সিন্ধু ভাগের প্রস্তাবে উত্তাল পাকিস্তান, করাচিতে হাজার হাজার মানুষের বিক্ষোভ! - 24 Ghanta Bangla News
Home

সিন্ধু ভাগের প্রস্তাবে উত্তাল পাকিস্তান, করাচিতে হাজার হাজার মানুষের বিক্ষোভ!

Spread the love


ইসলামাবাদ: পাকিস্তানে নতুন প্রদেশ তৈরির প্রস্তাব ঘিরে এবার তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়াল সিন্ধুতে। প্রদেশের ভৌগোলিক সীমানা বদলের বিরোধিতায় করাচির রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। তাঁদের…

ইসলামাবাদ: পাকিস্তানে নতুন প্রদেশ তৈরির প্রস্তাব ঘিরে এবার তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়াল সিন্ধুতে। প্রদেশের ভৌগোলিক সীমানা বদলের বিরোধিতায় করাচির রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। তাঁদের দাবি, সিন্ধুর ঐতিহাসিক পরিচয় ও অখণ্ডতা কোনওভাবেই ভাগ হতে দেওয়া যাবে না। বিক্ষোভকারীদের একাংশ শুধু প্রদেশ ভাগের বিরোধিতাই নয়, স্বাধীন সিন্ধুদেশ গঠনের দাবিও তুলেছেন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, পাঞ্জাব প্রদেশে অর্থনৈতিক অবরোধের হুঁশিয়ারিও দিয়েছে একটি জাতীয়তাবাদী সংগঠন।

রবিবার করাচিতে জেয় সিন্ধু রাহবার কমিটির উদ্যোগে বড় মিছিল হয়। চারটি সিন্ধি জাতীয়তাবাদী সংগঠনের এই জোটের ডাকে আয়োজিত কর্মসূচিতে লাল পতাকা হাতে যোগ দেন বহু মানুষ। নেতৃত্বে ছিলেন রিয়াজ আলি চানদিও এবং নিয়াজ কালানির মতো নেতারা। আইনজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও মিছিলে অংশ নেন। করাচির পাশাপাশি হায়দরাবাদ, নবাবশাহ, লারকানা-সহ সিন্ধুর বিভিন্ন এলাকাতেও প্রতিবাদ কর্মসূচি হয়েছে। বিক্ষোভকারীদের বক্তব্য, গণভোটের নামে আগে থেকে ঠিক করা সিদ্ধান্তকে বৈধতা দেওয়ার চেষ্টা হতে পারে।

এই বিতর্কের সূত্রপাত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির নতুন প্রদেশ বা ছোট প্রশাসনিক একক তৈরির প্রস্তাব থেকে। জনমত জানতে গণভোটের কথাও বলেছেন তিনি। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের বক্তব্য, পাকিস্তানে প্রদেশের সংখ্যা ১২ পর্যন্ত হতে পারে। তবে ২২ নভেম্বর পর্যন্ত নতুন প্রদেশ তৈরির বিষয়ে সরকারের কোনও আনুষ্ঠানিক লিখিত প্রস্তাব সংশ্লিষ্ট দফতরে জমা পড়েনি বলে সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সিন্ধুর ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টি এই পরিকল্পনার বিরোধিতা করছে। দলের নেতা বিলাওয়াল ভুট্টো-জারদারি হুঁশিয়ারি দিয়েছেন, জোর করে সিন্ধুকে ভাগ করার চেষ্টা হলে পরিস্থিতি রক্তক্ষয়ী হয়ে উঠতে পারে। অন্যদিকে, মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান নতুন প্রদেশ তৈরির পক্ষে।

এদিকে জেয় সিন্ধু মুত্তাহিদা মহাজ সংগঠন পাঞ্জাবে অর্থনৈতিক অবরোধের ডাক দেওয়ার কথা জানিয়েছে। তাদের দাবি, সিন্ধুর জমি, প্রাকৃতিক সম্পদ ও রাজনৈতিক অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে বঞ্চনা চলছে। সংগঠনটি এবার স্বাধীন সিন্ধুদেশের দাবিতে আন্দোলন আরও জোরদার করার কথাও বলেছে। আগামী ২৯ নভেম্বর করাচিতে ফের কর্মসূচি ঘিরে উত্তেজনা বাড়ার আশঙ্কা রয়েছে।

মহাকাশে পরমাণু অস্ত্র পাঠানোর প্রস্তুতি রাশিয়ার! ডিসেম্বরেই উৎক্ষেপণ

৯/১১-র মতো হামলার আশঙ্কা? আল কায়দার বার্তা ঘিরে আমেরিকায় তীব্র সতর্কতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *