ঘুষ নিতে গিয়ে ধৃত সার্জেন্ট, ধৃত পুর ইঞ্জিনিয়রও - 24 Ghanta Bangla News
Home

ঘুষ নিতে গিয়ে ধৃত সার্জেন্ট, ধৃত পুর ইঞ্জিনিয়রও

Spread the love

এই সময়: গাড়ি ছাড়ানো থেকে বাড়ির মিউটেশন—পৃথক দু’টি ঘটনায় ঘুষ চাওয়ার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করল রাজ্য দুর্নীতি দমন শাখা (এসিবি)। গাড়ির কেস তুলে নেওয়ার বিনিময়ে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে এন্টালি থানার এক সার্জেন্টকে গ্রেপ্তার করেছে এসিবি।

অন্য দিকে, মিউটেশন দ্রুত করিয়ে দেওয়ার জন্য ৪৫০০ টাকা ঘুষ চাওয়ার অভিযোগে কলকাতা পুরসভার অ্যাসেসমেন্ট সেলের এক ইনস্পেক্টর-সহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে—এমনটাই সূত্রের খবর।

এসিবি সূত্রে খবর, একটি মামলার সূত্রে অভিযোগকারীর গাড়ি আটকে এন্টালি থানায় রাখা হয়েছিল। সেই গাড়ি ছেড়ে দেওয়ার বিনিময়ে ১০ হাজার টাকা ঘুষ দাবি করার অভিযোগ ওঠে থানার এক সার্জেন্টের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে সোমবার এসিবি–র অফিসারেরা সাদা পোশাকে হাজির হন। ঘুষের টাকা নেওয়ার সময়ে হাতেনাতে ধরা পড়েন ওই পুলিশকর্মী।

অন্য ঘটনায়, ডানলপের বীরপাড়ার এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে কলকাতা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে একটি বাড়ির মিউটেশন করিয়ে দেওয়ার জন্য ঘুষ চাওয়ার তদন্তে নামে এসিবি। অভিযোগ, মিউটেশনের প্রক্রিয়া দ্রুত শেষ করতে পুরসভার অ্যাসেসমেন্ট সেলের এক ইনস্পেক্টর ৪৫০০ টাকা ঘুষ চান। এক মধ্যস্থতাকারীর মাধ্যমে ওই টাকা নেওয়ার ব্যবস্থা হয়।

সোমবার এসিবি-র অভিযানে ঘুষের টাকা নেওয়ার সময়ে ধরা পড়েন ওই মধ্যস্থতাকারী। সেই সূত্র ধরে অভিযুক্ত ইনস্পেক্টরকেও গ্রেপ্তার করা হয়। দু’টি ঘটনায় তদন্ত শুরু করেছে এসিবি। যদিও কলকাতা পুরসভার আধিকারিকেরা এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *