পাঞ্জাবে ফের বিজেপি-অকালি জোট! ২০২৭ নির্বাচনের আগেই বড় চাল NDA র

অমৃতসর: দীর্ঘ ছয় বছরের দূরত্ব ও রাজনৈতিক ( BJP Akali Dal)টানাপড়েনের অবসান ঘটিয়ে অবশেষে ফের এক ছাতার তলায় আসতে চলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং…
অমৃতসর: দীর্ঘ ছয় বছরের দূরত্ব ও রাজনৈতিক ( BJP Akali Dal)টানাপড়েনের অবসান ঘটিয়ে অবশেষে ফের এক ছাতার তলায় আসতে চলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং শিরোমণি অকালি দল (এসএডি)। আগামী ২০২৭ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে দুই পুরনো শরিক দলের মধ্যে জোটের সমীকরণ চূড়ান্ত হয়ে গিয়েছে।
আজ, মঙ্গলবার ২৪ নভেম্বর দুপুর ১টায় নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে এক যৌথ সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই ঐতিহাসিক পুনর্মিলনের আনুষ্ঠানিক ঘোষণা হতে চলেছে। এই মেগা বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন এবং শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদল।
আরও দেখুনঃ মুম্বইতে বিশাল ধরপাকড়! পুলিশের জালে ৭ অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী
রাজনৈতিক মহলের খবর অনুযায়ী, ( BJP Akali Dal)এবারের আসন সমঝোতায় বড়সড় চমক থাকতে চলেছে। বিগত জোটের তুলনায় এবার পাঞ্জাবে বিজেপি দ্বিগুণেরও বেশি আসনে লড়াই করার সুযোগ পাচ্ছে। উল্লেখ্য, ১৯৯৬ সাল থেকে দীর্ঘ ২৪ বছর ধরে পাঞ্জাবের রাজনীতিতে অবিচ্ছেদ্য অঙ্গ ছিল বিজেপি ও অকালি দলের এই জোট। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনেও দুই দল একসঙ্গে লড়েছিল; সেবার ১১৭টি আসনের মধ্যে অকালি দল ৯৪টি এবং বিজেপি মাত্র ২৩টি আসনে প্রার্থী দিয়েছিল।
কিন্তু ২০২০ সালের সেপ্টেম্বরে কেন্দ্রের তিনটি কৃষি আইন নিয়ে মতবিরোধের জেরে এনডিএ ছেড়ে বেরিয়ে আসে অকালি দল, এবং ভেঙে যায় দুই দশকের বেশি পুরনো এই জোট। যদিও পরবর্তীকালে কেন্দ্র ওই কৃষি আইনগুলি প্রত্যাহার করে নেয়।২০২০ সালে জোট ভাঙার পর ২০২২ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনে দুই দলই আলাদাভাবে লড়াই করে চরম বিপর্যয়ের মুখে পড়ে।
আম আদমি পার্টি (আপ)-এর ঝড়ে রাজ্যের রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ে অকালি দল ও বিজেপি উভয়েই। ওই নির্বাচনে বিজেপি মাত্র দুটি আসনে জয়ী হয় এবং অকালি দলের ভোটব্যাঙ্কেও বড়সড় ধস নামে। ( BJP Akali Dal)রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পৃথকভাবে লড়াই করলে পাঞ্জাবের ক্ষমতায় ফেরা যে কোনো দলের পক্ষেই কঠিন, সেই বাস্তবতা উপলব্ধি করেই গত কয়েক মাস ধরে পর্দার আড়ালে দুই দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে দফায় দফায় আলোচনা চলছিল।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি একাধিক জনসভায় ২০২৭ সালে পাঞ্জাবে এনডিএ সরকার গঠনের ইঙ্গিত দিয়েছিলেন। অন্যদিকে, সুখবীর সিং বাদলও কংগ্রেস এবং আম আদমি পার্টিকে পাঞ্জাবের প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করে সমমনস্ক দলের সঙ্গে জোট বাঁধার বার্তা দিয়েছিলেন। অবশেষে গুরু নানক জয়ন্তীর পুণ্য লগ্নে দিল্লির বৈঠক থেকে এই জোটের আনুষ্ঠানিক সিলমোহর পড়তে চলেছে।
তবে নতুন সমীকরণে পাঞ্জাবের রাজনীতিতে বিজেপির দর কষাকষির ক্ষমতা যে অনেকটাই বেড়েছে, তা আসন বণ্টনের ফর্মুলা থেকেই স্পষ্ট। আগে যেখানে বিজেপি মাত্র ২৩টি আসনে লড়ত, সেখানে এবার তারা তার দ্বিগুণেরও বেশি অর্থাৎ অন্তত ৪৬টির বেশি আসনে লড়াই করতে চলেছে বলে সূত্রের খবর। শহুরে হিন্দু ভোটব্যাঙ্কের পাশাপাশি গ্রামীণ শিখ ভোটব্যাঙ্ককে একত্রিত করতেই এই কৌশল নিয়েছে গেরুয়া শিবির ও অকালি দল।