কলকাতায় সোমনাথ জ্যোতির্লিঙ্গের পবিত্র অংশের দর্শন, শ্রীশ্রী অ্যাকাডেমিতে ভক্তের ঢল
কেমন হয়েছে এই অনুষ্ঠান?
পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, ‘অনুষ্ঠানটি সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো। অত্যন্ত মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে গোটা অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। কলকাতায় আর্ট অফ লিভিংয়ের আয়োজিত একাধিক অনুষ্ঠানে আমি উপস্থিত থেকেছি। একটা কথা বলতে পারি, প্রতিবারই এই ধরনের কোনও অনুষ্ঠান থেকে বেরিয়ে আসার পর মনে হয়, যেন মনটা আরও একটু ভাল হয়ে গেল।’
অনুষ্ঠান সম্পর্তে অভিনেতা যশ দাশগুপ্ত বলেন, ‘আমরা বিভিন্ন জ্যোতির্লিঙ্গ দর্শন করেছি। আর এবার নিজের শহরেই দর্শনের সুযোগ হলো। প্রার্থনা করলে আমার খুব ভাল লাগে। বাবা যেন মনে একটা অদ্ভুত শান্তি এনে দেন। আমার মনে হয়, গুরুদেব ও আর্ট অফ লিভিংয়ের এটি অত্যন্ত সুন্দর একটি উদ্যোগ। এর ফলে বহু মানুষ এখন নিজের শহরেই দর্শনের সুযোগ পাচ্ছেন। মনে হচ্ছে, বাবা যেন নিজেই মানুষের ঘরে ঘরে গিয়ে দর্শন দিচ্ছেন। আসলে সবটাই তাঁর ইচ্ছা। আমরা তো শুধু তাঁর কাজ করে চলেছি।’
বেঙ্গালুরুর আর্ট অফ লিভিং আন্তর্জাতিক কেন্দ্রের বৈদিক গুরুকুল থেকে আগত বৈদিক পুরোহিতরা এই বিশেষ পুজোর জন্য পশ্চিমবঙ্গে এসেছিলেন। তাঁদের পৌরোহিত্যেই অনুষ্ঠিত হয়েছে রুদ্রাভিষেক।
এর আগে এমন পুজোর অভিজ্ঞতা হয়নি বলে জানিয়েছেন আগত দর্শনার্থী নেহা মিশ্র। ইতিহাসের ছাত্রী নেহার কথায়, ‘কাউকে চোখ বন্ধ করতে বলা হয়নি। অথচ সোমনাথজির দর্শনের পর মানুষ স্বতঃস্ফূর্তভাবেই চোখ বন্ধ করে মনের ভেতরে তাঁকে অনুভব করতে শুরু করেন।’