‘বাবার হাতে বন্দুক, আমাদের মেরে ফেলবে!’ ৯১১-তে ভয়ার্ত কিশোরীর ফোন, তার পরেই গুলির শব্দ…
‘বাবার হাতে বন্দুক রয়েছে! আমাদের গুলি করে মারার হুমকি দিচ্ছে!’ আতঙ্কিত কিশোরীর এই আর্তনাদই ভেসে এসেছিল আমেরিকার জরুরি নম্বর ৯১১-তে। কিন্তু খবর পেয়ে পুলিশ পৌঁছনোর আগেই ঘটে যায় ভয়াবহ ঘটনা। ফোনের অন্য প্রান্তে আচমকাই শোনা যায় একাধিক গুলির শব্দ। তার পরেই লাইন কেটে যায়। ঘটনাস্থলে পৌঁছে একই বাড়ি থেকে উদ্ধার হয় চারজনের দেহ। মৃতদের মধ্যে রয়েছেন আমেরিকার পারডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা, তাঁর স্বামী এবং তাঁদের দুই নাবালিকা মেয়ে। প্রাথমিক তদন্তে ঘটনাটিকে খুন ও আত্মহত্যার ঘটনা বলে মনে করছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে ইন্ডিয়ানা প্রদেশের ওয়েস্ট লাফায়েত শহরের। গত ১৮ নভেম্বর, বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ শাইনিং আর্মর লেনের একটি বাড়ি থেকে জরুরি ফোন আসে পুলিশের কাছে। পরিবারের দুই মেয়ের মধ্যে একজন ফোন করে জানায়, তাঁর বাবা বন্দুক নিয়ে পরিবারের সদস্যদের গুলি করে মারার হুমকি দিচ্ছেন। ৯১১-এ ফোন করে পুলিশকর্মীদের সঙ্গে কথোপকথনের মাঝেই শোনা যায় একাধিক গুলির শব্দ। তার পরেই কেটে যায় ফোন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। মৃতরা হলেন পারডু বিশ্ববিদ্যালয়ের ৫৩ বছর বয়সি অধ্যাপিকা জুলি টাকাচ, তাঁর ৫১ বছরের স্বামী থমাস এবং তাঁদের দুই মেয়ে ক্যাথারিন (১৭) ও লরেন (১৬)।
ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, জুলি ও তাঁর দুই মেয়ের শরীরে একাধিক গুলির আঘাত ছিল। তাঁদের মৃত্যু খুন হিসেবে চিহ্নিত হয়েছে। অন্য দিকে, থমাসের মাথায় গুলির আঘাত পাওয়া যায়। তাঁর মৃত্যুকে আত্মহত্যা বলে জানিয়েছে মেডিক্যাল পরীক্ষকের দপ্তর। পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রী ও দুই মেয়েকে খুনের পর আত্মঘাতী হয়েছেন থমাস।
এই ঘটনায় আরও একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। থমাস নিজেই টিপেকানো কাউন্টি শেরিফের দপ্তরের কর্মী ছিলেন। ২০২৪ সালের জুলাইয়ে জেল ডেপুটি হিসেবে কাজে যোগ দিয়েছিলেন তিনি। পরে আদালত চত্বরের নিরাপত্তার দায়িত্ব পান। তাই তদন্তের দায়িত্ব নিয়েছে ইন্ডিয়ানা স্টেট পুলিশ।
অন্য দিকে, জুলি পারডু বিশ্ববিদ্যালয়ের হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজ়ম ম্যানেজমেন্ট বিভাগের ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন। এর আগে সাউথ ডাকোটা স্টেট ইউনিভার্সিটিতে পড়াতেন তিনি। সেখানে বর্ষসেরা শিক্ষিকার সম্মানও পেয়েছিলেন।
পরিবারের চার সদস্যের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে পারডু বিশ্ববিদ্যালয়। দুই মেয়ের স্কুল হ্যারিসন হাইস্কুলেও শোকের পরিবেশ। পড়ুয়া ও কর্মীদের জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে। তবে কেন এই ভয়াবহ ঘটনা ঘটল, পরিবারের মধ্যে আগে কোনও অশান্তি বা হিংসার ইতিহাস ছিল কি না, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।
FAQs
প্রশ্ন ১: আমেরিকার ইন্ডিয়ানায় একই পরিবারের চারজনের মৃত্যু কী ভাবে হয়েছে?
উত্তর: ইন্ডিয়ানার ওয়েস্ট লাফায়েতে একটি বাড়ি থেকে পারডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা জুলি টাকাচ, তাঁর স্বামী থমাস এবং তাঁদের দুই মেয়ের দেহ উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রী ও দুই মেয়েকে খুনের পর আত্মহত্যা করেছেন থমাস।
প্রশ্ন ২: ৯১১-তে ফোন করে কিশোরী কী জানিয়েছিল?
উত্তর: পরিবারের দুই মেয়ের মধ্যে একজন জরুরি নম্বর ৯১১-তে ফোন করে জানায়, তাঁর বাবার হাতে বন্দুক রয়েছে এবং তিনি পরিবারের সদস্যদের গুলি করে মারার হুমকি দিচ্ছেন। ফোনে কথোপকথনের মাঝেই একাধিক গুলির শব্দ শোনা যায়।
প্রশ্ন ৩: মৃত পারডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকার নাম কী?
উত্তর: মৃত অধ্যাপিকার নাম জুলি টাকাচ। ৫৩ বছর বয়সি জুলি পারডু বিশ্ববিদ্যালয়ের হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজ়ম ম্যানেজমেন্ট বিভাগের ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন।
প্রশ্ন ৪: ইন্ডিয়ানার ঘটনায় মৃত চারজনের পরিচয় কী?
উত্তর: মৃতরা হলেন অধ্যাপিকা জুলি টাকাচ (৫৩), তাঁর স্বামী থমাস (৫১) এবং তাঁদের দুই মেয়ে ক্যাথারিন (১৭) ও লরেন (১৬)।
প্রশ্ন ৫: পুলিশ কেন ঘটনাটিকে খুন ও আত্মহত্যার ঘটনা বলে মনে করছে?
উত্তর: ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, জুলি ও তাঁর দুই মেয়ের শরীরে একাধিক গুলির আঘাত ছিল। তাঁদের মৃত্যু খুন হিসেবে চিহ্নিত হয়েছে। অন্য দিকে, থমাসের মাথায় গুলির আঘাত পাওয়া যায় এবং তাঁর মৃত্যুকে আত্মহত্যা বলে জানিয়েছে মেডিক্যাল পরীক্ষকের দপ্তর।
প্রশ্ন ৬: অভিযুক্ত থমাসের সঙ্গে পুলিশের কী যোগ ছিল?
উত্তর: থমাস টিপেকানো কাউন্টি শেরিফের দপ্তরে কর্মরত ছিলেন। ২০২৪ সালের জুলাইয়ে জেল ডেপুটি হিসেবে কাজে যোগ দেন তিনি। পরে আদালত চত্বরের নিরাপত্তার দায়িত্বও পান।
প্রশ্ন ৭: পারডু বিশ্ববিদ্যালয় কী প্রতিক্রিয়া জানিয়েছে?
উত্তর: পরিবারের চার সদস্যের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে পারডু বিশ্ববিদ্যালয়। তাঁদের দুই মেয়ের স্কুল হ্যারিসন হাইস্কুলেও শোকের পরিবেশ তৈরি হয়েছে। পড়ুয়া ও কর্মীদের জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে।