Rajasthan Election: বিজেপিকে ছাপিয়ে গেল কংগ্রেস, রাজস্থানে পঞ্চায়েত নির্বাচনে জয়জয়কার হাত শিবিরের | Rajasthan Panchayat Poll Results: Congress Sweeps Rural Elections, BJP trails
রাজস্থানে জয় কংগ্রেসেরImage Credit: PTI
জয়পুর: রাজস্থানের পঞ্চায়েত ভোটে বড় জয় পেল কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনে গেরুয়া শিবিরকে পিছনে ফেলে বিপুল আসনে জয় পেয়েছে হাত শিবির। পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদ…সর্বত্রই উড়ল কংগ্রেসের বিজয় পতাকা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,পঞ্চায়েত সমিতির ৩৭০০-র বেশি আসনে জয়ী হয়েছে কংগ্রেস। অন্যদিকে, বিজেপির ঝুলিতে গিয়েছে ২,২০০-র কম আসন।
জেলা পরিষদ নির্বাচনেও সাফল্য পেয়েছে কংগ্রেস। সেখানে ৫৯৯টি আসনে জয় পেয়েছে হাত শিবির। সেখানে বিজেপির আসন সংখ্যা ৩০১। অন্যদিকে, রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে উল্লেখযোগ্য ফলাফল করেছে সিপিএম। ভারতের এই রাজ্যে জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতিতে লাল ঝান্ডার প্রভাব দেখা গেল। পঞ্চায়েত সমিতিতে সিপিআইএম পেয়েছে ৫০টি আসন, আর জেলা পরিষদে পেয়েছে ৭টি আসন
অন্য দলগুলির মধ্যে হনুমান বেনিওয়ালের রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি (RLP) পেয়েছে ৪৯৬টি পঞ্চায়েত সমিতির আসন। ভারত আদিবাসী পার্টি (BAP) পেয়েছে ২৭৬টি, বহুজন সমাজ পার্টি (BSP) ৬০টি । আম আদমি পার্টির ঝুলিতে গিয়েছে মাত্র দু’টি আসন। নির্দল প্রার্থীরা জয়ী হয়েছেন ৬২৭টি আসনে।
এই জয়ের পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় লেখেন, “গ্রামের মানুষ সবকিছু দেখছিলেন, সবকিছু সহ্য করছিলেন। এবার তাঁরা নিজেদের কথা জানিয়েছেন। এটা শুধু রাজস্থানের রায় নয়, দেশের প্রতিটি গ্রামের মানুষের কণ্ঠস্বর।”
উল্লেখযোগ্য বিষয় হল, গত সেপ্টেম্বরে রাজস্থানের পুরসভা নির্বাচনে উল্টো ছবি দেখা গিয়েছিল। সেই নির্বাচনে রাজ্যের ১০টি পুরনিগমের মধ্যে ন’টিতেই মেয়র পদ পেয়েছিল বিজেপি। পাশাপাশি ২০৪টি পুরসভায় বোর্ড গঠন করেছিল গেরুয়া শিবির। সেখানে কংগ্রেস বোর্ড গঠন করেছিল ৯৬টি পুরসভায়।