ব্যর্থ বৈভব-রিঙ্কুরা, কুম্ভ হয়ে লড়ে শতরান তিলকের, তবু পাকিস্তানের কাছে ৪৮ রানে হারল ভারত
শেষ পর্যন্ত কুম্ভ হয়ে লড়াইটা একাই চালিয়ে গেলেন অধিনায়ক তিলক বর্মা (Tilak Varma)। এক প্রান্তে নিয়মিত উইকেট পড়ছে, অন্য প্রান্তে জয়ের আশা বাঁচিয়ে রাখতে রান করে চলেছেন তিনি। যতক্ষণ ক্রিজ়ে ছিলেন, ততক্ষণ জয়ের আশাটুকু বাঁচিয়ে রেখেছিলেন তিলক। শুধু ইনিংস সামলানো নয়, শেষ পর্যন্ত শতরানও পূর্ণ করলেন। কিন্তু অধিনায়কের এমন লড়াইও হার বাঁচানোর জন্য যথেষ্ট হলো না।
এশিয়া কাপ রাইজ়িং স্টারসে (Asia Cup Rising Stars) পাকিস্তান ‘এ’ (Pakistan A) দলের কাছে ৪৮ রানে হারল ভারত ‘এ’ (India A)। হাসান নওয়াজ় (Hasan Nawaz), মাজ় সাদাকত (Maaz Sadaqat) ও ফারহান ইউসুফের (Farhan Yousaf) ব্যাটে ভর করে প্রথমে ৩১৩ রান তুলেছিল পাকিস্তান। জবাবে অভিষেক শর্মার (Abhishek Sharma) ঝোড়ো ইনিংস, তিলকের সেঞ্চুরি এবং শাহবাজ় আহমেদের (Shahbaz Ahmed) অর্ধশতরান— কোনও কিছুই কাজে এল না। ২৬৫ রানেই শেষ হয়ে গেল ভারতের ইনিংস।
নেপালের বিরুদ্ধে ৩০৬ রানের বিশাল জয় দিয়ে প্রতিযোগিতা শুরু করেছিল ভারত ‘এ’। সেই ম্যাচে তিলক ও কুমার কুশাগ্র (Kumar Kushagra)— দু’জনেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ফলে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়েও আত্মবিশ্বাসী ছিল দল। কিন্তু এই ম্যাচে ব্যাটিংয়ের শুরুতেই ধাক্কা, মাঝের ওভারগুলিতে উইকেটের পতন এবং শেষ দিকে তিলককে সঙ্গ দিতে না পারা— সব মিলিয়ে বড় মঞ্চে প্রত্যাশা পূরণ করতে পারল না ভারত।