ব্যক্তি।Image Credit: TV9 বাংলা
হিলি: মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক বৃদ্ধের কাছ থেকে ২০ হাজার টাকা এবং ভুটভুটি চালকের কাছ থেকে আরও ১২০০ টাকা আদায়ের অভিযোগ উঠল হিলি থানার এক এএসআই(ASI)-র বিরুদ্ধে। শুধু টাকা আদায়ই নয়। অভিযোগ, টাকা দেওয়ার পরেও ওই বৃদ্ধের গোরু ফেরত দেওয়া হয়নি। উল্টে গোরুটি বিক্রি করে দেওয়া হয়েছে।
হিলি থানার পুলিশকর্মী নিউটন সরকারের নামে অভিযোগ উঠেছে। সোমবার বিকেলে এই ঘটনায় অভিযোগ জানাতে জেলা পুলিশ সুপার অভিষেক গুপ্তার দ্বারস্থ হন হিলির লস্করপুরের বাসিন্দা আনিসুর রহমান মন্ডল। তাঁর লিখিত অভিযোগ পাওয়ার পরই হিলি থানার কাছে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন পুলিশ সুপার।
অভিযোগকারী আনিসুর রহমান মন্ডলের দাবি, গত ২৫ অক্টোবর সকাল বেলা মেয়ের বাড়ি রামপুরে একটি গোরু ও বাড়ির সবজি নিয়ে ভুটভুটিতে করে যাচ্ছিলেন তিনি। পথে হিলির মুরালিপুর মোড়ে তাঁদের গাড়ি আটকান এএসআই নিউটন সরকার। গোরু পাচারের অভিযোগ তুলে তাঁদের হিলি থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে দীর্ঘক্ষণ বসিয়ে রাখার পর মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে দালালের মাধ্যমে তাঁর কাছ থেকে ২০ হাজার টাকা নেওয়া হয় বলে অভিযোগ।
পাশাপাশি ভুটভুটি চালককে মাদক মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে আরও ১২০০ টাকা আদায় করা হয় বলে দাবি তাঁর। কিন্তু টাকা দেওয়ার পরেও নিজের গোরুটি ফেরত পাননি আনিসুর। পরে জানতে পারেন, গোরুটি বিক্রি করে দেওয়া হয়েছে।
আনিসুরের আরও অভিযোগ, এর আগেও তাঁর এলাকার অন্তত পাঁচজনকে একইভাবে ভয় দেখিয়ে ১০ হাজার টাকা করে আদায় করা হয়েছে। তবে এতদিন ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাননি। সম্প্রতি হিলির আরও এক যুবক ওই পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ জানান। এরপরেই সাহস করে এদিন পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানান তিনি। অভিযুক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন ওই বৃদ্ধ।
এদিকে, অভিযুক্ত এএসআই নিউটন সরকারের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। এমনকি মেসেজেরও কোনও উত্তর দেননি। ফলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।