Fairness cream: ফর্সা হতে গিয়ে চরম সর্বনাশ! ক্রিম মেখে কিডনি বিকল কিশোরীর | Kerala Teen Suffers Kidney Damage From Fairness Cream - 24 Ghanta Bangla News
Home

Fairness cream: ফর্সা হতে গিয়ে চরম সর্বনাশ! ক্রিম মেখে কিডনি বিকল কিশোরীর | Kerala Teen Suffers Kidney Damage From Fairness Cream

Spread the love

Fairness cream: ফর্সা হতে গিয়ে চরম সর্বনাশ! ক্রিম মেখে কিডনি বিকল কিশোরীর

কী বলছেন চিকিৎসক?Image Credit: AI Tool

রাতারাতি ফর্সা ত্বক, উধাও হবে ব্রণ আর কালো দাগ! সোশাল মিডিয়ার চটকদার বিজ্ঞাপনে ভুলে গিয়েই বড়সড় বিপদ ডেকে আনল কেরলের ১৭ বছরের এক কিশোরী। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারদের কথায় কেনা ফেয়ারনেস ক্রিম মেখে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার কিডনি। এই ঘটনা সামনে আসতেই ফর্সা হওয়ার নেশা এবং ক্ষতিকর প্রসাধনী নিয়ে কড়া ভাষায় সতর্কবার্তা দিলেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডা. কৌশিক লাহিড়ি।

কী ঘটেছে?

ঘটনাটি কেরলের মলপ্পুরমের। ইনস্টাগ্রামে একাধিক ইনফ্লুয়েন্সারের ভিডিয়ো দেখে একটি ফেয়ারনেস ক্রিম কেনার সিদ্ধান্ত নেয় ওই কিশোরী। ভিডিয়োগুলিতে দাবি করা হয়েছিল, হলুদ, চন্দন ও গ্লুটাথিওন যুক্ত এই ক্রিম ব্রণ ও দাগ দূর করে ত্বক উজ্জ্বল করবে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ক্রিমটি অর্ডার করে প্রায় এক বছর ধরে নিয়মিত সেটি ব্যবহার করে সে। কিন্তু কয়েক মাস যেতেই শুরু হয় বিপত্তি। হঠাৎ রক্তচাপ নেমে যাওয়া, মাথা ঘুরে অজ্ঞান হওয়া এবং পা ফুলে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়। মলপ্পুরমের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে জানা যায়, কিশোরীর রক্তে বিপজ্জনক মাত্রায় পারদ মিশে গিয়েছে। সে ‘মেমব্রেনাস নেফ্রোপ্যাথি’ নামক জটিল কিডনির রোগে আক্রান্ত।

ওই ক্রিমটি ল্যাবরেটরিতে পরীক্ষা করতেই চক্ষু চড়কগাছ! দেখা যায়, ক্রিমটিতে অনুমোদিত মাত্রার চেয়ে ১২ হাজার ৫০০ গুণ বেশি বিষাক্ত পারদ (১২,৫০০ পিপিএম) রয়েছে। চিকিৎসায় পরিবারের ইতিমধ্যেই প্রায় ১ লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে। সংস্থার তরফে কোনও সদুত্তর না মেলায় শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন তাঁরা। ঘটনার তদন্তে নেমে এফআইআর দায়ের করেছে পুলিশ।

কী বলেছেন চিকিৎসক?

কেরলের এই ভয়াবহ ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে টিভি৯ বাংলার কাছে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন চর্মরোগ বিশেষজ্ঞ ড: কৌশিক লাহিড়ি। তাঁর কথায়, “দেখুন, আমাদের থেকে রেসিস্ট জাত বোধহয় পৃথিবীতে আর নেই। প্রতিদিন খবরের কাগজ খুললেই দেখতে পাবেন, বিয়ের বিজ্ঞাপনগুলিতে সব সময় ফর্সা মেয়েই খোঁজা হয়।” গায়ের রঙ যে কোনও ক্রিম মেখে বদলানো যায় না, তা স্পষ্ট করে তিনি বলেন, “বারাক ওবামা বা নেলসন ম্যান্ডেলাকে তো কোনও ক্রিম মাখিয়ে ফর্সা করতে পারব না! এই কথাটা রোজ বোঝালেও মানুষ বোঝেন না। পৃথিবীতে এর আগে অনেক খারাপ মানুষ ছিলেন, যাঁরা ফর্সা ছিলেন। তাই ফর্সা আর কালোর এই জিনিসটা আগে মাথায় ঢোকাতে হবে।”

ড: লাহিড়ি জানান, বহুদিন ধরেই তাঁরা সাধারণ মানুষকে বোঝাচ্ছেন যে স্টেরয়েড কীভাবে ত্বকের ক্ষতি করছে। কিন্তু কেরলের ঘটনায় ওই ক্রিমে পারদ, ক্যাডমিয়াম এবং ক্রোমিয়ামের মতো বিষাক্ত উপাদান ছিল। এর ফলে কিডনি বা রেনাল ড্যামেজ, হাড়ের ক্ষয় বা বোন ড্যামেজ-সহ শরীরের ভয়ঙ্কর ক্ষতি হতে পারে। আইনি দিকটি তুলে ধরে তিনি আরও জানান, আইন অনুযায়ী ফর্সা করার ক্রিম বা শারীরিক পরিবর্তনের যে কোনও বিজ্ঞাপন সম্পূর্ণ বেআইনি। তবুও কেউ নিয়ম মানছে না এবং দেদার বিজ্ঞাপন চলছে। তাই বড় বিপদ এড়াতে এই ধরনের ফেয়ারনেস ক্রিম থেকে বারবার দূরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *