Prachi Desai: বিবাহিত রোহিত শেট্টির সঙ্গে প্রেমের গুঞ্জন, হঠাৎ ‘উধাও’ জনপ্রিয় অভিনেত্রী! এবার পোস্ট করে কী বললেন প্রাচী দেশাই? | Actress Prachi Desai Returns to Instagram After 18 Months Amid Past Affair Rumours With director Rohit Shetty
রোহিত শেট্টি (বাঁদিকে), প্রাচী দেশাই (ডানদিকে)Image Credit: TV9 Marathi
মুম্বই: মিষ্টি হাসি। পর্দায় সরল, সাদাসিধে মেয়ে। পর্দায় তাঁকে দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। নিজের কেরিয়ার শুরু করেছিলেন ছোটপর্দার হাত ধরেই। এরপর একের পর এক ছবিতে অভিনয় করে সাড়া ফেলেন। আর সেই সময়ই তাঁর নাম জড়িয়ে পড়েছিল বলিউডের জনপ্রিয় পরিচালক রোহিত শেট্টির সঙ্গে। এমনকী, তাঁদের সম্পর্কের জেরে রোহিতের দাম্পত্য জীবনেও ভাঙন ধরার পরিস্থিতি তৈরি হয়েছিল বলে গুঞ্জন ছড়ায়। তারপর দীর্ঘদিন অভিনয় জগতে দেখা যায়নি ‘রক অন’ এই অভিনেত্রীকে। সোশ্যাল মিডিয়াতেও তাঁকে দেখা যায়নি। এবার সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি পোস্ট ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। সেখানে কী লিখলেন ‘রক অন’ অভিনেত্রী প্রাচী দেশাই?
মাত্র ১৭ বছর বয়সে টেলিভিশনে পা রাখেন প্রাচী দেশাই। ২০০৬ সালে একতা কাপুরের জনপ্রিয় ধারাবাহিক ‘কসম সে’-র হাত ধরে ছোটপর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। এই ধারাবাহিকে নিজের থেকে ১৫ বছরের বড় অভিনেতা রাম কাপুরের সঙ্গে অভিনয় করেছিলেন প্রাচী। অভিনয়ের পাশাপাশি নাচেও যথেষ্ট দক্ষ তিনি। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও কাজ করেছেন। এমনকী, নাচের রিয়্যালিটি শো ‘ঝলক দিখলা যা’-তেও অংশ নিয়েছিলেন। ২০০৭ সালে এই শোয়ের দ্বিতীয় সিজনের বিজয়ী হন অভিনেত্রী।
রোহিত শেট্টির সঙ্গে প্রেমের গুঞ্জন-
২০০৮ সালে ‘রক অন’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন প্রাচী দেশাই। এরপর ‘লাইফ পার্টনার’, ‘আই, মি অউর ম্যায়’, ‘পুলিশগিরি’, ‘আজহার’, ‘রক অন ২’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই’, ‘বোল বচ্চন’ এবং ‘তেরি মেরি কাহানি’-র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।
India.com-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ‘বোল বচ্চন’ ছবির শুটিং চলাকালীন প্রাচী দেশাই এবং পরিচালক রোহিত শেট্টি একে অপরের ঘনিষ্ঠ হয়ে পড়েন। সেই সময় রোহিত বিবাহিত ছিলেন। ওই প্রতিবেদন অনুযায়ী, স্ত্রীকে ছেড়ে প্রাচীর সঙ্গে থাকতে শুরু করেন তিনি। যদিও সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। পরে নিজের পরিবারের কাছেই ফিরে যান রোহিত। তবে এই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কখনও বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী।
দেড় বছর পর সোশ্যাল মিডিয়ায় ফিরলেন প্রাচী-
বর্তমানে অভিনয় জগৎ থেকে অনেকটাই দূরে রয়েছেন প্রাচী দেশাই। হাতে এই মুহূর্তে কোনও নতুন প্রজেক্টও নেই। ২০২৪ সালে মুক্তি পাওয়া থ্রিলার ছবি ‘সাইলেন্স ২: দ্য নাইট আউল বার শ্যুটআউট’-এ শেষবার দেখা গিয়েছিল তাঁকে।
গত কয়েক বছর ধরেই পর্দা এবং সোশ্যাল মিডিয়া— দুই জায়গা থেকেই কার্যত উধাও ছিলেন অভিনেত্রী। ২০২৫ সালের ১০ জুন ছিল তাঁর শেষ সোশ্যাল মিডিয়া পোস্ট। এরপর প্রায় দেড় বছর কেটে গিয়েছে। অবশেষে সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের কয়েকটি ছবি পোস্ট করেছেন প্রাচী। ছবির সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘অস্তিত্বের প্রমাণ’।
দীর্ঘদিন অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় দেখা না যাওয়ায় অনুরাগীদের মনে প্রশ্ন উঠেছিল, কোথায় রয়েছেন প্রাচী দেশাই? নতুন পোস্টের মাধ্যমে যেন সেই প্রশ্নেরই উত্তর দিলেন অভিনেত্রী। তাঁর এই প্রত্যাবর্তন ঘিরে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে অনুরাগীদের মধ্যে।