Russia news: মহাকাশে পরমাণু অস্ত্র? ৬০ দিনের মধ্যেই উপগ্রহ পাঠাচ্ছে রাশিয়া! উদ্বেগে আমেরিকা | Russia reportedly Planning to Deploy Nuclear Weapons in Space, Sputnik S Satellite May Launch Within 60 Days
ভ্লাদিমির পুতিনImage Credit: Tv9 Bangla
মস্কো: মহাকাশে পরমাণু অস্ত্র মোতায়েনের পরিকল্পনা করছে রাশিয়া? চলতি বছরের শেষের দিকে পরমাণু অস্ত্রবাহী উপগ্রহ মহাকাশে পাঠাতে পারে মস্কো। এমনই আশঙ্কার কথা প্রকাশ্যে আসতেই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে জার্মান সরকার। পশ্চিমী গোয়েন্দা সংস্থাগুলির মূল্যায়নের ভিত্তিতে জার্মানির একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে, রাশিয়ার তৈরি একটি উপগ্রহ ইতিমধ্যেই মস্কোতে রাখা রয়েছে। নাম ‘স্পুটনিক-এস’। আগামী ৬০ দিনের মধ্যে তা মহাকাশে পাঠানো হতে পারে। এরপরই কার্যকর হয়ে উঠতে পারে উপগ্রহটি।
রিপোর্টে বলা হয়েছে, জার্মানির গোয়েন্দা সংস্থা বিএনডি এবং সে দেশের সশস্ত্র বাহিনীর কাছে এই সংক্রান্ত তথ্য রয়েছে। কয়েক বছর আগেই তৈরি করা হয়েছিল উপগ্রহটি। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছে মস্কো। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভের দাবি, রিপোর্টে একাধিক ‘সম্ভাব্য’ ও ‘অভিযোগভিত্তিক’ দাবি করা হয়েছে। সেগুলিকে গুরুত্ব দেওয়ার মতো কোনও কারণ নেই। বার্লিনে রুশ দূতাবাসও জানিয়েছে, এমন কোনও পরিকল্পনার কথা তাদের জানা নেই। এই খবরকে ‘ভিত্তিহীন অভিযোগ’ বলে দাবি করে মস্কোর বক্তব্য, রাশিয়ার মহাকাশ কর্মসূচি আন্তর্জাতিক নিয়ম মেনেই পরিচালিত হয় এবং তার উদ্দেশ্য সম্পূর্ণ শান্তিপূর্ণ।
উল্লেখ্য, ১৯৬৭ সালের আউটার স্পেস ট্রিটি এবং ১৯৬৩ সালের পার্শিয়াল নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি অনুযায়ী, পৃথিবীর কক্ষপথে পরমাণু অস্ত্র স্থাপন এবং মহাকাশে পরমাণু বিস্ফোরণ ঘটানো নিষিদ্ধ। ফলে রাশিয়া সত্যিই এমন কোনও পদক্ষেপ করলে তা আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন হবে। এদিকে, মহাকাশে সামরিক তৎপরতা বৃদ্ধি নিয়ে উদ্বেগ বাড়ছে আমেরিকা ও ইউরোপের দেশগুলির মধ্যে। ন্যাটোর মহাসচিব মার্ক রুটে জানিয়েছেন, মহাকাশের নিরাপত্তা-সহ প্রতিরক্ষা পরিস্থিতির উপর নজর রাখছে জোট। ন্যাটোর ভূখণ্ডের প্রতিটি অংশের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
এর আগেও রাশিয়ার মহাকাশে পরমাণু অস্ত্র মোতায়েনের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা। ২০২৪ সালে মার্কিন আধিকারিকরা অভিযোগ করেছিলেন, শত্রুপক্ষের উপগ্রহ ধ্বংস করতে মহাকাশে পরমাণু বিস্ফোরণ ঘটানোর মতো অস্ত্র তৈরি করছে মস্কো। এমন বিস্ফোরণের ফলে তৈরি হতে পারে তীব্র ইলেক্ট্রোম্যাগনেটিক পালস বা EMP, যা আশপাশের উপগ্রহগুলির ইলেকট্রনিক ব্যবস্থা অকেজো করে দিতে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এর ফলে স্পেসএক্সের স্টারলিঙ্কের মতো উপগ্রহ-নির্ভর যোগাযোগ ব্যবস্থাও বিপর্যস্ত হতে পারে।
চলতি বছরের শুরুতে জার্মান স্পেস কমান্ডের প্রধান মেজর জেনারেল মাইকেল ট্রাউটও মহাকাশে পরমাণু বিস্ফোরক মোতায়েনের সম্ভাবনা উড়িয়ে দেননি। তাঁর আশঙ্কা, কক্ষপথে পরমাণু বিস্ফোরণ ঘটলে নিম্ন পৃথিবী কক্ষপথে থাকা এক-তৃতীয়াংশ পর্যন্ত উপগ্রহ ক্ষতিগ্রস্ত হতে পারে। এর প্রভাব পড়তে পারে বিশ্বজুড়ে যোগাযোগ ও অন্যান্য উপগ্রহ-নির্ভর পরিষেবায়। ২০২২ সালে রাশিয়ার ‘কসমস ২৫৫৩’ উপগ্রহ উৎক্ষেপণের পরও একই ধরনের সন্দেহ তৈরি হয়েছিল। মার্কিন ও গোয়েন্দা সূত্রের দাবি ছিল, মহাকাশে পরমাণু অস্ত্র মোতায়েনের প্রস্তুতি হিসেবেই ওই উপগ্রহ পরীক্ষা করা হয়ে থাকতে পারে।