কিকস্টার্টকে হারিয়ে জয়ের ধারা বজায় রাখল ইস্টবেঙ্গল

সায়ন সেনগুপ্ত, কলকাতা: ইন্ডিয়ান উইমেন্স লিগের তৃতীয় ম্যাচেও জয় ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন সন্ধ্যায় কল্যাণী স্টেডিয়ামে তারা…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: ইন্ডিয়ান উইমেন্স লিগের তৃতীয় ম্যাচেও জয় ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন সন্ধ্যায় কল্যাণী স্টেডিয়ামে তারা নেমেছিল বেঙ্গালুরুর ফুটবল ক্লাব কিকস্টার্ট এফসির বিরুদ্ধে। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে আসে জয়। এদিন লাল-হলুদ জার্সিতে গোল করে যান বিদেশি ফুটবলার রেস্টি নানজিরি। আজ ফাজিলা ইয়াকপুত গোল না পেলেও তার দুর্দান্ত অ্যাসিস্ট থেকেই গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন রেস্টি। পরবর্তীতে গোটা ম্যাচ জুড়ে আরও একাধিক সুযোগ তৈরি হলেও সেগুলি আর কাজে লাগানো সম্ভব হয়নি।
তবে এদিন তিন পয়েন্ট সুনিশ্চিত হওয়ায় যথেষ্ট খুশি কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ। ম্যাচ শুরুর মাত্র দুই মিনিটের মধ্যেই গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন রেস্টি নানজিরি। ম্যাচের শুরুতেই গোল পেয়ে যাওয়া নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল দলের মধ্যে। তারপর ম্যাচের বয়স বাড়ার সাথে সাথেই সিল্কি দেবি থেকে শুরু করে সুলঞ্জনা রাউলরা একের পর এক আক্রমণ গড়ে তুললেও সেগুলি গোলে থাকেনি। তারপর সুযোগ বুঝেই পাল্টা আক্রমণ শানাতে শুরু করেছিল কিকস্টার্ট। বিশেষ করে তাদের দলের বিদেশি ফুটবলার হোলালি আতিভোর থেকে শুরু করে মার্সির মত ফুটবলাররা।
কিন্তু লাল-হলুদ গোলরক্ষক পান্থই চানুকে পরাস্ত করে বল গোলে রাখা সম্ভব হয়নি প্রতিপক্ষ ফুটবলারদের পক্ষে। যারফলে প্রথমার্ধের শেষে একটি মাত্র গোলের ব্যবধানেই এগিয়ে ছিল মশাল কন্যারা। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই সমতায় ফেরার মরিয়া চেষ্টা করতে দেখা গিয়েছিল কিকস্টার্টের খেলোয়াড়দের মধ্যে। তবে গোল আসেনি। পরবর্তীতে সুযোগ বুঝেই পাল্টা আক্রমণ করতে শুরু করেছিল সুলঞ্জনা রাউলরা। কিন্তু বারংবার আটকে যেতে হচ্ছিল প্রতিপক্ষের রক্ষণে। পরবর্তীতে ব্যবধান বাড়াতে সৌম্যা গুগুলথকে মাঠে এনেছিলেন কোচ।
তারপর আরও ঝাঁঝালো হয়ে উঠেছিল লাল-হলুদের আক্রমণভাগ। বক্সের বাইরে থেকে দুরপাল্লার শট ও নিয়েছিলেন সৌম্যা। কিন্তু পোস্টে প্রতিহত হয়েছিল সেটি। নাহলে অনায়াসেই চলে আসতে পারত দ্বিতীয় গোল। নির্ধারিত নব্বই মিনিটের পর অতিরিক্ত পাঁচ মিনিট সময় সংযুক্ত করা হয়েছিল ম্যাচ রেফারির তরফে। কিন্তু বদলায়নি ফলাফল।
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates