আবহাওয়ার উন্নতি হতেই জগদ্ধাত্রী পুজোর বিসর্জন শুরু চন্দননগর ও রিষড়ায় - 24 Ghanta Bangla News
Home

আবহাওয়ার উন্নতি হতেই জগদ্ধাত্রী পুজোর বিসর্জন শুরু চন্দননগর ও রিষড়ায়

Spread the love

এই সময়, চন্দননগর ও রিষড়া: টানা বৃষ্টির পর শনিবার সকালের পর থেকে হুগলিতে আর বৃষ্টি হয়নি। তবে সারা দিনই আকাশ মেঘলা ছিল। তারই মধ্যে চন্দননগরে এ দিন সকাল থেকে জগদ্ধাত্রী পুজোর বিসর্জন শুরু হয়। চন্দননগরে বিসর্জন শুরু হলেও রিষড়াতে অবশ্য এখনও জগদ্ধাত্রী পুজো চলছে। কারণ, সেখানে নবমী থেকে জগদ্ধাত্রী পুজো শুরু হয়।

দশমী থেকে অবিশ্রান্ত বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় সেখানে পুজোর আনন্দে ভাটা পড়েছিল। শনিবার বৃষ্টি কমায় রিষড়ার জগদ্ধাত্রী পুজো কমিটির কর্তারা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। ঘূর্ণিঝড়ের প্রভাবে একটানা বৃষ্টিতে চন্দননগরের জগদ্ধাত্রী শোভাযাত্রা পিছিয়ে দেওয়া হয়েছিল। গত ১৯ তারিখ ছিল জগদ্ধাত্রী পুজোর দশমী। নিয়ম অনুযায়ী প্রতি বছর দশমীর দিন সকাল থেকে বিকেল পর্যন্ত প্রতিমা বিসর্জন চলে। সন্ধ্যা থেকে হয় আলোকসজ্জা নিয়ে শোভাযাত্রা।

প্রায় ১০ কিলোমিটার রাস্তায় গাড়ি করে নগর প্রদক্ষিণ করেন জগদ্ধাত্রী। প্রাকৃতিক দুর্যোগে এবার সেই রীতিতে ছেদ পড়েছে। বৃষ্টি আর খারাপ আবহাওয়ার কারনে কোনও ঝুঁকি নিতে চায়নি কেন্দ্রীয় কমিটি ও প্রশাসন। শোভাযাত্রা স্থগিত করে দেওয়া হয়। আবহাওয়া ঠিক থাকলে, শোভাযাত্রা হওয়ার কথা আজ, রবিবার। তার আগেই এ দিন সকালে বৃষ্টি থামতেই ৪৪টি প্রতিমা বিসর্জন দেওয়া হয়। চন্দননগর রানিঘাট-সহ চন্দননগর, ভদ্রেশ্বরের ঘাটগুলোয় বিসর্জন চলে।

এবছর পুলিশ প্রশাসন মোট ৪৪৬টি পুজোর অনুমতি দিয়েছিল। চন্দননগর কেন্দ্রীয় কমিটির নিয়ন্ত্রণে চন্দনগর ও ভদ্রেশ্বরের মোট ১৮০টি পুজো হয়েছে। তার মধ্যে ৬৮টি পুজো শোভাযাত্রায় যোগ দেবে। মোট ২৪৫টি লরি থাকবে। চন্দননগরের মতোই শিল্পশহর রিষড়ায় জমজমাট জগদ্ধাত্রী পুজো হয়। তবে চন্দননগরে পঞ্চমী থেকে পুজো শুরু হলেও, রিষড়ায় নবমী তিথি থেকে পুজো শুরু হয়। রিষড়াতেও বিসর্জনের শোভাযাত্রা রবিবার হওয়ার কথা ছিল। কিন্তু দুর্যোগের কারণে সেটা পিছিয়ে মঙ্গলবার করেছে প্রশাসন ও রিষড়া জগদ্ধাত্রী পুজো কেন্দ্রীয় কমিটি।

তবে দুর্যোগ কেটে যেতেই হাসি ফুটেছে উদ্যোক্তাদের চোখমুখে। ৩৬তম বর্ষে নিউ বর্ণালি চক্রের ভাবনা ‘স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বীরাঙ্গনাদের আত্ম বলিদান।’ ব্রিটিশকে তাড়িয়ে, স্বাধীনতা ছিনিয়ে আনতেই লড়েছিল আজাদ হিন্দ বাহিনী, মইরাং-ইক্ষলে প্রথম তেরঙা ওড়ে। নেতাজির আহ্বানে, সেই দিন মইরাঙে লড়েছিলেন কেইনা ও এম. রান্ধনী। মরণভয় জয় করে দুই নারী শহিদ হন, যেন বাংলার প্রীতিলতা, মাতঙ্গিনী। তারও আগে আছে মণিপুরী নারী, বিদ্রোহে জাগ্রত।

ব্রিটিশ-বিরোধী আন্দোলনে যা ‘নূপি ল্যান’ নামে খ্যাত। যাঁরা আওয়াজ তুলে ছিলেন ‘বিনা মজুরিতে দেবো নাকো শ্রম, ব্রিটিশ শোষণ ছাড়ো’-হাজার পাঁচেক মণিপুরী নারী একসঙ্গে জড়ো হন। বাঁকুড়ার এক পুজো দালানের আদলে তৈরি হয়েছে বাচ্চুর পার্ক তরুণ দলের মণ্ডপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *