GTA VI: ৪৪ বছর পর 'কামব্যাক', ভিডিও গেম GTA VI-এর রেডিওতে শোনা যাচ্ছে বাংলা গান! | GTA VI Features Bengali Song, Rupa Biswas' 'Aaj Shanibar' Heard On Worldwide FM - 24 Ghanta Bangla News
Home

GTA VI: ৪৪ বছর পর ‘কামব্যাক’, ভিডিও গেম GTA VI-এর রেডিওতে শোনা যাচ্ছে বাংলা গান! | GTA VI Features Bengali Song, Rupa Biswas’ ‘Aaj Shanibar’ Heard On Worldwide FM

Spread the love

GTA VI: ৪৪ বছর পর 'কামব্যাক', ভিডিও গেম GTA VI-এর রেডিওতে শোনা যাচ্ছে বাংলা গান!

জিটিএ সিক্সImage Credit: Rockstar Games, Facebook

কলকাতা: ছোটবেলায় কম্পিউটারে GTA বা Grand Theft Auto আমরা অনেকেই খেলেছি। গেমের মধ্যে অন্ধকার জগতের সঙ্গে মেলামেশা, মিশন অনুযায়ী গেম খেলা – GTA বরাবর মিলেনিয়াল বা আর্লি জেন জিদের কাছে নস্টালজিয়া। দীর্ঘ ১৩ বছর পর মুক্তি পেয়েছে GTA-র পরবর্তী সিজন, GTA VI। এই গেম নিয়ে একপ্রকার উন্মাদ হয়ে গিয়েছে গোটা বিশ্ব কারণ এটি এমন একটি গেম, যে গেম খেলার জন্য মুখিয়ে থাকেন গোটা বিশ্বের নানা প্রান্তের গেমাররা।

তবে গেমটি গত ১৯ নভেম্বর মুক্তি পাওয়ার পরেই বঙ্গে হুড়োহুড়ি পরে গিয়েছে। কারণ, এই গেমের রেডিওতে শোনা যাচ্ছে একটি বাংলা গান। এর আগে GTA – Vice City গেমের বাংলাদেশ ভার্শনে বাংলা গান শোনা যেত। শুধু গানই নয়, গেমের চরিত্রদের মধ্যে কথাও বাংলায় হত। কিন্তু সেই ভার্শন বানানো হয়েছিল মূলত দুই বাংলার গেমারদের জন্য। আসল গেমটি মুক্তি পেয়েছিল ২০০২ সালে। এর ঠিক ২ বছর পরে মুক্তি পেয়েছিল বাংলা ভার্শন। কিন্তু না, এবার আসল অর্থাৎ ইংরেজি ভার্শনে রয়েছে একটি বাংলা গান। অর্থাৎ, গোটা বিশ্বের সঙ্গে পরিচিত করানো হচ্ছে বাংলা গানকে।

কোন বাংলা গান শোনা যাবে GTA VI-এ?

গেমটির ‘Worldwide FM’ রেডিওতে শোনা যাবে রুপা বিশ্বাসের গান ‘আজ শনিবার’। এই রেডিও স্টেশনটি পরিচালনা করবেন ব্রিটিশ ডিজে ও সঙ্গীত পরিচালক জিলস পিটারসন। গেমের মধ্যে গাড়ি চালানোর সময় গাড়ির রেডিওতে ‘Worldwide FM’ চালালেই শোনা যাচ্ছে এই গানটি। বাংলা ভাষার সঙ্গে এই গানে রয়েছে হিন্দি ভাষার ব্যবহারও। ডিস্কো ও ফাঙ্ক সঙ্গীতের সঙ্গে সরোদ ও তবলার মতো ভারতীয় বাদ্যযন্ত্রের মেলবন্ধনও আছে এই গানে।

এই গানটি প্রথম প্রকাশ পায় ১৯৮২ সালে। রুপা বিশ্বাসের অ্যালবাম ‘ডিস্কো জাজ’ এর অন্যতম আকর্ষণ ছিল এই গান। কলকাতাতে বড় হয়েছেন রুপা। তাঁর বাবা ছিলেন মালদার জেলাশাসক। পরে ২০১৯ সালে অ্যালবামটি আবার প্রকাশিত হয়। গানটির সুর দিয়েছিলেন প্রখ্যাত সরোদশিল্পী আশিস খান ও প্রাণেশ খান। ১৯৮১ সালে রুপার একটি গান শোনার পর তিনি তাঁর সঙ্গে কাজ করতে আগ্রহী হন ও এই অ্যালবাম মুক্তি পায়।

GTA VI আসলে কী ধরণের গেম?

GTA বা Grand Theft Auto হল মার্কিন গেম নির্মাতা সংস্থা রকস্টার গেমস-এর একটি জনপ্রিয় অ্য়াকশন-অ্যাডভেঞ্চার গেম সিরিজ। এই গেমে খেলোয়াড়রা গেমের মধ্যে নির্মিত নানা চরিত্রকে নিয়ে আমেরিকার নানা শহরে স্বাধীনভাবে ঘুরতে, গাড়ি চলতে, শত্রুর সঙ্গে যুদ্ধ করতে, মিশন কমপ্লিট করতে ও নানা ধরণের কার্যকলাপে অংশ নিতে পারেন। এই গেমের পটভূমি কাল্পনিক মার্কিন শহর ‘লিওনিডা’ কে কেন্দ্র করে। এর প্রধান শহর ভাইস সিটি, যা মায়ামি শহরের আদলে তৈরি। গেমের মূল কাহিনীতে রয়েছে ২ চরিত্র – লুসিয়া ও জেসন। অপরাধজগতের সঙ্গে কিভাবে এই দুই চরিত্র জড়িয়ে পড়বে ও নানারকম অভিযান করবে, এই গল্প নিয়েই এগোচ্ছে এই গেমের গল্প। এর প্রধান আকর্ষণ হল এর ওপেন ওয়ার্ল্ড পরিবেশ, বাস্তবধর্মী আমেরিকা, গাড়ি চালানোর অভিজ্ঞতা। এবার সেই গেমের রেডিওতে মুক্তি পেল বাংলা গান। এই গেমটির দাম সাড়ে ৫০০০ টাকা থেকে সাড়ে ৭০০০ টাকা। গেমটি এই মুহূর্তে চলবে শুধুমাত্র XBOX ও PS5-এ । কম্পিউটারে খেলার অপেক্ষায় থাকা গেমারদের আপাতত গেম খেলার জন্য অপেক্ষা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *