Health benefits: বেশি আলু খাওয়া ভাল না খারাপ? | Is Eating Too Many Potatoes Good or Bad for Health? Know the Truth - 24 Ghanta Bangla News
Home

Health benefits: বেশি আলু খাওয়া ভাল না খারাপ? | Is Eating Too Many Potatoes Good or Bad for Health? Know the Truth

Spread the love

Health benefits: বেশি আলু খাওয়া ভাল না খারাপ?

কী বলছেন পুষ্টিবিদরা?Image Credit: Magnific

বিরিয়ানিতে আলু (Potato) না থাকলে বাঙালির মনই ভরে না! আর রবিবারের মাংসের ঝোলে সেই নরম তুলতুলে আলুটা? ওটা ছাড়া তো খাওয়াই অসম্পূর্ণ। সকালের জলখাবার থেকে রাতের ডিনার, আমাদের হেঁশেলে আলুর দাপট সবসময়ই তুঙ্গে। কিন্তু ইদানীং যেন বেচারা আলুকে নিয়ে খুব চর্চা চলছে। কেউ বলছেন আলু খেলেই নাকি ভুঁড়ি বাড়বে, কেউ আবার সুগারের ভয় দেখাচ্ছেন। সত্যিই কি আলু আমাদের শরীরের এত বড় শত্রু? নাকি না জেনেই আমরা তাকে ভিলেন বানিয়ে দিচ্ছি?

আলুরও আছে লুকানো গুণ!

যতই বদনাম হোক না কেন, আলু কিন্তু মোটেও ফেলনা নয়। এর ভেতরে লুকিয়ে আছে দারুণ পুষ্টিগুণ। বিশেষ করে আলুর খোসায় থাকে প্রচুর ফাইবার। এছাড়াও এতে মেলে ভিটামিন সি আর পটাশিয়াম। শরীর চট করে ক্লান্ত হয়ে পড়লে একটা মাঝারি মাপের আলু নিমেষে শক্তি জোগাতে পারে। এমনকি এর পটাশিয়াম রক্তচাপ বশে রাখতেও দারুণ কাজ করে।

তা হলে এত ভয় কেন?

তবুও ডাক্তারবাবুরা আলু দেখলেই একটু সাবধান করেন। কেন বলুন তো? কারণ আলুতে কার্বোহাইড্রেট অনেকটা বেশি থাকে। ফলে আলু খেলে রক্তে চিনির মাত্রা খুব তাড়াতাড়ি বেড়ে যায়। হার্ভার্ড টি.এইচ. চ্যান স্কুল অফ পাবলিক হেলথ-এর একটি গবেষণায় চমকে দেওয়ার মতো তথ্য সামনে এসেছে। সেখানে দেখা গিয়েছে, যারা রোজ খুব বেশি আলু খান, তাদের ওজন বাড়ার পাশাপাশি টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়।

আসলে দোষটা আলুর নয়, দোষ হল আমাদের রান্নার ধরনের। পুষ্টিবিদরা বলছেন, আমরা কীভাবে আলু খাচ্ছি, তার উপরেই সবটা নির্ভর করে। ছাঁকা তেলে ভাজা মুচমুচে আলুভাজা, দোকানের চিপস কিংবা ফ্রেঞ্চ ফ্রাই, এগুলোই যত নষ্টের গোড়া। এভাবে খেলে শরীরে প্রচুর বাড়তি তেল আর ক্যালোরি ঢোকে। তখনই হার্টের সমস্যা আর বাড়তি ওজন জাঁকিয়ে বসে।

কীভাবে খেলে বিপদ নেই?

সেই একই আলু যদি সেদ্ধ করে বা একদম অল্প তেলে রান্না করে খান, তবে কিন্তু ছবিটা পুরো বদলে যাবে। গবেষণায় দেখা গিয়েছে, সেদ্ধ আলু একটু ঠান্ডা করে খেলে তাতে এমন এক উপকারী উপাদান তৈরি হয়, যা আমাদের পেটের জন্য খুব ভাল।

দিনে ঠিক কতটা আলু খাওয়া উচিত?

পুষ্টিবিদদের মতে, একজন সুস্থ স্বাভাবিক মানুষ দিনে একটা মাঝারি মাপের আলু (প্রায় ১০০-১৫০ গ্রাম) নিশ্চিন্তে খেতে পারেন। তবে সেটা অবশ্যই সুষম খাবারের অংশ হতে হবে। আর আপনার যদি ডায়াবেটিস থাকে বা ওজন কমানোর চেষ্টা করেন, তা হলে রোজ আলু না খাওয়াই ভাল। সে ক্ষেত্রে সপ্তাহে দুই থেকে তিন দিন অর্ধেকটা মাঝারি মাপের আলু খেতে পারেন। আর আলুর সঙ্গে সবুজ শাকসবজি বা প্রোটিন রাখলে রক্তে চিনির মাত্রা চট করে বাড়ে না।

তাই আলুকে একদম পাতে তোলা বন্ধ করার কোনও মানেই হয় না। ওজন বা সুগারের সমস্যা থাকলে শুধু পরিমাণটা একটু বুঝে খান। ভাজাভুজির লোভ সামলে সঠিক নিয়মে আলু খেলে এটি কখনও আপনার ক্ষতি করবে না। বরং নিশ্চিন্তে পাত পেড়ে উপভোগ করতে পারবেন বাঙালির চিরকালের প্রিয় এই সবজিটিকে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *