১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা! দিল্লি থেকে বিমান চেয়ে ঢাকাকে বার্তা

ঢাকা: ভারত থেকে বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানিয়ে দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৬ ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবসেই ঢাকায় ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। শুধু তাই…
ঢাকা: ভারত থেকে বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানিয়ে দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৬ ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবসেই ঢাকায় ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। শুধু তাই নয়, দিল্লি থেকে তাঁকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়ানের ব্যবস্থাও করতে বলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। মঙ্গলবার সংবাদসংস্থা রয়টার্সকে এই খবর জানিয়েছেন হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি।
২০২৪ সালের ৫ অগস্ট ছাত্র আন্দোলনের জেরে ক্ষমতা হারানোর পর বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন হাসিনা। তাঁর টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটে। তারপর থেকে দিল্লিতেই রয়েছেন তিনি। এবার প্রথমবার নির্দিষ্ট দিন উল্লেখ করে দেশে ফেরার পরিকল্পনার কথা জানালেন আওয়ামি লিগ নেত্রী।
হাসিনার বক্তব্য, ২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশের একটি বিমানে করেই তাঁকে ভারতে নিয়ে আসা হয়েছিল। তাই এবার দেশে ফেরানোর দায়িত্বও বাংলাদেশের সরকারের নেওয়া উচিত। বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য জাতীয় বিমান সংস্থার উড়ানের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তিনি। তাঁর মুখপাত্রের কথায়, সংবিধানবিরোধী পরিস্থিতিতে তাঁকে দেশছাড়া করা হয়েছিল। ফলে দেশে ফেরার পথ সুগম করার দায়িত্ব সরকারের।
পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবেই নতুন করে বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বা এনআইডি চেয়েছিলেন হাসিনা। গত ৯ নভেম্বর তাঁর আইনজীবী সংস্থা লন্ডনের ম্যাট্রিক্স চেম্বার্স দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করে। প্রয়োজনীয় নথি চেয়ে আবেদন জানান তাঁরা। পরে হাসিনার স্বাক্ষর করা অনুমতিপত্র-সহ আরও একটি চিঠিও পাঠানো হয়।
তবে এই আবেদন নিয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তাদের বক্তব্য, হাসিনাকে নতুন করে ভ্রমণের নথি দেওয়া হবে না। প্রত্যর্পণ চুক্তি মেনেই তাঁকে ভারতে থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। ঢাকার তরফে ইতিমধ্যেই দিল্লির কাছে প্রত্যর্পণের আবেদন জানানো হয়েছে। ভারত সরকার বিষয়টি আইনি প্রক্রিয়া মেনে খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে।
বাংলাদেশে ফিরলেই গ্রেফতারের হুঁশিয়ারি
অন্যদিকে, হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেফতার করে জেলে পাঠানো হবে বলে জানিয়েছে বাংলাদেশের সরকার। গত রবিবার রয়টার্সকে এক বাংলাদেশি মন্ত্রী এমনটাই জানিয়েছেন। দিল্লির সঙ্গে তাঁকে দেশে ফেরানোর জন্য বিমান পাঠানো নিয়ে কোনও সরকারি আলোচনা হয়নি বলেও দাবি করা হয়েছে।
হাসিনার বিরুদ্ধে ২০২৫ সালের নভেম্বর মাসে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০২৪ সালের ছাত্র আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাঁর অনুপস্থিতিতেই এই রায় দেওয়া হয়। যদিও গোটা বিচারপ্রক্রিয়া এবং রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছেন হাসিনা। রাষ্ট্রসংঘের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের অশান্তিতে বাংলাদেশে প্রায় ১,৪০০ মানুষের মৃত্যু হয়েছিল।
দেশজুড়ে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
হাসিনার ফেরার ঘোষণার মধ্যেই বাংলাদেশের বিভিন্ন এলাকায় রাজনৈতিক সংঘর্ষ ও হিংসার ঘটনা সামনে আসছে। তাঁর সমর্থকেরা দেশে ফেরানোর দাবিতে আন্দোলন করছেন। অন্যদিকে, বিভিন্ন জেলায় বোমাবাজি, অগ্নিসংযোগ এবং সংঘর্ষের খবর মিলেছে।
আগামী ২৯ ও ৩০ নভেম্বর দেশজুড়ে ৪৮ ঘণ্টার বন্ধের ডাক দিয়েছে আওয়ামি লিগ। বর্তমানে বাংলাদেশে দলটির রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাড়িয়েছে প্রশাসন।
এই পরিস্থিতিতে ১৬ ডিসেম্বর হাসিনার বাংলাদেশে ফেরার পরিকল্পনা ঘিরে নতুন করে রাজনৈতিক ও আইনি জটিলতা তৈরি হয়েছে। তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় এবং প্রত্যর্পণ নিয়ে দুই দেশের অবস্থানের মধ্যে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় ঢাকা ও দিল্লি, এখন সেদিকেই নজর।
মহাকাশে পরমাণু অস্ত্র পাঠানোর প্রস্তুতি রাশিয়ার! ডিসেম্বরেই উৎক্ষেপণ
সামরিক মহড়ায় ভয়াবহ দুর্ঘটনা! ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু দুই ভারতীয় সেনার