ধূসর বেকারত্ব: কবি জীবনানন্দ দাশের আর্থিক অনটন ও কবিতার আখ্যান
দুলালেন্দু সরকার
কবি বসে আছেন ময়দানের একটি বেদিতে। গাছের ছায়ায় বসে ভাবছেন, কী করে জীবিকা নির্বাহ করবেন। চাকরিটা আর নেই। ভাড়াবাড়িতে থাকেন। বাড়িওয়ালা নোটিস দিয়ে দিয়েছে, বাড়ি ছাড়তে হবে। কারণ ভাড়ার টাকা বাকি। তাঁর স্ত্রী তাঁর সঙ্গে কথা বলেন না। সন্তানেরা মলিন মুখে ঘুরে বেড়ায়। তাঁকে এখন কিছু একটা করতে হবে।
আচ্ছা, ছেড়ে আসা পূর্ববঙ্গের বাড়িটা কি এখনও আছে? আর টলটলে জলের পুকুরটা? কলমিশাকে ভরে থাকত তার পাড়। মা তাঁকে নিয়ে যেতেন পুকুর ঘাটে। ডুব দিয়ে স্নান করা শেখাতেন। বলতেন, ‘দ্যাখো, দ্যাখো! কলমিশাকের ডগাগুলো কেমন সাঁতরে চলে আসছে এ-পারে। কলমিশাকের ডগা খেতে খুব সুস্বাদু। তোমাকে খাওয়াব।’
বালক আহত হতো। অমন সুন্দর লতা সে আগে দেখেনি। জলের ওপর দিয়ে সাঁতার কেটে কেমন চলে আসছে এ-পারে। মা কেন ওই লতাকে তুলবে? রান্না করে কেন খাওয়াবে?
ময়দানের দিক থেকে ফুরফুরে হাওয়া আসছে। তিনি দেখতে পেলেন একটি মেয়ে যেন সেই হাওয়ার সঙ্গে ভেসে আসছে। ওর গায়ের রং কলমিশাকের রঙের মতো ধূসর। ওর ছিপছিপে শরীরখানা কলমিশাকের ডগার মতো লতানো। কাছে আসছে মেয়ে। এবার ওর মুখখানা দেখতে পেলেন কবি। কলমিশাকের ফুলের মতো প্রস্ফুটিত। তবে এই মেয়ে কি সেই বনলতা সেন? কবি মনে মনে বললেন, ‘না না, আমি আর বনলতা সেনকে নিয়ে ভাবতে চাই না। আর কোনও কবিতা ওকে নিয়ে লিখতে চাই না। আমি ছিন্নমূল। আমার পায়ের তলায় মাটি নেই। আমার একটা চাকরি চাই। আমার স্ত্রীর মুখে হাসি চাই। সন্তানের মুখে হাসি চাই।’
মেয়েটি কবিকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। চৈত্রমাসের পোড়া রোদে ঝমঝম করছে দুপুরটা। মেয়েটির কপালে বিজবিজে ঘাম। মেয়েটি কবিকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। এই চলে যাওয়ার মধ্যে কোনও ছন্দ আছে কি? কবির মাথায় ভাবনা জট পাকায়। ধানসিঁড়ি নদীর জলে স্নান সেরে হাঁসেরা কি এই ভঙ্গিতে হেঁটে যেত?
মেয়েটি কিছুটা এগিয়ে গিয়ে আবার ফিরে এল। বলল, ‘আচ্ছা, এখান থেকে কলেজস্ট্রিট যাওয়ার সোজা পথ কোনটা বলতে পারবেন?’
কবি তার মুখের দিকে তাকালেন। কাছ থেকে দেখে একটু বিচলিত হলেন। মেয়েটি বোধ হয় খুব পরিশ্রান্ত। তিনি ভাবলেন ওকে এখানে দু’দণ্ড বসতে বললে কেমন হয়? তার পর ভাবলেন না— তা ঠিক হবে না। তিনি বললেন, ‘হ্যাঁ বলতে পারব, কিন্তু রাস্তাগুলোর নাম তো জানি না। চলুন আমিও ওদিকে যাব।’
পথে মেয়েটি একটা কথাও বলল না। কবি নিজের মনে অনেক কথা বললেন। কলেজস্ট্রিট এসে গেলে মেয়েটি মুখ টিপে হেসে বইয়ের ভিড়ে মিশে গেল।
কবি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তার চলে যাওয়া দেখলেন।
এই সময়ে কবির সঙ্গে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের দেখা হলো। বীরেন্দ্র এই সময়ের প্রতিবাদী কবি। মননে তিনি কমিউনিস্ট। দুজনে এসে বসলেন একটা বন্ধ দোকানের সামনে। কবি বীরেন্দ্রকে বললেন, ‘কেমন আছেন? এখন কোথায় থাকছেন?’
দু’জনেই পূর্ববঙ্গের মানুষ। ছিন্নমূল। ভাড়াবাড়িতে থাকেন। মাঝে মাঝেই বাসা বদলাতে হয়। বীরেন্দ্র বললেন, ‘ভালো আছি। আপনি?’ তার পর কবির মুখের দিকে তাকিয়ে বললেন, ‘এখন কী লিখছেন? কোনও বই ছাপা হচ্ছে কি?’
কবি কবিতার মধ্যে ঢুকলেন না। তাঁর এখন একটা চাকরি চাই। ভালো একটা ঠিকানা চাই। লাবণ্যের মুখে হাসি চাই। ছেলেমেয়েদের প্রাণোচ্ছল জীবন চাই।
দু’জনে পাশাপাশি বেশ কিছুক্ষণ বসে রইলেন। বীরেন্দ্র জানেন এই কবি স্বভাব লাজুক। নির্জনতার কবি। ভিড়ের মধ্যে থেকেও কী করে নির্জন হওয়া যায়, তা এই কবিকে দেখলে বোঝা যায়।
বীরেন্দ্র উঠে দাঁড়ালেন। বললেন, ‘আমার একটু তাড়া আছে। আজ আসি।’ এই বলে তিনি কাঁধের ব্যাগ থেকে একটা কবিতার বই বের করে তাঁর হাতে দিলেন। যে বইয়ের রচয়িতা স্বয়ং তিনি। যে বই তিনি নিজের পয়সা খরচ করে ছেপেছেন।
কবি দু’হাত পেতে গ্রহণ করলেন সেই বই। পৃষ্ঠা উল্টে দেখে নিলেন বইয়ের দাম। তার পর পকেট থেকে পয়সা বের করে দাম দিতে গেলেন। বীরেন্দ্র হা হা করে উঠলেন। বললেন, ‘আরে না না, কী করছেন আপনি! এ বই আমি আপনাকে পড়তে দিলাম। দয়া করে দাম দেবেন না। শুধু পড়ে যদি মতামত জানান, খুশি হব।’
কবি বললেন, ‘তা হয় না বীরেন্দ্রবাবু। গাঁটের কড়ি খরচ করে বই ছাপানো যে কত কষ্টের, তা আমি জানি। আপনি না করবেন না। কথা দিচ্ছি আপনার প্রতিটা কবিতা মন দিয়ে পড়ব। মতামতও জানাব।’
দু’জনেই কবি। দু’জনেরই আর্থিক অনচ্ছল জীবন। কর্মসংস্থান নেই। আজ যে কাজ থাকে, কাল তা থাকে না। বাড়িতে অশান্তি। তার মধ্যে কবিতা লেখা। সেই সব সন্তানসম লেখা নিয়ে প্রকাশকের দ্বারে দ্বারে ঘোরা। কেউ প্রায় পড়েই দেখেন না। দু’-একজন কথা দেন ছাপবেন বলে। কিন্তু কবিতার বইয়ের প্রকাশক প্রায় নেই। অনটনের সংসারে দু’জনে পয়সা বাঁচিয়ে বই ছাপেন। তবে বীরেন্দ্র চট্টোপাধ্যায় কবিতার বই বেশি ছাপেন। এবং সেই বই তিনি নিজে বিক্রি করেন। তাঁর কাঁধের ঝোলায় ভর্তি থাকে কবিতার বই। পথে ঘাটে, হাটে বাজারে গিয়েও তিনি বিক্রি করতে দ্বিধা করেন না। কবি তা জানেন। সেই জন্য তিনি দাম দিয়ে বইটি কিনে নিলেন।
কবি বসে রইলেন। তাঁর উদাস দৃষ্টির মধ্যে সহসা একটি ছেলে এসে দাঁড়াল। বছর পঁচিশের ছেলেটিকে দেখে তিনি বিহ্বল হয়ে পড়লেন। এই ছেলেটিকে তিনি কি চেনেন? কোথায় যেন তাকে তিনি দেখেছেন। ভাবতে ভাবতে মনে পড়ে গেল। সেদিন সকালে তিনি একটা কাজে বেরিয়েছেন, হঠাৎ একটি ছেলে এসে একটা কাগজে লেখা ঠিকানা দেখিয়ে বললেন, ‘দাদা, স্কুলটা কোথায় বলতে পারেন? দশটার সময়ে আমার চাকরির পরীক্ষা, কিন্তু স্কুলটা কিছুতেই খুঁজে পাচ্ছি না।’
উদ্বিগ্ন সেই ছেলেটির মুখের দিকে তাকিয়ে তিনি বলেছিলেন, ‘না ভাই, আমি তো ঠিক চিনি না। তুমি অন্য কাউকে জিজ্ঞেস করো।’
ছেলেটি চলে গেলে কবির খুব আফসোস হয়েছিল। তিনি তো সত্যিই অনেক কিছু চেনেন না। নিজের প্রতিবেশীকেও কি চেনেন? এর জন্য লাবণ্যর কাছে বকা খেতে হয়। লাবণ্য কখনও ছেলে মেয়েদের কবির সঙ্গে বাইরে যেতে দেন না। কবির দুঃখ হয়। আবার ভাবেন, ঠিকই করেন লাবণ্য। এমন অন্যমনস্ক মানুষের হাতে কাউকে সঁপে দেওয়া ঠিক না। চাকরির উম্মেদার ছেলেটি একা একা হেঁটে যাচ্ছে। তার মুখখানি সে দিনের তুলনায় আজ যেন অনেকখানি করুণ, অসহায়। তা হলে ও কি ওই পরীক্ষাটা দিয়ে চাকরিটা পায়নি? কবির ইচ্ছে হলো, ওকে ডেকে পাশে বসায়। জানতে চায় তার কথা। কিন্তু ডাকলেন না। দেখলেন ভিড়ের মধ্যে সে-ও হারিয়ে গেল।
সন্ধে হয়ে এল। রাস্তার আলো জ্বলে উঠল। কবি উঠে দাঁড়ালেন। তাঁর এখন আর কোনও কাজ নেই। বাসায় ফিরতেও ইচ্ছে হলো না। তিনি আবার ময়দানের দিকে মুখ করে হাঁটা দিলেন। ধূসর আকাশ তাঁর প্রিয়। এই আকাশে পাখিদের উড়তে দেখলে তাঁর মন উতলা হয়ে যায়। বরিশালের গ্রামের কথা মনে পড়ে। কীর্তনখোলা নদীটির কথা মনে পড়ে। মনে পড়ে শোভনার কথা। একদিন কত কবিতা লিখেছেন তাকে নিয়ে। সবই যেন বৃথা। তিনি লিখেছেন, ‘একদিন – একরাত প্রেমেরে পেয়েছি তবু কাছে! –/ আকাশ চলেছে – তার আগে আগে
প্রেম চলিয়াছে!’
ট্রাম লাইন ধরে হাঁটছেন কবি। সবুজ ঘাসের বুক চিরে দুটি ধাতব লৌহপাত সমান্তরাল চলে গেছে দূরে। ট্রাম তো যখন তখন আসে না। আর তার চলার গতিও মন্থর। অন্য যানবাহনের মতো ট্রাম শব্দ দূষণ ছড়ায় না বাতাসে। তাঁর হাঁটতে ভালো লাগে।
এলোমেলো হেঁটে অবশেষে তিনি ময়দানের ওই বেদিটার ওপর এসে বসলেন। এখন আকাশে অনেক নক্ষত্র ভেসে উঠেছে। নক্ষত্র তাঁর কবিতায় বার বার উঠে এসেছে। তিনি তাঁর প্রিয় নক্ষত্রদের দিকে মুখ তুলে তাকালেন না। কবিতায় তিনি আর ডুব দিতে চান না।
এই সময়ে তাঁর বুদ্ধদেব বসুর কথা মনে পড়ল। এই শহরে এমন গুণী মানুষ আছেন! কবিতায় তাঁর বিশ্বজ্ঞান তাঁকে মুগ্ধ করে। তাঁর কাছে বসলে সময় কোথা দিয়ে যে চলে যায়! আর তাঁর স্ত্রী প্রতিভা দেবী এক মহীয়সী নারী। রাজযোটক তাঁরা। তাঁদের বাড়ির নাম ‘কবিতা ভবন’। বাস্তবে
যথার্থই নাম।
কবি ভাবলেন, একবার বুদ্ধদেব বসুকে বলবেন তাঁর বেকার জীবনের কথা। পারিবারিক অশান্তির কথা। বলবেন যে কোনও ধরনের একটা চাকরির কথা। একটু থিতু না হলে তিনি যে লেখায় ফিরতে পারছেন না— সে কথাও।
মনে মনে ভাবলেন বটে, কিন্তু বুদ্ধদেব বাবুর কাছে যাওয়ার কোনও উদ্যোগ নিলেন না। সেখানে গিয়ে বসলে যে তিনি জগতের সব কিছু ভুলে যান। শুধু কবিতা। শুধু কবিতার জন্য এ জীবন, তা তিনি উপলব্ধি করেন।
এই সময়ে তাঁর একটু ঝিমুনি এল। ক্লান্তি আর অবসাদ তাঁর ভাবনার জগৎটাকে ক্রমশ গিলে ফেলছে। তিনি বেদির ওপরেই কাত হয়ে শুয়ে পড়লেন, এবং নিমেষে ঘুমিয়ে পড়লেন।
ঘুমের মধ্যে স্বপ্ন এল। স্বপ্নে এল কবিতা। তিনি লিখলেন—
পৃথিবীর অন্ধকার অধীর বাতাসে গেছে ভ’রে,—
শস্য ফলে গেছে মাঠে, — কেটে নিয়ে চলে গেছে চাষা;
নদীর পাড়ের বন মানুষের মতো শব্দ ক’রে
নির্জন ঢেউয়ের কানে মানুষের মনের পিপাসা,—
দরজায় কে দাঁড়িয়ে? কার ছায়া? শোভনা, না কি বনলতা? না না, আর কোনও নারীর কাছে তিনি ফিরতে চান না। তিনি দু’দণ্ড শান্তির জন্য আর কাঙাল হতে চান না। বাস্তব বড় কঠোর। সহজে ধরা দেয় না সে পৃথিবী।
ঘুমিয়ে ঘুমিয়ে কবি দেখলেন আকাশের সব নক্ষত্র ময়দানের ঘাসের ওপর নেমে এসেছে। এত কাছ থেকে তিনি কখনও নক্ষত্রদের দেখেননি। তিনি দেখলেন আকাশের নক্ষত্র মাটিতে নেমে এসে সেই একই রকম সমুজ্জ্বল হয়ে আছে। আর সেই বিষাদ মেয়েটি আর সেই বেকার যুবকটি মুখোমুখি বসে আছে। ওদের মুখে কোনও কথা নেই। ওদের মাঝখানে পড়ে আছে এক আকাশ নক্ষত্র। ওরা একদিন পৃথিবীর শ্রেষ্ঠ নর আর নারী হবে।
তাঁর গায়ে হাত দিয়ে কেউ ডাকছে। গভীর ক্লান্তির ঘুমের মধ্য থেকে তিনি মুখ তুলে দেখলেন দুপুরের সেই বাদামওয়ালা লোকটি, যার থেকে এক ঠোঙা বাদাম কিনে তিনি খেয়েছিলেন। আজ সারাদিনে আর তিনি কিছুই খাননি। তাঁর খুব খিদে পেয়েছে।
বাদামওয়ালা বলল, ‘বাবু অনেক রাত হয়েছে যে, বাড়ি ফিরবেন না? চারদিক দেখুন কেমন নির্জন হয়ে গেছে।’
কবি উঠে বসলেন। মুখে অপ্রস্তুত হাসি এনে বললেন, ‘এই ফিরব। তোমারও তো ভাই দেরি হয়ে গেল। চলো এক সঙ্গে ফিরি।’
দু’জন দু’ধরনের মানুষ পাশাপাশি হাঁটছেন। তাঁদের সঙ্গে সঙ্গে চলেছে ময়দানের নির্জনতা। তবে সেই এক আকাশ নক্ষত্র আর সেই ছেলেটি-মেয়েটিকে দেখতে পেলেন না। বাদামওয়ালা লোকটি এবার কথা বলল। বলল, ‘বাবু, আমি তো বাঁ
দিকে যাব। আপনি তো সোজা যাবেন। সাবধানে যাবেন।’
এবার তিনি একা হাঁটছেন। জনমানবশূন্য পথ। ময়দানের দিক থেকে শীতল হাওয়া এসে তাঁকে স্পর্শ করছে। তাঁর মনে পড়ছে বরিশালের বাড়ির কথা। বাড়ির কাছেই তো কীর্তনখোলা নদী। তিনি প্রায়ই তো সেই নদীর ধারে হাঁটতে যেতেন। কীর্তনখোলা নদীর বুক থেকে যে হাওয়া ভেসে এসে তাঁকে স্পন্দিত করত, সেই একই হাওয়া আজ যেন ময়দানের নির্জন অন্ধকার চিরে ভেসে আসছে। কবির মন সহসা আনন্দে দুলে উঠল। কবিতা, কবিতা আসছে কত দিন পর। যে ভাবে, শোভনা, বনলতা সেন একদিন এসেছিল জীবনে।