Rohit Sharma: রানের খাতা শূন্য রেখে সাউদির শিকার রোহিত, ক্যাপ্টেনকে নিয়ে চিন্তা বাড়ল ভারতের! – Bengali News | Rohit Sharma dismissed for a 9 ball duck, Tim Southee got his wicket, India ends Day 1 for 16/1 vs NZ 2nd Test
কলকাতা: হিটম্যানের হলটা কী? পুনে টেস্টে রানের খাতা খোলার আগেই মাঠ ছাড়লেন রোহিত শর্মা (Rohit Sharma)। কিউয়ি তারকা পেসার টিম সাউদি ক্লিন বোল্ড করেন ভারত অধিনায়ককে। এই নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ বার রোহিতকে আউট করলেন সাউদি। বেঙ্গালুরু টেস্টে ভারতের প্রথম ইনিংসে সাউদি ক্লিন বোল্ড করেছিলেন রোহিতকে। পুনেতে তারই যেন পুনরাবৃত্তি করলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে ৩ ইনিংসে রোহিতের আউট হওয়ার ধরন একই। প্রতি বার ক্লিন বোল্ড হয়েছেন তিনি। অজি সফরের আগে রোহিতের এই আউট হওয়ার ধরন নিঃসন্দেহে চিন্তা বাড়াল ভারতীয় শিবিরের।
পুনে টেস্টের প্রথম দিনের শেষবেলায় শুরু হয় ভারতের প্রথম ইনিংস। ওপেনিংয়ে নামেন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। কয়েকটা ওভার কাটিয়ে দিলেই আগামিকাল পুরো দিনটা ব্যাটিং চালিয়ে যেতে পারতেন রোহিত। কিন্তু কোথায় কী! তৃতীয় ওভারের শেষ বলে টিম সাউদি ক্লিন বোল্ড করলেন রোহিতকে। তার আগে ৯ বলের মোকাবিলা করলেও এক রানও পাননি রোহিত। বেঙ্গালুরুতে প্রথম টেস্টে বিরাট কোহলিও ৯ বল খেলেছিলেন। তারপর শূন্যে ফিরেছিলেন। পুনেতে সেটা হল রোহিতের সঙ্গে।
স্পিনাররা বেশি ওভার বোলিং করেছেন। ফলে দ্রুত ওভার শেষ হয়েছে। সময় থাকায় খেলা চালিয়ে যাওয়া হয়। নিউজিল্যান্ড ব্যাট করেছে ৭৯.১ ওভার। ধরা যাক ৮০ ওভারই। ইনিংস ব্রেকের ১০ মিনিট। ফলে ভারতের ব্রেকে ২ ওভার ধরা যাক। তাতেও সময় বেঁচে গেল। ভারতের ৮ ওভারেই দিনের খেলা শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। শেষ অবধি ভারত প্রথম দিন ব্যাট করল ১১ ওভার। তাতে ১ উইকেট হারিয়ে ১৬ রান তুলেছে ভারত। স্পিনাররা এত ওভার বোলিং না করলে হয়তো দিনের ৯০ ওভার হতই না!