Neena Gupta: ৭০ বছরের অমীমাংসিত অঙ্কের রহস্যভেদ, বিশ্বমঞ্চে উজ্জ্বল কলকাতার নীনা গুপ্তা | From Kolkata to TIME100 Next India 2026: Neena Gupta's Inspiring Journey in Mathematics - 24 Ghanta Bangla News
Home

Neena Gupta: ৭০ বছরের অমীমাংসিত অঙ্কের রহস্যভেদ, বিশ্বমঞ্চে উজ্জ্বল কলকাতার নীনা গুপ্তা | From Kolkata to TIME100 Next India 2026: Neena Gupta’s Inspiring Journey in Mathematics

Spread the love

Neena Gupta: ৭০ বছরের অমীমাংসিত অঙ্কের রহস্যভেদ, বিশ্বমঞ্চে উজ্জ্বল কলকাতার নীনা গুপ্তা

নীনা গুপ্তাImage Credit: x

কলকাতা: অঙ্ক (Mathemetics) মানে অনেকের কাছেই ভয়ের বিষয়। কিন্তু, অনেকের কাছে সেই অঙ্ক শুধু হিসাব মেলানো নয়, বরং নতুন প্রশ্ন তোলা, প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানানো এবং অজানা রহস্যের সন্ধান করা। সেই দর্শনেই নিজের গবেষণার জগৎ তৈরি করেছেন কলকাতার মেয়ে নীনা গুপ্তা (Neena Gupta)। গণিতের জগতে এই অসাধারণ অবদানের স্বীকৃতিও পেলেন এবার। ৭০ বছরের পুরনো একটি গাণিতিক সমস্যার সমাধান করে  টাইমের ‘১০০ নেক্সট ইন্ডিয়া’-র তালিকায় জায়গা করে নিলেন তিনি। জানা গিয়েছে, স্বাস্থ্য ও বিজ্ঞান উদ্ভাবক (Health and Science Innovators) বিভাগে জায়গা পেয়েছেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বা আইএসআই (ISI)-এর অধ্যাপক নীনা।

তবে এই স্বীকৃতি একদিনে আসেনি। প্রায় সাত দশক ধরে গণিতবিদদের কাছে অমীমাংসিত হয়ে থাকা একটি জটিল সমস্যার সমাধানে নতুন দিশা দেখিয়ে ২০১৪ সালে আন্তর্জাতিক মহলে পরিচিতি পান তিনি। অ্যালজেব্রিক জিওমেট্রির (Algebraic Geometry) গবেষণায় তাঁর সেই আবিষ্কার গণিতের জগতে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে ওঠে। আর সেই সাফল্যের পিছনে রয়েছে ছোটবেলা থেকে গড়ে ওঠা অঙ্কের প্রতি আগ্রহ, মায়ের উৎসাহ এবং নতুন কিছু জানার অদম্য কৌতূহল।

কলকাতার স্কুল-কলেজ থেকে আন্তর্জাতিক গবেষণার মঞ্চ

১৯৮৪ সালে কলকাতায় জন্ম নীনা গুপ্তার। ছোটবেলা থেকেই গণিতের ধাঁধা সমাধান করতে ভালবাসতেন তিনি। তাঁর এই আগ্রহ তৈরির পিছনে বড় ভূমিকা ছিল মা জ্ঞানলতা গুপ্তার। মেয়ের পাশাপাশি ছেলেকেও বিভিন্ন অঙ্কের সমস্যা সমাধানের প্রতিযোগিতায় উৎসাহ দিতেন তিনি। সেই থেকেই প্রশ্ন করা, যুক্তি দিয়ে ভাবা এবং নতুন সমাধান খোঁজার অভ্যাস তৈরি হয় নীনার।

গণিতকে পেশা হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্তও আসে কলেজ জীবনে। এক সিনিয়রের পরামর্শে বেথুন কলেজের গণিত অনার্স কোর্স করেন। ২০০৬ সালে স্নাতক হওয়ার পর কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে (ISI) স্নাতকোত্তর পড়াশোনা শুরু করেন। ২০০৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর অ্যালজেব্রিক জিওমেট্রিতে গবেষণা শুরু করেন।

তবে তাঁর এই যাত্রা খুব একটা সহজ ছিল না। স্নাতকোত্তর পড়ার সময় গণিতের ক্লাসে একমাত্র মহিলা ছিলেন নীনা। সেই অভিজ্ঞতা থেকেই বিজ্ঞান ও গণিতের মতো ক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর প্রয়োজনীয়তা আরও ভালোভাবে উপলব্ধি করেন তিনি। পরবর্তী সময়ে বারবার মেয়েদের বিজ্ঞান ও গণিত নিয়ে পড়াশোনা এবং গবেষণায় এগিয়ে আসার বার্তা দিয়েছেন এই অধ্যাপক।

 কী সেই ৭০ বছরের পুরনো গাণিতিক সমস্যা?

নীনা গুপ্তার আন্তর্জাতিক পরিচিতির পিছনে রয়েছে ২০১৪ সালের একটি যুগান্তকারী গবেষণা। প্রায় সাত দশক ধরে গণিতবিদদের ভাবিয়ে তোলা জারিস্কি ক্যানসেলেশন প্রবলেমের (Zariski Cancellation Problem) একটি বিশেষ সংস্করণের ক্ষেত্রে কাউন্টার-এক্সাম্পল খুঁজে পান তিনি। ১৯৪৯ সালে গণিতবিদ অস্কার জারিস্কি এই সমস্যাটি উত্থাপন করেছিলেন।

সহজভাবে বললে, এই সমস্যার মূল প্রশ্ন হল, দুটি গাণিতিক কাঠামোর সঙ্গে অতিরিক্ত একটি মাত্রা যুক্ত করার পর যদি তারা সমতুল্য হয়ে যায়, তাহলে কি ধরে নেওয়া যায় যে অতিরিক্ত মাত্রা যুক্ত করার আগেও তাদের গঠন একই ছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতেই দীর্ঘদিন ধরে গবেষণা চালাচ্ছিলেন গণিত বিশেষজ্ঞরা।

নীনা গুপ্তা দেখান, অসমান গাণিতিক কাঠামোও অতিরিক্ত মাত্রা যুক্ত হওয়ার পর সমতুল্য হয়ে উঠতে পারে। এর জন্য তিনি আসানুমা (Asanuma) নির্মিত একটি ত্রিমাত্রিক অ্যাফাইন ভ্যারাইটি ব্যবহার করে ধনাত্মক বৈশিষ্ট্যের ক্ষেত্রে একটি কাউন্টার-এক্সাম্পল তুলে ধরেন। তাঁর এই গবেষণা দীর্ঘদিনের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানায়। আন্তর্জাতিক গণিত গবেষণার মহলেও আলোড়ন তৈরি হয় তাঁর কাজ নিয়ে।

টাইম ১০০ নেক্সট ইন্ডিয়া 

গবেষণার স্বীকৃতি হিসেবে একের পর এক সম্মান পেয়েছেন নীনা গুপ্তা। ২০১৪ সালে ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স অ্যাকাডেমির ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড পান তিনি। এরপর ২০১৯ সালে গণিত বিজ্ঞানে দেশের অন্যতম সর্বোচ্চ স্বীকৃতি শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার অর্জন করেন।

২০২১ সালে উন্নয়নশীল দেশগুলির তরুণ গণিতবিদদের জন্য রামানুজন পুরস্কার পান নীনা। এই সম্মান পাওয়া তৃতীয় মহিলা তিনি। ২০২২ সালে তাঁকে দেওয়া হয় নারী শক্তি পুরস্কার। একই বছর আন্তর্জাতিক গণিতবিদ সম্মেলনে (International Congress of Mathematicians) বক্তব্য রাখার আমন্ত্রণও পান তিনি।

এখানেই শেষ নয়। ২০২৩ সালে TWAS-CAS ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড ফর ফ্রন্টিয়ার সায়েন্স এবং ২০২৪ সালে ইনফোসিস পুরস্কার পান এই গণিতবিদ। অ্যালজেব্রিক জিওমেট্রি ও কমিউটেটিভ অ্যালজেব্রায় তাঁর অবদানের স্বীকৃতি হিসেবেই এই সম্মান দেওয়া হয় তাঁকে। ২০২৫ সালে অ্যাসোসিয়েশন ফর উইমেন ইন ম্যাথমেটিক্স এবং আমেরিকান ম্যাথমেটিক্যাল সোসাইটির উদ্যোগে আয়োজিত ৪৪তম এমি নোয়েথার লেকচার দেন তিনি।

এবার সেই সাফল্যের মুকুটে আরও একটি পালক। টাইম ১০০ নেক্সট ইন্ডিয়া-র তালিকায় জায়গা করে নিলেন কলকাতার এই গণিতবিদ।

আগামী প্রজন্মের মেয়েদের কাছে অনুপ্রেরণা

ছোটবেলায় মায়ের সঙ্গে অঙ্কের ধাঁধা সমাধান থেকে শুরু করে সাত দশকের পুরনো গাণিতিক সমস্যাকে চ্যালেঞ্জ জানানো—নীনা গুপ্তার এই যাত্রা নিছক সাফল্যের গল্প নয়। বরং কৌতূহল, অধ্যবসায় এবং প্রচলিত ধারণার বাইরে গিয়ে ভাবার সাহস থাকলে কত দূর এগনো যায়, তারই উদাহরণ।
বিশেষ করে গণিত ও বিজ্ঞানের মতো ক্ষেত্রে ভবিষ্যৎ গড়তে চাওয়া মেয়েদের কাছে নীনা গুপ্তার জীবন এক বড় অনুপ্রেরণা। তাঁর সাফল্য মনে করিয়ে দেয়, এই ক্ষেত্রগুলিতে শুধু অংশগ্রহণ নয়, নতুন আবিষ্কার করা এবং গবেষণার ভবিষ্যৎ বদলে দেওয়ার ক্ষমতাও রয়েছে মেয়েদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *