Mamata and Ritabrata: ঋতব্রতদের বিপাকে ফেলতে বড় চাল মমতার শিবিরের | Mamata Banerjee party logged FIR Against Ritabrata banerjee team
কলকাতা: কেউ ট্রাকে কেউ লরি, আসল প্রমাণে গাদা গাদা নথি নির্বাচন কমিশনে জমা দিয়েছে তৃণমূলের দুই শিবির। এই আবহের মধ্যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরকে বিপাকে ফেলতে চাল কালীঘাট তৃণমূলের। গণতান্ত্রিক তৃণমূলের দুই প্রধান ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata baneree) এবং অরূপ রায়ের (Arup Roy) বিরুদ্ধে নানুর থানায় অভিযোগ দায়ের। কালীঘাট তৃণমূলের পক্ষে অভিযোগ দায়ের করলেন শুভাশীষ চক্রবর্তী। ওই দুই বিধায়ক ছাড়াও নানুর থানার ওসি সঞ্জয় সরকার এর বিরুদ্ধে ও অভিযোগ দায়ের হয়েছে।
কে আসল তৃণমূল আৎ কে নকল, সেই প্রমাণের জন্য নির্বাচন কমিশনে নথি দিয়ে এসেছে তৃণমূলের দুই পক্ষই। এই আবহের মধ্যেই সম্প্রতি,সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, থানায় বসে ঋতব্রতর হলফনামা সই করেছে পুলিশ। ভুয়ো হলফনামা জমা দিয়েছেন ঋতব্রত। তাঁর এই দাবির স্বপক্ষে প্রমাণও রয়েছে বলে জানিয়েছেন অভিষেক। সাংসদের দাবি, সব ভিডিয়ো রয়েছে তাঁর কাছে। সব ফুটেজ তিনি সুপ্রিম কোর্টে ও কমিশনে তিনি জমা দেবেন বলে জানিয়েছেন। দরকারে হাইকোর্টে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ।
এরপরই অভিযোগ দায়ের হয় থানায়। ওই থানার সাব ইন্সপেক্টর গোলক ঘোষের বিরুদ্ধেও অভিযোগ দায়ের। কালীঘাট তৃণমূলের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “এই নথি পাঠাতে কত পরিশ্রম আর কত খরচা হয়, আমরা জানি। কোর্টের থেকে স্ট্যাম্প কেনা এটা বিরাট খরচার ব্যাপার। আমার ধারনা বিজেপি পুলিশকে শিখিয়ে দিয়েছে ওদের সাহায্য করার জন্য।” রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান বলেন, “১০-১৫ দিন হয়ে গেল আমরা নথি দিয়েছি। যুবরাজ এতদিন বলছিল ওরাই প্রতীক পাবেন। ওরা বুঝে গেছে আমরা সঠিক তথ্য জমা দিয়েছি। প্রতীক পাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।”