৯/১১-র মতো হামলার আশঙ্কা? আল কায়দার বার্তা ঘিরে আমেরিকায় তীব্র সতর্কতা - 24 Ghanta Bangla News
Home

৯/১১-র মতো হামলার আশঙ্কা? আল কায়দার বার্তা ঘিরে আমেরিকায় তীব্র সতর্কতা

Spread the love


ওয়াশিংটন: আমেরিকার বিমান পরিবহণ ব্যবস্থাকে নিশানা করতে পারে জঙ্গিরা। আল কায়দা ও তাদের সহযোগী সংগঠনগুলির তরফে বিমান ছিনতাই এবং বিমানবন্দরে হামলার প্ররোচনা দেওয়ার অভিযোগ ঘিরে সতর্কতা জারি করল মার্কিন নিরাপত্তা সংস্থাগুলি। দেশের সমস্ত বিমান সংস্থা, বিমানবন্দর এবং পণ্যবাহী বিমান পরিচালনাকারীদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। FBI, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (DHS) এবং পরিবহণ নিরাপত্তা সংস্থা (TSA) যৌথভাবে এই সতর্কবার্তা দিয়েছে বলে CNN-এর প্রতিবেদনে জানানো হয়েছে।

আমেরিকায় থ্যাঙ্কসগিভিং উৎসবের ছুটির আগে এই সতর্কতা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই সময় দেশের অভ্যন্তরে বিমানযাত্রীর সংখ্যা অনেকটাই বেড়ে যায়। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (AAA) অনুমান, ২৪ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে প্রায় ৬০ লক্ষ মানুষ দেশের অভ্যন্তরে বিমানে যাতায়াত করবেন। তার আগেই জঙ্গি হামলার আশঙ্কা প্রকাশ করেছে নিরাপত্তা সংস্থাগুলি।

যৌথ সতর্কবার্তায় বলা হয়েছে, আল কায়দার সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠন ও তাদের সমর্থকেরা সাম্প্রতিক একটি বিমান ছিনতাইয়ের চেষ্টাকে উদাহরণ হিসেবে তুলে ধরছে। ওই ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর জন্যও প্ররোচনা দেওয়া হচ্ছে। বিশেষ করে আমেরিকা, ইজরায়েল এবং ইহুদি স্বার্থের সঙ্গে যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিশানা করার আহ্বান জানানো হয়েছে বলে দাবি।

গত সেপ্টেম্বর মাসে দুবাই থেকে তেল আভিভগামী একটি বিমানে এই ঘটনা ঘটেছিল। অভিযোগ, উড়ন্ত বিমানের ককপিটের ভিতরে কুড়ুল দিয়ে অন্য পাইলটের উপর হামলা চালান এক ব্যক্তি। হামলাকারীর নাম হামাম আল-হাম্মামি বলে জানা গিয়েছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছিলেন, আহত পাইলট পালটা প্রতিরোধ গড়ে তোলায় বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছিল। তাঁর আশঙ্কা ছিল, ঘটনাটি আরও ভয়াবহ হলে ৯/১১-র মতো বিপর্যয় ঘটতে পারত।

মার্কিন নিরাপত্তা সংস্থাগুলির সতর্কবার্তায় বিমানবন্দর ও বিমান সংস্থার কর্মীদের কয়েকটি বিশেষ লক্ষণের দিকে নজর রাখতে বলা হয়েছে। নিরাপত্তা পরীক্ষা এড়িয়ে যাওয়ার চেষ্টা, বৈধ কারণ ছাড়াই বিমানের পরিচালন ব্যবস্থা বা নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য জানার আগ্রহ এবং নির্দিষ্ট কোনও লাগেজ নিজে হাতে রাখার জন্য অতিরিক্ত জোর দেওয়াকে সন্দেহজনক আচরণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এ ছাড়াও বিমানবন্দরের প্রবেশের অনুমতিপত্র, কর্মীদের পোশাক কিংবা বিমান সংস্থার যোগাযোগের রেডিয়ো সেট রহস্যজনকভাবে নিখোঁজ হলে দ্রুত কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, বিদেশি জঙ্গি সংগঠনের আদর্শে অনুপ্রাণিত ব্যক্তিরা সব সময় সরাসরি সংগঠনের নির্দেশ মেনে হামলা চালান না। অনেক সময় খুব কম প্রস্তুতিতেই তাঁরা হিংসাত্মক পদক্ষেপ করতে পারেন। পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘাত আমেরিকা-বিরোধী মনোভাব আরও উসকে দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন সংস্থাগুলি।

সিন্ধু ভাগের চেষ্টা হলে করাচির রাস্তায় রক্ত ঝরবে! পাক সরকারকে হুঁশিয়ারি বিলাওয়ালের

খ্রিস্টানদের ছাপিয়ে যাবে ইসলাম? ২০৩৫ সালের ধর্মীয় জনসংখ্যা নিয়ে বড় পূর্বাভাস পিউয়ের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *