CM Suvendu Adhikari: ৫ টাকায় শুধু মাছ-ভাত নয়, মিলবে সাত্ত্বিক আহারও, বৈষ্ণবদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর | CM Suvendu Adhikari Announces Complete Veg Satvik Meals at just 5 Rs in Maa Ahar for Vaishnavas
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।Image Credit: TV9 বাংলা
কলকাতা: টাকার অভাবে আর অনাহারে থাকতে হবে না। রাজ্যে আরও ৫০০টি ‘মা আহার’ চালু করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। সেখানে মাত্র পাঁচ টাকায় পাওয়া যাবে পেট ভরে ভাত-মাছ। তবে শুধু আমিষ খাবারই নয়, বৈষ্ণব সমাজের কথা মাথায় রেখে মা আহারে নিরামিষ সাত্ত্বিক খাবার (Satvik Meal) চালু করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
এ দিন গৌরি মেলার উদ্বোধনে আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিউটাউনে আয়োজিত এই মেলায় মহিলা স্বনির্ভর গোষ্ঠীর হাতে তৈরি নানা ঘর সাজানোর জিনিস, পোশাক, খাবার ও মশলা সহ নানা সামগ্রী বিক্রি হচ্ছে। গৌরি মেলার মঞ্চে দাঁড়িয়েই মহিলাদের ক্ষমতায়নের জন্য মুখ্যমন্ত্রী আরও মা আহার চালুর ঘোষণা করেন। তিনি জানান যে এবার কলকাতার পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে মা আহার চালু করা হবে। মেডিক্যাল কলেজ, আদালত, বাস স্ট্যান্ড, প্রশাসনিক দফতর, বাজার, স্টেশনের মতো জনবহুল জায়গার সামনে এই মা আহারের স্টল খোলা হবে।
তিনি বলেন, “বর্তমানে মা আহারের সংখ্যা ৫০০টি। সেখানে সপ্তাহে দু’দিন মাছ দেওয়া হয়। আমরা ১৩৪ কোটি টাকা অতিরিক্ত খরচ করছি। আরও ৫০০টি মা আহারের জনবহুল স্থানে ছড়িয়ে দেওয়ার কর্মসূচি নিয়েছি। তাতে স্বনির্ভর গোষ্ঠীর কাজের সুযোগ বাড়বে।”
বৈষ্ণব ধর্মাবলম্বীদের কথা ভেবে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ” বৈষ্ণব ধর্মের মানুষের জন্য সাত্ত্বিক আহারের জন্য বারাসত মা আহার চালু করে দেবেন। নবদ্বীপ সহ অন্যত্র থেকে অনুরোধ আসবে। সেখানে করে দেবেন। অতিরিক্ত অর্থ সরকার দেবে।”