মাতৃত্বকালীন ভাতায় আবেদনের ঝক্কি কমাচ্ছে ইএসআইসি
এই সময়: অসুস্থতা বা মাতৃত্বকালীন ছুটির সময়ে আর্থিক সুবিধে বহাল রাখতে কর্মীদের বারবার আবেদন করার ঝক্কি কমাতে নতুন সিদ্ধান্ত নিয়েছে এমপ্লয়িজ় স্টেট ইনশিওরেন্স কর্পোরেশন (ইএসআইসি)। নতুন নিয়মে নির্দিষ্ট শর্ত পূরণ হলে অসুস্থতা ও মাতৃত্বকালীন ভাতার টাকা কোনও পৃথক আবেদন ছাড়াই সরাসরি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে।
কর্মক্ষেত্রে আহত বা স্থায়ী ভাবে অক্ষম হয়ে পড়া কর্মীদের পাশাপাশি দুর্ঘটনায় কর্মীর মৃত্যু হলে তাঁর পরিবারের সদস্যদের আর্থিক সুবিধে পাওয়ার প্রক্রিয়াও সহজ করা হয়েছে। রবিবার ইএসআইসি এক বিজ্ঞপ্তি দিয়ে তাদের নতুন সাধারণ বিধি, ২০২৬ প্রকাশ করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এর ফলে প্রায় ৪ কোটি বিমাকৃত কর্মী এবং তাঁদের পরিবারের সদস্য-সহ মোট ১৫ কোটি সুবিধাভোগী উপকৃত হতে পারেন।১৯৫০-এর পুরোনো নিয়মের পরিবর্তে এই নতুন বিধি কার্যকর হবে।
২০২০-র সামাজিক সুরক্ষা বিধি, যা বাস্তবায়নে সাহায্য করবে। জুলাই মাসে এই সংক্রান্ত খসড়া প্রকাশ করে সাধারণ মানুষের মতামত চেয়েছিল ইএসআইসি। চূড়ান্ত বিধিতে বলা হয়েছে, তিনটি শর্ত পূরণ হলে অসুস্থতা ও মাতৃত্বকালীন ভাতার দাবি স্বয়ংক্রিয় ভাবে বিবেচনা করা হবে। প্রথমত, ইএসআইসি-র তথ্যপ্রযুক্তি ব্যবস্থার মাধ্যমে চিকিৎসার শংসাপত্র তৈরি হতে হবে। দ্বিতীয়ত, নিয়োগকর্তাকে নির্ধারিত মাসিক রিটার্ন অনলাইনে জমা দিতে হবে।
তৃতীয়ত, কর্মীর বিমা নম্বর আধারের সঙ্গে যুক্ত থাকতে হবে এবং তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টও আধার-সংযুক্ত হতে হবে। এই শর্তগুলি পূরণ হলে আলাদা করে আবেদন করার প্রয়োজন হবে না। তবে কর্মীরা চাইলে আগের মতোই অনলাইনে বা অন্য মাধ্যমে নিজেরা দাবি জানাতে পারবেন।কর্মক্ষেত্রে দুর্ঘটনার ক্ষেত্রে নিয়মে আরও গুরুত্বপূর্ণ বদল আনা হয়েছে। আগে সাময়িক ভাবে অক্ষম হয়ে পড়া কর্মীদের আলাদা করে আর্থিক সুবিধের জন আবেদন করতে হতো। স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে কিংবা কর্মক্ষেত্রে দুর্ঘটনায় কারও মৃত্যু হলে তাঁর পরিবারের সদস্যদেরও প্রথম কিস্তির টাকা পেতে পৃথক আবেদন করতে হত।
নতুন নিয়মে দুর্ঘটনাকে কর্মক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত বলে স্বীকৃতি দেওয়া হলে নিয়োগকর্তার জমা দেওয়া দুর্ঘটনার রিপোর্টই আর্থিক সুবিধের দাবিপত্র হিসেবে গণ্য হবে। সেই রিপোর্টের ভিত্তিতেই সাময়িক ও স্থায়ী অক্ষমতার ভাতা এবং কর্মীর মৃত্যুর ক্ষেত্রে পরিবারের নির্ভরশীল সদস্যদের ভাতা দেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারবে ইএসআইসি।নতুন বিধিতে মাতৃত্বকালীন সুবিধা পাওয়ার সময়সীমাতেও পরিবর্তন আনা হয়েছে।
প্রসবের সম্ভাব্য তারিখের আগে যে সময়ের মধ্যে মাতৃত্বকালীন ভাতার দাবি জানানো যায়, তা ৫০ দিন থেকে বাড়িয়ে ৫৬ দিন করা হয়েছে। তবে দুই বা তার বেশি জীবিত সন্তান রয়েছে, এমন বিমাকৃত মহিলাদের ক্ষেত্রে এই সময়সীমা ৪২ দিন। পাশাপাশি নিয়োগকর্তা নির্ধারিত রিটার্ন বা প্রয়োজনীয় যাচাইয়ের তথ্য সময়মতো জমা না দিলেই কর্মীর প্রাপ্য সুবিধা আটকে রাখা যাবে না। সে ক্ষেত্রে নিয়োগকর্তার কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে ইএসআইসিকে। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযুক্তিগত সমস্যা বা ব্যাঙ্কের ত্রুটির কারণে লেনদেন ব্যর্থ হলে অন্য পদ্ধতিতেও টাকা দেওয়া যাবে।
তবে কেন বিকল্প পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, তার কারণ নথিভুক্ত করতে হবে।ইএসআইসি-র আওতায় চিকিৎসা, অসুস্থতা, মাতৃত্ব, অক্ষমতা, নির্ভরশীল পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা এবং বেকারত্ব—এই ছ’ধরনের সামাজিক সুরক্ষা সুবিধা দেওয়া হয়। সামাজিক সুরক্ষা বিধি অনুযায়ী, ১০ জন বা তার বেশি কর্মী রয়েছে এমন প্রতিষ্ঠানে এই বিমার আওতা বাধ্যতামূলক। মাসে ২১ হাজার টাকা পর্যন্ত বেতন পান এমন কর্মীরা এই সুবিধার যোগ্য। প্রতিবন্ধী কর্মীদের ক্ষেত্রে বেতনের ঊর্ধ্বসীমা ২৫ হাজার টাকা।