Tollywood Technician Death: শুটিং সেটে মর্মান্তিক মৃত্যু! মৃত টেকনিশিয়ানের পরিবারকে ২৫ লক্ষ টাকা সাহায্য চ্যানেল ও প্রযোজকের | Tollywood Technician Death: Channel and Producer Offer Rs 25 Lakh Aid to Family
কী বলেছেন বিধায়ক, অভিনেতা রুদ্রনীল ঘোষ?
টলিউড (Tollywood) জুড়ে এখন শুধুই মন খারাপের মেঘ। আলোর রোশনাইয়ের আড়ালে থাকা মানুষগুলোর জীবন যে কতটা ঝুঁকির, তা আরও একবার দেখিয়ে দিল শুক্রবারের সন্ধ্যা। শুটিং সেটে কাজ করতে গিয়ে অকালে প্রাণ হারালেন ৩২ বছরের টেকনিশিয়ান চন্দ্রকান্ত সোইন। চ্যানেল ও প্রযোজনা সংস্থার তরফে মৃতের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ২৫ লক্ষ টাকা।
কীভাবে ঘটল এই ভয়াবহ দুর্ঘটনা?
ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ। হরিদেবপুর থানা এলাকার জোকা নারায়ণী স্টুডিওতে একটি রিয়্যালিটি শোয়ের শেড তৈরির কাজ চলছিল। ওড়িশার কোণার্কের বাসিন্দা চন্দ্রকান্ত আর্ট সেটিং বিভাগে কাজ করতেন। সিঁড়ি লাগিয়ে প্রায় ২০ ফুট উঁচুতে উঠে একটি ফ্লেক্স লাগাচ্ছিলেন তিনি। আচমকাই বিদ্যুতের শক লেগে নিচে পড়ে যান। তড়িঘড়ি তাঁকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
ময়নাতদন্তের পর সন্ধ্যায় টেকনিশিয়ান স্টুডিওতে তাঁর দেহ আনা হয়। সহকর্মীরা চোখের জলে বন্ধুকে শেষ বিদায় জানান। ওড়িশার কোণার্ক থেকে পরিবারের লোকেরা কলকাতায় এসে দেহ নিয়ে গিয়েছেন, সেখানেই তাঁর শেষকৃত্য হবে। চ্যানেল এবং প্রযোজক-পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় মিলে চন্দ্রকান্তর পরিবারকে মোট ২৫ লক্ষ টাকা সাহায্য করেছেন।
অভিনেতা ও বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ সোশাল মিডিয়ায় এই খবর সামনে এনেছেন। তিনি জানিয়েছেন, দুর্ঘটনার সময় থেকে শেষ বিদায় পর্যন্ত আর্ট সেটিং বিভাগের সংগ্রাম কর্মকার-সহ বাকি টেকনিশিয়ানরা প্রতি মুহূর্তে বন্ধুকে আগলে রেখেছিলেন। এই একতাকে সম্মান জানিয়েছেন তিনি। পাশাপাশি দায়িত্ববোধের জন্য ফেডারেশন এবং আইনি সাহায্যের জন্য হরিদেবপুর থানা, ঠাকুরপুকুর থানা ও বিধায়ক শংকর শিকদারকেও ধন্যবাদ জানান রুদ্রনীল।
সুরক্ষা নিয়ে মুখ্যমন্ত্রী ও সরকারের উদ্যোগ
দুর্ঘটনার পর আপাতত ওই সেটের সব কাজ বন্ধ রাখা হয়েছে। সুরক্ষা নিশ্চিত করেই ফের কাজ শুরু হবে। তবে শুধু ক্ষতিপূরণ যে স্থায়ী সমাধান নয়, তা স্পষ্ট করেছেন রুদ্রনীল।
মুখ্যমন্ত্রী ও সরকারের উদ্যোগের কথা তুলে ধরে তিনি লেখেন, “মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর শুটিং চলাকালীন সেফটি সিকিউরিটি নিয়ে কয়েক মাস আগেই উদ্যোগী হয়েছেন, ইন্ডাস্ট্রির অভিজ্ঞ মানুষদের মতামত নিয়েছেন, নিয়ম গড়ছেন।”
রুদ্রনীল আরও জানান, আগামী ডিসেম্বরে ফেডারেশনের নতুন কমিটি তৈরি হলেই টেকনিশিয়ানরা প্রযোজক ও শিল্পীদের সঙ্গে বসে স্থায়ী নিয়মের পথে হাঁটবেন এবং সরকারকে জানাবেন। এর মধ্যে থাকবে বিমা, ঝুঁকিপূর্ণ কাজে সুরক্ষা, নিরাপত্তার জন্য আলাদা বাজেট বরাদ্দ এবং নিজেদের নিয়ম মেনে চলার বিষয়। তাঁর কথায়, দুর্ঘটনা যে কোনও মুহূর্তে ঘটতে পারে, তবে সচেতনতা ও সতর্কতা প্রাণ বাঁচিয়ে দেয়। সবার প্রাণ সমান দামি। প্রয়াত চন্দ্রকান্তর আত্মার শান্তিও কামনা করেছেন তিনি।