Sharadwat Mukherjee: ডাক্তার, নার্সদের গায়ে হাত তুললেই কড়া শাস্তি, মানসিক আঘাতেও হবে জেল? বড় পদক্ষেপ স্বাস্থ্য দফতরের | West Bengal Government Enforces 2009 Law to Protect Doctors and Healthcare Workers, Up to 3 Years Jail for Assault
শারদ্বত মুখোপাধ্যায়Image Credit: Tv9 Bangla
কলকাতা: কলকাতা মেডিক্যাল কলেজে বিক্ষোভের পর এবার কঠোর অবস্থানে রাজ্য সরকার। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে হামলা রুখতে কড়া পদক্ষেপ রাজ্যের। চিকিৎসক, নার্স, স্বাস্থ্য়কর্মীদের উপর হামলা-হুমকিতে আরও কোনও শিথিলতা বরদাস্ত নয়। ২০০৯ সালে পুরনো আইন কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলাশাসক, পুলিশ কমিশনার, পুলিশ সুপারদের উদ্দেশে নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর।
কী পদক্ষেপ করা হয়েছে?
অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হবে। হাসপাতালের সম্পত্তির ক্ষতি হলে অভিযুক্তের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে।
কী জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী?
স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বলেন, “এই পদক্ষেপটা কেন এতদিন নেওয়া হয়নি, তাতেই তো আমি হতবাক। এই পদক্ষেপ করার জন্য আমরা প্রত্যেকটি জেলার জেলাশাসক, কলকাতার পুলিশ কমিশনার নগরপাল। তাঁদের আমরা চিঠি দিয়ে জানিয়েছি। এখন থেকে কোনও চিকিৎসাকর্মীর কোনও অসম্মানজনক ঘটনা ঘটলে, দৈহিক বা মানসিক কোনও আঘাত ঘটলে, তার জন্য আমাদের এই আইন বলবৎ হবে। এই আইন বলবৎ না হওয়ার জন্য লোকে আসকারা পেয়েছে। যাতে পরবর্তীকালে কোনও চিকিৎসক, কোনও স্বাস্থ্যকর্মীকে মানসিক নির্যাতন, অপমান, দৈহিকভাবে আঘাত করার আগে ভাববে যে আইন আছে। জামিন অযোগ্য অপরাধ এটা।”
গত বুধবার দিনভর ছাত্র বিক্ষোভে উত্তপ্ত ছিল কলকাতা মেডিক্যাল কলেজ। আটজন ইন্টার্নকে শোকজের প্রতিবাদে দফায় দফায় অশান্তি ছড়ায় কলেজ চত্বরে। পরে এবিভিপির বিরুদ্ধে আন্দোলনকারী চিকিৎসক-পড়ুয়াদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে। অশান্তি চলাকালীন অধ্যক্ষকে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখারও অভিযোগ ওঠে।
এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী এই ঘটনায় অতি বামেদের নিশানা করেছিলেন। বলেন,”চিকিৎসকদের মারধর করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে। কিছু মানসিক মাওবাদী, ১০ থেকে ১৫ করছেন, যাঁরা দাবি করছেন, তাঁরা নাকি ১২৫০ জন ছাত্র-ছাত্রী পড়ুয়া, ইন্টার্নদের নাকি তাঁরা প্রতিনিধি। সেই জন্য বললাম মুষ্টিমেয় কয়েকজন ১০ থেকে ১৫ জন ছাত্র, তাঁদের ঔদ্ধত্য এমন জায়গায় পৌঁছেছে, যে চিকিৎসক-শিক্ষকদের গায়ে হাত দেওয়া শুরু করেছেন।”