পাকিস্তানকে ‘চার টুকরো’ করার বড় চক্রান্ত মুনিরের, করাচিতে পথে হাজার হাজার মানুষ
দেশভাগের পর থেকে পাকিস্তানে প্রধান প্রশাসনিক প্রদেশের সংখ্যা মাত্র চার— পাঞ্জাব, সিন্ধু, খাইবার পাখতুনখোয়া এবং বালুচিস্তান। সেই চারটিকে ভেঙে ছোট ছোট প্রদেশ তৈরির পক্ষপাতী পাক সেনাবাহিনীর সর্বেসর্বা, ফিল্ড মার্শাল আসিম মুনির। এই প্রস্তাবের বিরুদ্ধে এ বার পথে নামলেন সিন্ধু প্রদেশের বহু মানুষ। মঙ্গলবার এই প্রদেশের রাজধানী করাচিতে বিক্ষোভ দেখান বিভিন্ন রাজনৈতিক দল, আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তাঁদের বক্তব্য, সিন্ধুর ভৌগোলিক অখণ্ডতা নিয়ে কোনও রকম আপস করা হবে না। এই প্রদেশের পরিচিত তার প্রাচীন ইতিহাস এবং সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। শুধুমাত্র প্রশাসনিক সুবিধার দিকটি দেখলে চলবে না।