সুপ্রিম কোর্টের বিচারপতি ভেবে ওয়েইসিকে ‘গার্ড অফ অনার’! UP পুলিশের ‘ভ্রান্তিবিলাস’-এ তোলপাড়, তদন্তের নির্দেশ
বিশাল কনভয় এসে দাঁড়াতেই পটাপট স্যালুট। শুরু হলো গার্ড অফ অর্নার। তার পরে আচমকাই থমকালেন পুলিশকর্মীরা। হতভম্ব খোদ ‘গার্ড অফ অনার’ পাওয়া নেতাও। আজব ‘ভ্রান্তিবিলাস’-এ মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসিকে ‘গার্ড অফ অনার’ দিয়ে বসলেন পুলিশকর্মীরা। শনিবার এমনই কাণ্ড ঘটেছে উত্তরপ্রদেশের সাহারনপুরে।
জানা গিয়েছে, শনিবার, ২১ নভেম্বর সাহারানপুরের সার্কিট হাউসে এক সুপ্রিম কোর্টের বিচারপতির আসার কথা ছিল। তাঁকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানাতে সকাল থেকেই প্রস্তুতি নিচ্ছিল পুলিশ। সেই মতো সার্কিট হাউসের প্রবেশপথে মোতায়েন করা হয়েছিল পুলিশের একটি বিশেষ দল। কিন্তু বিচারপতি পৌঁছনোর আগেই সেখানে এসে হাজির হন হায়দরাবাদের সাংসদ তথা AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। আর তাঁকেই বিচারপতি ভেবে দিয়ে দেওয়া হলো ‘গার্ড অফ অনার’! উত্তরপ্রদেশের সাহারানপুরে পুলিশের এমনই অদ্ভুত কাণ্ড ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে শোরগোল। ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রশাসনিক গাফিলতির অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার।
বড় কনভয় দেখেই কি ভুল?
সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার সকাল ১১টা নাগাদ সার্কিট হাউসে পৌঁছন আজাদ সমাজ পার্টি (কাঁশিরাম)-র প্রধান চন্দ্রশেখর আজাদ। প্রায় ২০ মিনিট পরে সেখানে পৌঁছন ওয়েইসি। তাঁর সঙ্গে ছিল একাধিক গাড়ির কনভয় এবং নিরাপত্তারক্ষীরা। পুলিশের অনুমান, ওয়েইসির সঙ্গে থাকা বিশাল নিরাপত্তাবাহিনী দেখেই বিভ্রান্তি তৈরি হয়ে থাকতে পারে।
বিচারপতির জন্য অপেক্ষারত পুলিশকর্মীরা ওয়েইসির কনভয়কে আসতে দেখে তাঁকেই সেই বিশিষ্ট অতিথি ভেবে বসেন। এর পরে নিয়ম মেনে তাঁকে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়। পুলিশকর্মীদের স্যালুটের সামনে দাঁড়িয়ে সেই অভ্যর্থনা গ্রহণও করেন ওয়েইসি। পরে অবশ্য ভুল বুঝতে পারেন কর্তব্যরত কর্মীরা। বিষয়টি জানানো হয় ঊর্ধ্বতন আধিকারিকদের।
কী বললেন ওয়েইসি?
ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে ওয়েইসি জানিয়েছেন, কী ভাবে এমন ঘটনা ঘটল, তা তিনি নিজেও বুঝতে পারেননি। পুলিশকর্মীরা তাঁকে দাঁড়াতে বলেছিলেন। তাঁদের নির্দেশ মেনেই দাঁড়িয়েছিলেন তিনি। অর্থাৎ, ইচ্ছাকৃত ভাবে ওই সম্মান গ্রহণ করার কোনও পরিকল্পনা তাঁর ছিল না বলেই দাবি AIMIM প্রধানের।
তদন্তের নির্দেশ পুলিশের
ঘটনার কথা স্বীকার করেছেন সাহারানপুরের পুলিশ আধিকারিকরাও। পুলিশ সুপার (সিটি) ব্যোম বিন্দল জানিয়েছেন, সুপ্রিম কোর্টের বিচারপতির জন্যই গার্ড অফ অনারের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু ভুলবশত সাংসদ ওয়াইসিকে সেই সম্মান দিয়ে ফেলেন কর্তব্যরত পুলিশকর্মীরা। ঘটনাটি অনিচ্ছাকৃত হলেও কী ভাবে এমন ভুল হলো, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
সাহারানপুরের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (SSP) গ্রামীণ পুলিশ সুপারকে তদন্তের দায়িত্ব দিয়েছেন। তদন্তে পাওয়া তথ্য ও প্রমাণের ভিত্তিতে নিয়ম মেনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় প্রশ্ন উঠছে, যে বিশিষ্ট ব্যক্তিকে স্বাগত জানানোর জন্য এত আয়োজন, তাঁকে চিনবেন না দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা? তদন্ত শুরু হলেও সমালোচনার ঝড় থামছে না।
২০২৭-এর বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা
উল্লেখযোগ্য বিষয়, আগামী ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা বাড়িয়েছেন ওয়েইসি ও চন্দ্রশেখর আজাদ। সম্প্রতি দুই নেতার উদ্যোগে তৈরি হয়েছে ‘সামাজিক পরিবর্তন মোর্চা’ (SPM)। নির্বাচনে একসঙ্গে লড়াই করার লক্ষ্যেই এই নতুন রাজনৈতিক মঞ্চ।
সেই জোটের প্রস্তুতি এবং আসন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করতেই সাহারানপুরে গিয়েছিলেন দুই নেতা। সেখানে তাঁদের যৌথ সাংবাদিক বৈঠক হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল হয়। পরে দু’জনে জেলাশাসকের দপ্তরে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন।
একজন সুপ্রিম কোর্টের বিচারপতির জন্য নির্ধারিত সরকারি প্রোটোকল কী ভাবে একজন রাজনৈতিক নেতার ক্ষেত্রে প্রয়োগ হয়ে গেল, তা নিয়েই এখন প্রশ্ন উঠছে। বিশেষ করে, উত্তরপ্রদেশের মতো রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ রাজ্যে নির্বাচনের আগে এই ঘটনা প্রশাসনিক প্রস্তুতি ও পুলিশের সমন্বয় নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে।